মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত নেইমার। একাধিক অস্ত্রোপচারের প্রভাব তাঁর শরীরে কতটা পড়েছে, তা বোঝাতে গিয়ে ২০৩০ সালকে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বছর হিসেবে উল্লেখ করেছেন ব্রাজিলের এই তারকা। তাঁর মতে, হাঁটুর বর্তমান অবস্থা নিয়ে অন্য কেউ খেলোয়াড়ি জীবনের মেয়াদ সম্পর্কে ধারণা করতে পারবেন না।
ব্রাজিলের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার জানিয়েছেন, ২০৩০ সালে তিনি মিডিয়াভিত্তিক ফুটবল প্রতিযোগিতা কিংস লিগে খেলতে চান। তখন তাঁর বয়স হবে ৩৮ বছর। বিষয়টি শুনে গুয়েদেস বিস্ময় প্রকাশ করেন। তাঁর ধারণা, নেইমারের সামনে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আরও পাঁচ-ছয় বছর খেলার সামর্থ্য রয়েছে।
নেইমার গুয়েদেসের প্রশ্নের জবাবে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘তোমার যদি আমার মতো হাঁটু থাকত, তাহলে বুঝতে পারতে।’
৩৪ বছর বয়সী নেইমার একাধিক গুরুতর চোট ও অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। শারীরিক সমস্যার প্রভাব তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি করেছে। তবে ২০৩০ সালকে অবসরের সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করলেও সেটি আনুষ্ঠানিক অবসরের ঘোষণা নয়।
ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। কিংবদন্তি পেলের গোলসংখ্যা ছাড়িয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্লাব ফুটবলেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। বার্সেলোনার হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, পাশাপাশি স্পেন ও ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও একাধিক শিরোপা জিতেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তানভীর রহমান (২৯) নামে এক যুবক। তার হাতে ও পিঠে ছুরিকাঘাত করে তিন থেকে চারজন ছিনতাইকারী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম জামে মসজিদের পাশে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।
তানভীর কেরানীগঞ্জের আটিবাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতের বড় ভাই হাসান জানিয়েছেন, ছিনতাইকারীরা তানভীরের কাছ থেকে একটি আইফোন ও মানিব্যাগ ছিনতাই করে। ব্যাগে ছয়-সাত হাজার টাকা ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর শিবপুরে একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সহযোগিতায় ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় চালকের বাড়ির সামনে রাখা একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনূর মিয়া জানান, দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এদিকে সোমবার রাত ২টা ৩৪ মিনিটের দিকে নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিদ্দিক মুন্সি (৬২), শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে অগ্নিসংযোগের উদ্দেশ্যে অকটেন নিয়ে অবস্থান করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তিনটি গ্রামে বাস করা মানুষের সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শ। বিদ্যালয়ের পথে একটি বড় খাল রয়েছে। খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর একটি সেতুর অভাবের কারণে শুধু শিক্ষার্থীদের নয়, তিন গ্রামের মানুষেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাফালবাড়িয়া গ্রামে অবস্থিত নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়গুলোর সামনে এ খাল রয়েছে। প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ তিন গ্রামের মানুষের যাতায়াত এ খালটি দিয়ে হয়ে থাকে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয়রা খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন, তবে সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন স্থানীয়দের, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য দুর্ভোগের অবসান ঘটছে না।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই, কিন্তু এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে; প্রায়ই পা পিছলে পড়ে যাই। আবার যারা ছোট, প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ভয় আরো বেশি। কারণ তারা সাঁতার জানে না।’
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন জানান, এ সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি বলেন, একটি পাকা সেতু হলে দুর্ভোগ লাঘব হবে।
আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খা মন্তব্য করেন, ‘আমাদের দাবি, দুরবস্থা লাঘবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।’
সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ‘আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি, কিন্তু অজানা কারণে তা হচ্ছে না।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে বাঁশের সাঁকো রয়েছে, সেখানে সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ