ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কার জয়, আন্দ্রেভারও উড়ন্ত সূচনা


ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কার জয়, আন্দ্রেভারও উড়ন্ত সূচনা

মৌসুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসে আরিনা সাবালেঙ্কা জয় দিয়ে যাত্রা শুরু করেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় বেলারুশিয়ান টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলসে গ্রুপ-২-এর প্রথম ম্যাচে ক্যারোলিনা মুচোভাকে ৭-৬ (৭-২), ৭-৫ গেমে পরাজিত করেছেন। একই গ্রুপে মিরা আন্দ্রেভাও এলিনা সিতোলিনাকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে জয় লাভ করেছেন।

দুই ঘণ্টার কাছাকাছি লড়াইয়ে সাবালেঙ্কা বেশ ভালোভাবে পরীক্ষা দিয়েছেন উইম্বলডন ফাইনালিস্ট মুচোভাকে। প্রথম সেটে দুবার সার্ভিস খুইয়ে পিছিয়ে পড়লেও, তিনি দুইবারই ব্রেক ফিরিয়ে ম্যাচে ফিরে আসেন। ৫-৪ গেমে মুচোভা যখন সেট জয়ের জন্য সার্ভ করছিলেন, তখন সাবালেঙ্কা তাকে ব্রেক করেন। পরে টাইব্রেকারে ৭-২ ব্যবধানে প্রথম সেটটি জয়লাভ করেন।

দ্বিতীয় সেটেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এগিয়ে যাওয়ার পর দুবার প্রতিপক্ষকে ব্রেক ফিরিয়ে দেওয়ার সুযোগ দেন সাবালেঙ্কা। তবে ৫-৫ গেমের পর মুচোভার সার্ভিস ভেঙে ৬-৫ ব্যবধানে এগিয়ে যান তিনি। এরপর নিজের সার্ভিস ধরে রেখে দ্বিতীয় ম্যাচ পয়েন্টেই জয় নিশ্চিত করেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী।

আরও পড়ুন: বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, “এটা কঠিন লড়াই ছিল। ওর বিপক্ষে ম্যাচ সব সময়ই কঠিন। ও খুব বুদ্ধিদীপ্ত খেলোয়াড়। তাই প্রতিটি মুহূর্তে মনোযোগী থাকতে হয়, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হয় এবং বুদ্ধি খাটিয়ে খেলতে হয়। জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুব খুশি।”

দিনের অন্য ম্যাচে, ১৯ বছর বয়সী আন্দ্রেভা সিতোলিনাকে দাঁড়াতেই দেননি। প্রথম সেটে ৬-৪ গেমে জয়লাভ করার পর, দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে কোনো গেমই জিততে দেননি। মাত্র ৭১ মিনিটে ম্যাচটি শেষ করেন ফ্রেঞ্চ ওপেনজয়ী এই রুশ তারকা। ম্যাচ জয়ের পথে দ্বিতীয় সেটে চারটি ব্রেক পয়েন্ট সামলাতে হলেও, শেষ পর্যন্ত জয় পেতে তাঁর কোনো সমস্যা হয়নি।

তবে ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন আন্দ্রেভা। অনুশীলনের সময় আমেরিকান জেসিকা পেগুলার সঙ্গে তাঁর কোচের কথোপকথন হট মাইকে ধরা পড়ে। সেখানে পেগুলাকে আন্দ্রেভাকে ‘ডিভা’ বলে মন্তব্য করতে এবং তাঁকে শিক্ষা দেওয়া প্রয়োজন বলে বলতে শোনা যায়। এ ঘটনায় খেলোয়াড়দের মাইক্রোফোন চালু থাকার বিষয়ে যথাযথভাবে না জানানোর জন্য ক্ষমা চেয়েছে ডব্লিউটিএ। সংস্থাটির চেয়ারম্যান ভ্যালেরি কামিলো জানিয়েছেন, অনুশীলনের সময় থেকে মাইক্রোফোনের অডিও বন্ধ রাখা হবে।

এমন পরিস্থিতির মধ্যেও কোর্টে জয় পেয়েছেন আন্দ্রেভা। ম্যাচ শেষে তিনি জানান, জয় পেলেও খেলতে গিয়ে প্রচণ্ড স্নায়ুচাপে ছিলেন। তাঁর ভাষায়, “কোর্টে নিজেকে এতটা নার্ভাস কখনো মনে হয়নি। মনে হচ্ছিল পা কাঁপছে। ম্যাচটি অত্যন্ত কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত জিততে পেরে আমি খুব খুশি।” এই চাপ সামলে জয় পাওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস বাড়বে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন: বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে

ডব্লিউটিএ ফাইনালসের গ্রুপ-১-এ রয়েছেন জেসিকা পেগুলা, কোকো গফ, লিন্ডা নস্কোভা ও মার্তা কস্তিউক। নিজেদের প্রথম ম্যাচে পেগুলাকে হারিয়েছেন স্বদেশি গফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ছাত্রলীগের ধর্মঘট, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ফটিকছড়িতে ছাত্রলীগের ধর্মঘট, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলছে

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাক দেওয়া ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি পালনের ঘটনা এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি সরকারি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সৈয়দ সৈয়দা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

এদিকে, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নেতা মুরাদ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে মুখ বাঁধা অবস্থায় "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" শ্লোগান দিতে দেখা যায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

এই ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, "বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমাকে কেউ জানায়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে জড়িত অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"

এ বিষয়ে বক্তব্য জানতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালো অভিনেত্রীরা আড়ালে, আলোচনায় শুধু ‘ফালতুরা’: শবনম ফারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ভালো অভিনেত্রীরা আড়ালে, আলোচনায় শুধু ‘ফালতুরা’: শবনম ফারিয়া

ঢাকাই শোবিজের কিছু তারকা ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কের কারণে আলোচনায় থাকার প্রবণতা নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া আক্ষেপ প্রকাশ করেছেন। তার মতে, দেশে অনেক প্রতিভাবান ও গুণী অভিনেত্রী রয়েছেন, যারা দর্শকদের মুগ্ধ করছেন নিজেদের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে। কিন্তু তাদের কাজ নিয়ে আলোচনা যতটা হওয়া উচিত, ততটা হচ্ছে না।

সম্প্রতি ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ফারিয়া নিজের পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, কিছু অভিনেত্রী শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন। তারা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসার চেষ্টা করেন না। তবে দর্শকদের আগ্রহ যেন তাদের প্রতি তুলনামূলকভাবে কম।

ফারিয়ার পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে জয়া আহসানের নাম। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, জয়ার রয়েছে অভিনয়ের বাইরেও নানা শখ। এরপর সানজিদা প্রীতির অভিনয় দক্ষতার প্রশংসা করেন তিনি। বিশেষ করে ‘স্পর্শের বাইরে’ সিরিজে তার অভিনয় ফারিয়াকে মুগ্ধ করেছে।

নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়েও ফারিয়া অকপটে মুগ্ধতার কথা জানান। তার ভাষায়, মৌসুমীর অভিনয় দেখলে নিজেরও তার মতো অভিনয় করতে ইচ্ছা হয়। অভিনেত্রীর পরিশ্রম ও সহজাত অভিনয় দক্ষতার প্রশংসা করেন তিনি। এছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয়ের বিশেষত্ব তুলে ধরে ফারিয়া বলেন, অর্ষা সংলাপের বাইরেও চোখের অভিব্যক্তি দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন।

পোস্টে আরও প্রশংসা করেছেন আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির। তার মতে, এসব অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও আলাদা পরিচিতি তৈরি করেছেন।

তবে পোস্টের শেষাংশে এসে শবনম ফারিয়া তার আক্ষেপ স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ভালো অভিনয়, মার্জিত কথাবার্তা ও ব্যক্তিত্বের চেয়ে তারকাদের পোশাকের দাম কিংবা বিদেশে ব্যক্তিগত জীবনযাপনের বিষয়গুলো নিয়েই বেশি মাতামাতি করেন অনেকে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ধারণা তৈরি হচ্ছে যে, শোবিজে যেন শুধুমাত্র বিতর্কিত ও অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জয়জয়কার। বিষয়টি মোটেও এমন হওয়ার কথা নয় বলেই মনে করেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় গ্রেপ্তার পলাতক সহকারী শিক্ষক, স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ঢাকায় গ্রেপ্তার পলাতক সহকারী শিক্ষক, স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়

যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি সহকারী শিক্ষক ইমরান হোসেন (৩৮) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১-এর বউবাজার বটতলা এলাকা থেকে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান।

গ্রেপ্তার হওয়া ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই ছাত্রী বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের বাথরুমে গেলে সহকারী শিক্ষক ইমরান হোসেন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় ইমরান হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর ১৭। মামলা দায়েরের পর থেকে ইমরান আত্মগোপনে ছিলেন।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান কালের কণ্ঠকে জানান, তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মিরপুর-১-এর বউবাজার বটতলা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর আসামি ইমরানকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গত ২৮ অক্টোবর বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন এবং দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। দোকানগুলোরও ভাঙচুর করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

পরে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যান। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বটতলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%