ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই


মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। আগুনের কারণে বগিটির চারটি আসন সম্পূর্ণ পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পর গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে চলে যান। তখন ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা ছিল।

এই সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: কাউখালীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা

স্টেশন মাস্টার আরও জানান, আগুন লাগা বগিটি প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আগুনের ফলে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসন পুড়ে গেছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ করেন। বগিটি সিসিটিভির আওতার বাইরে থাকায় ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এই ঘটনার পরও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

এমই

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আ. লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে পুলিশ অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে। ককটেল দুটির সঙ্গে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ এবং ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা দুটি চিরকুটও ঘটনাস্থলে পাওয়া যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের পাশে ককটেল দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টহলরত সদস্যরা দায়িত্ব পালনকালে চিরকুটের ওপর রাখা ককটেল দুটি দেখতে পান। পরে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, ককটেল দুটি অবিস্ফোরিত অবস্থায় থাকায় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

তবে পুলিশ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি যে কে বা কারা ককটেল দুটি সেখানে রেখে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, বিকল্প পদ্ধতিতে নিয়ন্ত্রণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, বিকল্প পদ্ধতিতে নিয়ন্ত্রণের উদ্যোগ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা অনিয়ন্ত্রিত গ্যাসের আগুন ১৫ দিন ধরে নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প পদ্ধতিতে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উচ্চপর্যায়ের কারিগরি বিশেষজ্ঞরা স্থানটি পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত নলকূপের মুখ থেকে আগুন নিরবচ্ছিন্নভাবে জ্বলতে দেখা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটি অগভীর ভূস্তরের (শ্যালো) ক্ষুদ্র গ্যাসের পকেট কি না, তা মূল্যায়নের জন্য কিছুদিন পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর গ্যাসের প্রবাহে কোনো ভাটা না পড়ায় এখন এটি নিরাপদে নিয়ন্ত্রণ ও বন্ধ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাপেক্সের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, "অনিয়ন্ত্রিত এই গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে এনে নিরাপদে বন্ধ করাই বর্তমানে প্রথম ও প্রধান লক্ষ্য।" স্থানটিতে তেলের কোনো উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি, কেবল গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে। তবে এই গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। পরবর্তীতে এখানে নতুন কোনো অনুসন্ধান চালানো হবে কি না, তা প্রবাহ পুরোপুরি বন্ধের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে তীব্র বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। পরবর্তীতে স্থানটিতে আগুন ধরে গেলে তা প্রজ্জ্বলিত অবস্থায় থেকে যায়। দীর্ঘদিন ধরে আগুন না নেভায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সুরক্ষাজনিত উদ্বেগ থাকলেও, একই সাথে নতুন গ্যাস কূপ আবিষ্কৃত হওয়ার সুসংবাদে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুনি হাসিনা দেশে ফিরতে পারবেন না: আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


খুনি হাসিনা দেশে ফিরতে পারবেন না: আমান

কিছু ককটেল ফুটিয়ে খুনি হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মন্তব্য করেন আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই একটি দল ষড়যন্ত্র করছে, যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহীদ জিয়া।’

আমানউল্লাহ আমান আরও বলেন, ‘সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঢুকে জ্বালাও-পোড়াও ভাঙচুর করেছেন। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’

তিনি জানান, ঐক্যবদ্ধভাবে আগামীতে কোনো ফ্যাসিস্টদের দেশে ঢুকতে দেয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন ওয়েঙ্গার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন ওয়েঙ্গার

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হওয়ার পরিকল্পনা করছেন আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। ৭৭ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি চলতি সপ্তাহে ফিফা সভাপতির নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।

দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ড্যান শেলডনের রিপোর্ট অনুযায়ী, ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উয়েফার কর্মকর্তারা ওয়েঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন। আগামী ১৮ নভেম্বর সভাপতি নির্বাচনে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে। তাই তার আগে ওয়েঙ্গারের সিদ্ধান্ত ফুটবল বিশ্বের ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

২০১৯ সালের নভেম্বর থেকে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েঙ্গার। জাতীয় ফুটবল সংস্থা ও খেলোয়াড়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে। ফুটবল সম্পর্কে তাঁর গভীর জ্ঞান এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

আর্সেনালের কোচ হিসেবে ২২ বছর দায়িত্ব পালনকালে ওয়েঙ্গার ক্লাবটিকে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ এবং সাতবার এফএ কাপ জিতিয়েছেন। ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত থেকে প্রিমিয়ার লিগ জেতা আর্সেনালের ঐতিহাসিক ‘ইনভিনসিবলস’ দলের অন্যতম স্থপতি ছিলেন তিনি।

ওয়েঙ্গার নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে উয়েফা এবং ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী মহলের সমর্থন নিয়ে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ফিফা সভাপতি নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%