ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ভৈরবে মেঘনা নদীতে বালু উত্তোলনে ৪ মাসের নিষেধাজ্ঞা হাইকোর্টের


ভৈরবে মেঘনা নদীতে বালু উত্তোলনে ৪ মাসের নিষেধাজ্ঞা হাইকোর্টের

 

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য দেওয়া ইজারা ও কার্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল নিশি জারি করেছেন আদালত।

গতকাল ৮ নভেম্বর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন বলে আইনজীবীর দেওয়া একটি সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা

রিট আবেদনকারী ভৈরবপুর মধ্যপাড়ার বাসিন্দা নুরুল কাদের সোহেল। তিনি বালু উত্তোলনের ইজারা প্রক্রিয়া, কার্যাদেশ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে রিট পিটিশন নং ১৪৭৬২/২০২৬ দায়ের করেন।

রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স শফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীর সার্টিফিকেটে বলা হয়েছে, ১৪৩৩ বঙ্গাব্দ সনের জন্য মেঘনা নদীর বালুমহাল ইজারা দেওয়ার লক্ষ্যে আহ্বান করা দরপত্র, ইজারা ও কার্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২০২৪ সালের ২৫ জানুয়ারির হাইড্রোগ্রাফি রিপোর্ট এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০২৩'-এর কয়েকটি বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

আদালত শুনানি শেষে রুল নিশি জারির পাশাপাশি চার মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলে সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

আইনজীবী মো. আব্দুল হাইয়ের স্বাক্ষরিত সার্টিফিকেটটি ৯ নভেম্বর ২০২৬ তারিখে ইস্যু করা হয়েছে। এতে বলা হয়েছে, আদালতের আদেশ যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিকে হাইকোর্টের এই আদেশের ফলে ভৈরবের মেঘনা নদীর বালুমহাল ইজারা ও বালু উত্তোলন কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা আদালতের মূল আদেশের পরিসর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।


এ বিষয়ে রিটকারী নূরুল কাদের সোহেল বলেন, ভৈরবের মেঘনা নদীতে ২০২৪ সালের একটি হাইড্রোগ্রাফি রিপোর্টের ভিত্তিতে জেলা বালুমহাল কমিটি ইজারা প্রদান করার পর নতুন কোনো হাইড্রোগ্রাফি জরিপ ছাড়া ওই পুরোনো রিপোর্টের ভিত্তিতে এই বছর দ্বিতীয়বার বালুমহালটি ইজারা দেওয়া হয়েছে। পুরোনো রিপোর্টের ভিত্তিতে পুনরায় ইজারা প্রদান করে সরকারি নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে তিনি পরবর্তীতে আপিল করবেন বলে জানান।

তিনি আরও বলেন, বালুমহাল থেকে অবৈধভাবে অতিরিক্ত ড্রেজারে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি নদীতীরবর্তী গ্রামগুলোও ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় আদালতের চার মাসের অস্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি বালুমহালটির ইজারা বাতিল করে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তিনি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আ. লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার

এবিষয়ে জানতে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স শফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি সাড়া দেননি। পরে ৪ মাসের নিষেধাজ্ঞা বিষয় লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


দীঘিনালায় এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে যুবসমাজ ও নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শোক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে এমএন লারমার অস্থায়ী স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আয়োজিত স্মরণসভায় তাঁর জীবন, রাজনৈতিক আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান নিয়ে আলোচনা করা হয়।

কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমার সঞ্চালনায় এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা সভাপতিত্বে,
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা ও খাগড়াছড়ি জেলা কমিটির শোভা কুমার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সুভাষ কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজ ও নারীদের ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য অঞ্চলে মানুষের অধিকার, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে চুক্তির যথাযথ বাস্তবায়ন জরুরি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক সমির চাকমা বলেন, এমএন লারমা শুধু জুম্ম জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার নেতা নন, তিনি সমগ্র জুম্ম জাতির গর্ব ও অহংকার। অধিকার, আত্মপরিচয় ও সংস্কৃতি রক্ষায় তাঁর চিন্তাধারা ও সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও অবদান তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজার মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তিবাহিনীর বিভেদপন্থীদের হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন তিনি। কাপ্তাই বাঁধের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়ায় ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই নেতা।

স্মরণসভায় ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের দীঘিনালা থানা কমিটির সভাপতি রিপন চাকমা, বিভিন্ন এলাকার হেডম্যান-কার্বারি এবং জেএসএসের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ৫০ ডলার নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ৫০ ডলার নেবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর বিভিন্ন অ্যাপে বিনামূল্যে এআই ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হলে, ব্যবহারকারীরা ৫০ ডলারের নতুন প্যাক কিনে অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন।

নতুন প্যাকটির নাম ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’। এর মূল্য ৪৯ দশমিক ৯৯ ডলার। এককালীন অর্থের বিনিময়ে এটি ক্রয় করা যাবে। ফলে মাসিক বিনামূল্যের এআই ব্যবহারের সীমা শেষ হলে, ব্যবহারকারীরা পরবর্তী মাসের জন্য অপেক্ষা না করে কাজ চালিয়ে যেতে পারবেন।

যেভাবে কাজ করবে নতুন প্যাক

অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওর অ্যাপগুলোতে ছবি তৈরি, প্রেজেন্টেশন তৈরি এবং অন্যান্য এআইভিত্তিক কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যের ব্যবহারসীমা নির্ধারণ করা হয়। এই সীমা শেষ হয়ে গেলে পরবর্তী মাস শুরু না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এআই সুবিধাগুলো ব্যবহার করা সম্ভব হয় না।

নতুন প্যাক ক্রয়ের মাধ্যমে বিনামূল্যের সীমা শেষ হওয়ার পর অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে। অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অব্যবহৃত সুবিধা পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। কেনার তারিখ থেকে ১২ মাস পর্যন্ত এই সুবিধার মেয়াদ থাকবে।

তবে কিছু শর্ত রয়েছে। প্রথমত, বিনামূল্যের মাসিক ব্যবহারের সীমা শেষ হওয়ার পরেই কেবল কেনা প্যাকের সুবিধা কাজে লাগবে। দ্বিতীয়ত, প্যাকটি যে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে কেনা হবে, সেটির সঙ্গেই যুক্ত থাকবে। ফলে ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এটি ভাগ করা যাবে না। এছাড়া, প্যাক কিনতে হলে ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকতে হবে।

কোন কোন অ্যাপে পাওয়া যাবে?

বর্তমানে নতুন প্যাক কেনার সুবিধা শুধুমাত্র লজিক প্রো অ্যাপে চালু হয়েছে। অ্যাপটির মেনুবার থেকে ‘ইন্টেলিজেন্স ফিচারস’ অপশনে গিয়ে ‘শো ইউসেজ’ নির্বাচন করলে ব্যবহারের তথ্য দেখা যাবে।

চলতি মাসের শেষ দিকে নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্ক স্যুটের অ্যাপগুলোতেও এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।

ভবিষ্যতে সিরি এআই, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর এআই সুবিধার ক্ষেত্রেও একই ধরনের অর্থ পরিশোধের ব্যবস্থা চালু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতসহ আট দেশে চালু

অ্যাপলের নতুন এআই ব্যবহারের প্যাক ভারতসহ আটটি দেশে চালু হয়েছে। অন্যান্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং মেক্সিকো।

তবে ব্যবহারকারীদের জন্য একটি বিষয় এখনও অস্পষ্ট। ৪৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে ঠিক কতটুকু অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে, তা অ্যাপল জানায়নি। এআই ব্যবহারের পরিমাণ নির্ভর করে কাজের ধরন এবং জটিলতার ওপর। ফলে প্যাক কেনার আগে ব্যবহারকারীরা ঠিক কতটি ছবি তৈরি করতে পারবেন বা কতগুলো কাজ সম্পন্ন করতে পারবেন, তা নিশ্চিতভাবে বোঝার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নিয়ে আলোচনা

ঝালকাঠি, ১০ নভেম্বর, ২০২৬ : আজ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা জেলায় অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, নারী নির্যাতন এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত করা, মাদকসেবীদের ডোপ টেস্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা আয়োজন এবং মসজিদে মাদকবিরোধী প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বাজার মনিটরিং, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা, অটোরিকশার লাইসেন্স, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. বশির গাজী, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মকবুল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, জেলা মৎস কর্মকর্তা মো. এনামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করার বিকল্প নেই: প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করার বিকল্প নেই: প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসলে মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো বিকল্প নেই, কারণ সাজার বিরুদ্ধে আপিলের সময়সীমা শেষ হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুরে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, যেহেতু শেখ হাসিনা দণ্ডিত হয়েছেন, তাই তার পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।

এদিকে, তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইন অনুযায়ী ফিরিয়ে আনা হবে। তিনি যদি নিজে ফিরতে চান, তাহলে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণে কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে না।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%