প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাই শোবিজের কিছু তারকা ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কের কারণে আলোচনায় থাকার প্রবণতা নিয়ে অভিনেত্রী শবনম ফারিয়া আক্ষেপ প্রকাশ করেছেন। তার মতে, দেশে অনেক প্রতিভাবান ও গুণী অভিনেত্রী রয়েছেন, যারা দর্শকদের মুগ্ধ করছেন নিজেদের অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে। কিন্তু তাদের কাজ নিয়ে আলোচনা যতটা হওয়া উচিত, ততটা হচ্ছে না।
সম্প্রতি ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ফারিয়া নিজের পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন। তিনি বলেন, কিছু অভিনেত্রী শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন। তারা অপ্রয়োজনীয় কর্মকাণ্ড বা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসার চেষ্টা করেন না। তবে দর্শকদের আগ্রহ যেন তাদের প্রতি তুলনামূলকভাবে কম।
ফারিয়ার পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে জয়া আহসানের নাম। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, জয়ার রয়েছে অভিনয়ের বাইরেও নানা শখ। এরপর সানজিদা প্রীতির অভিনয় দক্ষতার প্রশংসা করেন তিনি। বিশেষ করে ‘স্পর্শের বাইরে’ সিরিজে তার অভিনয় ফারিয়াকে মুগ্ধ করেছে।
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়েও ফারিয়া অকপটে মুগ্ধতার কথা জানান। তার ভাষায়, মৌসুমীর অভিনয় দেখলে নিজেরও তার মতো অভিনয় করতে ইচ্ছা হয়। অভিনেত্রীর পরিশ্রম ও সহজাত অভিনয় দক্ষতার প্রশংসা করেন তিনি। এছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয়ের বিশেষত্ব তুলে ধরে ফারিয়া বলেন, অর্ষা সংলাপের বাইরেও চোখের অভিব্যক্তি দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন।
পোস্টে আরও প্রশংসা করেছেন আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির। তার মতে, এসব অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও আলাদা পরিচিতি তৈরি করেছেন।
তবে পোস্টের শেষাংশে এসে শবনম ফারিয়া তার আক্ষেপ স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ভালো অভিনয়, মার্জিত কথাবার্তা ও ব্যক্তিত্বের চেয়ে তারকাদের পোশাকের দাম কিংবা বিদেশে ব্যক্তিগত জীবনযাপনের বিষয়গুলো নিয়েই বেশি মাতামাতি করেন অনেকে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ধারণা তৈরি হচ্ছে যে, শোবিজে যেন শুধুমাত্র বিতর্কিত ও অপ্রয়োজনীয় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জয়জয়কার। বিষয়টি মোটেও এমন হওয়ার কথা নয় বলেই মনে করেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন