প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। দোকানগুলোরও ভাঙচুর করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।
পরে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যান। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে নেওয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বটতলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন