ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক


বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
 

 

 

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী।
 
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বাকৃবির রেললাইনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকার সময় ছাত্রলীগ নেতা ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।’
 
তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অধিকার আদায়ে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী আমাদের অবস্থান স্পষ্ট, আমরা রাজপথে আছি এবং শিক্ষার্থীদের স্বার্থে রাজপথেই থাকব।’
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, ‘জব্বারের মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হয়।’
 
তিনি আরও বলেন, ‘আটকের পর ওই শিক্ষার্থী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা তদন্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ডও পাওয়া যায়নি। এ কারণে প্রক্টরের নির্দেশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
 
 

আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, মোট মৃত্যু ৪৭৪ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে মিনিবাসে আগুন, আওয়ামী লীগের ৩ নেতা অকটেনসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


নরসিংদীতে মিনিবাসে আগুন, আওয়ামী লীগের ৩ নেতা অকটেনসহ আটক

নরসিংদীর শিবপুরে একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সহযোগিতায় ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় চালকের বাড়ির সামনে রাখা একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনূর মিয়া জানান, দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে সোমবার রাত ২টা ৩৪ মিনিটের দিকে নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিদ্দিক মুন্সি (৬২), শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে অগ্নিসংযোগের উদ্দেশ্যে অকটেন নিয়ে অবস্থান করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেতুর অভাবে তিন গ্রামের সাত হাজার মানুষের দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


সেতুর অভাবে তিন গ্রামের সাত হাজার মানুষের দুর্ভোগ

তিনটি গ্রামে বাস করা মানুষের সংখ্যা প্রায় সাত হাজার। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শ। বিদ্যালয়ের পথে একটি বড় খাল রয়েছে। খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে পশ্চিম তাফালবাড়িয়া খালের ওপর একটি সেতুর অভাবের কারণে শুধু শিক্ষার্থীদের নয়, তিন গ্রামের মানুষেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাফালবাড়িয়া গ্রামে অবস্থিত নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয়গুলোর সামনে এ খাল রয়েছে। প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ তিন গ্রামের মানুষের যাতায়াত এ খালটি দিয়ে হয়ে থাকে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয়রা খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন, তবে সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন স্থানীয়দের, বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের জন্য দুর্ভোগের অবসান ঘটছে না।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমি এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই, কিন্তু এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে; প্রায়ই পা পিছলে পড়ে যাই। আবার যারা ছোট, প্রাইমারি স্কুলে পড়ে, তাদের ভয় আরো বেশি। কারণ তারা সাঁতার জানে না।’

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন জানান, এ সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন, কিন্তু সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি বলেন, একটি পাকা সেতু হলে দুর্ভোগ লাঘব হবে।

আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খা মন্তব্য করেন, ‘আমাদের দাবি, দুরবস্থা লাঘবে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।’

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ‘আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি, কিন্তু অজানা কারণে তা হচ্ছে না।’

এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী মো. হাবিবুর রহমান জানান, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে বাঁশের সাঁকো রয়েছে, সেখানে সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে পরিত্যক্ত ককটেল সদৃশ ব্যাগ থেকে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


সাভারে পরিত্যক্ত ককটেল সদৃশ ব্যাগ থেকে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট

সাভার থানা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ককটেল সদৃশ একটি ব্যাগ উদ্ধার হওয়ার পর বোম ডিসপোজাল ইউনিট এসে ভেতরে থাকা তিনটি শক্তিশালী বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের প্রধান ফটকে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারী ও নিরাপত্তারক্ষীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি ঘিরে ফেলে এবং সুরক্ষার স্বার্থে পুরো এলাকা কর্ডন করে রাখে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে বোমা ভর্তি ব্যাগ ঘিরে সারা রাত ও সকালজুড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ এলাকাটিতে কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।

পরবর্তীতে মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা বিশেষ সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে ব্যাগের ভেতরে থাকা তিনটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করে।

কারা এবং কী উদ্দেশ্যে ককটেল ও বোমা ভর্তি ব্যাগটি বিদ্যালয়ের প্রধান ফটকে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু করেছে সাভার মডেল থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আইপিএলের বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব রাখার অধিকার রয়েছে’: জুহি চাওলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


‘আইপিএলের বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব রাখার অধিকার রয়েছে’: জুহি চাওলা

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহমালিক জুহি চাওলা এপ্রিল-মে মাসের প্রচণ্ড গরমের পরিবর্তে বরং বছরের অপেক্ষাকৃত শীতল সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তাব করেছেন। তাঁর বক্তব্য, টুর্নামেন্টটি বর্তমানে বিশ্ব ক্রিকেটে এতটাই প্রভাবশালী যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে খাপ খাইয়ে চলার পরিবর্তে আইপিএলের উপযোগী করে সূচি পুনর্বিবেচনা করা উচিত। এই প্রস্তাবের সমর্থন করেছেন আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদিও।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জুহি লিখেছেন, "বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটি কেন বছরের সবচেয়ে বেশি গরমের সময়ে আয়োজন করতে হবে? সূচি যদি নতুন করে বিবেচনা করা হয়, তাহলে এপ্রিল-মের পরিবর্তে জানুয়ারিতে আয়োজনের কথা ভাবা যায় না কেন? এতে খেলার পরিবেশ ভালো হবে, ক্রিকেটের মান বাড়বে এবং সবার অভিজ্ঞতাও উন্নত হবে।"

জুহির মতে, আইপিএল এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে নিজের জায়গা খুঁজে নেওয়ার পর্যায়ে নেই। বরং এই টুর্নামেন্টটি বিশ্ব ক্রিকেটের সূচিতে প্রভাব বিস্তারের সক্ষমতা অর্জন করেছে।

ললিত মোদি তাঁর প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি উল্লেখ করেছেন, আইপিএল আয়োজনের জন্য আইসিসির কাছ থেকে আলাদা কোনো সময়সীমা বা অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মালিকানাধীন ও পরিচালিত একটি ঘরোয়া টুর্নামেন্ট। তাই কবে আয়োজন করা হবে, সে সিদ্ধান্ত বিসিসিআই নিতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও খেলোয়াড়দের ছাড়পত্রের বিষয়গুলো সমন্বয় করতে হবে।

আইপিএলের সাবেক চেয়ারম্যানের মতে, বিশ্ব ক্রিকেটে টুর্নামেন্টটির অবস্থান এখন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মতো। ফুটবলে ইপিএল যেমন বিশ্বজুড়ে বাণিজ্যিক ও ক্রীড়া প্রভাব তৈরি করেছে, ক্রিকেটে আইপিএলও তেমন অবস্থানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, খেলোয়াড়দের জন্য আইপিএলের চুক্তি তাঁদের বার্ষিক আয়ের বড় অংশ হতে পারে।

আইপিএল সাধারণত মার্চ থেকে মে, কখনো জুনের শুরু পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। এবার প্রচণ্ড গরমের বিষয়টি সামনে এনে জানুয়ারিতে আয়োজনের পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত একটি পরিকল্পিত সূচির প্রস্তাব দিয়েছেন মোদি।

মোদি জানান, সূচি পরিবর্তনের লক্ষ্য হওয়া উচিত বাণিজ্যিকভাবে টেকসই সম্প্রসারণ, খেলোয়াড়দের জন্য উন্নত পরিবেশ, সম্প্রচারস্বত্বের মূল্য বৃদ্ধি এবং ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা। আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডেরও আইপিএলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে সহযোগিতামূলক অবস্থান নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

তবে আইপিএলের সূচি জানুয়ারিতে সরিয়ে নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্তের কথা জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%