মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে পরিমাপে কারচুপির অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির ৩টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিএসটিআইয়ের মোবাইল কোর্টের কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানটির তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
বিএসটিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনের দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজেল পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম দেওয়ার প্রমাণ রয়েছে।
অভিযানে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।
জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার জন্য প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে মাসুম ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যৌতুকের দাবিতে স্ত্রীকে রড ও ইট দিয়ে মারধর করে নাকের হাড় ভেঙে দেওয়ার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও অভিযোগপত্র অনুযায়ী, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের কন্যা। রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর পুত্র।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গলবার হ্যামিল্টনে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য একটি বলও মাঠে গড়াতে পারেনি।
ভারত পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শুক্রবার এবং রোববার মাউন্ট মঙ্গানুইয়ে।
এর পরবর্তী সময়ে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম টেস্ট আগামী সপ্তাহে ওয়েলিংটনে শুরু হবে। মাসের শেষের দিকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ড এবং ভারত দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে ১০০ বছরের লড়াইয়ের ইতিহাস উদযাপন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের উদ্যোগে ১২ নভেম্বর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনীটি পাঁচ দিনব্যাপী চলবে এবং এতে ৯০ জন শিক্ষার্থীর তৈরি ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মও এই প্রদর্শনীতে স্থান পাবে।
১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফছোনী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস শাকুর শাহ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন।
কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহমদ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।
প্রদর্শনী আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ