মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৫ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণের মাধ্যমে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই উল্লেখ করেছেন যে, এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। ইরানের এই অবস্থান স্পষ্ট করে যে, চলমান যুদ্ধে তেহরান নিজেদের বিজয়ী মনে করছে।
যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কি না, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি অত্যন্ত অপমানজনক। তাই ইরানের কাছে আত্মসমর্পণ করার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে।
এদিকে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের আশা দেখাচ্ছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
যুদ্ধ বন্ধে ইরানের সাত শর্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও তেহরান সাতটি শর্তে অনড় রয়েছে। মোহসেন রেজাই আলজাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে। শর্তগুলো হলো—
লেবাননসহ সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ও অর্থ ছাড় করতে হবে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ট্রাম্প বলেছেন, "ইরানে আবারও হামলা হলে তা আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে।"
এদিকে, নতুন করে ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার পক্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়, যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
ট্রাম্প বলেন, "আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।"
তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে চায়। তবে দেশটি যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালায়, তাহলে সেখানে হামলা চালাতে হতে পারে। যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কিছু দেখা যায়নি।
ট্রাম্প ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা ব্যবহার করবে।
তিনি জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এসব দেশ নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তার ভাষায়, নতুন করে হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চ্যাং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু ঘটেছে।
খনির সূত্র থেকে জানা যায়, সোমবার রাত ১১টায় দৈনন্দিন কাজের অংশ হিসেবে চ্যাং সিয়াওজুন ভূগর্ভে যান, দুই জন স্থানীয় শ্রমিকের সঙ্গে। তিনি স্থানীয় শ্রমিকদের বিভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরে, সহকর্মী স্থানীয় শ্রমিকেরা তাকে ভূগর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পেয়ে সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানিয়ে দেন। রেসকিউ টিম মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে ১৩০৫ নম্বর ফেইসের সীল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনি কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও, অক্সিজেনের ঘাটতিজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে সাধারণ শ্রমিকেরা ধারণা করছেন। বর্তমানে খনিতে প্রায় ২০০ চীনা শ্রমিক কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান, চ্যাং সিয়াওজুনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইনিজ কনসোর্টিয়াম তাদের নিয়ম অনুযায়ী লাশ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, নিহত ওই চীনা শ্রমিকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়লাভের পর তাদের অভিনন্দন জানিয়ে ফল মেনে নেওয়ার কথা বললেও, এক সপ্তাহের মধ্যে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি কেউ সত্যিই বিশ্বাস করে? জরিপগুলো এত ভুল হলো কীভাবে?’
নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এসব জরিপে বলা হয়েছিল, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সিনেটেও জয়ের সম্ভাবনা রয়েছে দলটির। ফলস্বরূপ, নির্বাচনের ফলও ডেমোক্র্যাটদের পক্ষেই গেছে।
এর আগে ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কম দেখানোর অভিযোগ করে আসছিল দলটি। তবে এবারের নির্বাচনে জরিপের ফল বিপরীতভাবে রিপাবলিকানদের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও সিনেটের ২৭টি আসনের মধ্যে ২৩টিতে নির্বাচনের পূর্বের জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান অন্তত ২ শতাংশ কম দেখানো হয়েছিল।
ট্রাম্প আরও অভিযোগ করেন, আগাম ভোটের কিছু ফল এত বেশি ছিল যে রিপাবলিকানদের জন্য জয়লাভ অসম্ভব হয়ে পড়ে। তবে নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গত কয়েকদিন ধরে ভোটার উপস্থিতির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন গ্রাফ শেয়ার করেছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষেই বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকায়ও জয়লাভ করেছে দলটি। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এটাই প্রথম সরাসরি প্রশ্ন তোলা।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।
নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজের সঙ্গে ফোনালাপে তাদের অভিনন্দন জানান ট্রাম্প। পরে ফক্স নিউজকে বলেন, দলটি ‘ভালো করেছে’। গত সপ্তাহেও তিনি নিউইয়র্ক টাইমসকেও জানান, নির্বাচনের ফল তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছেন।
তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের অবস্থানে ফিরবেন, সেটাই ছিল প্রত্যাশিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুমার লেখেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, সত্য বদলানো যাবে না। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্র্যাট কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। এর কারণ ট্রাম্প নজিরবিহীনভাবে ব্যর্থ হয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের নেতারাও ক্রমেই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলিও তার নির্বাচনে কারচুপি অভিযোগের জবাবে এক্সে লিখেছেন, ‘এবার থামুন।’
তথ্যসূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার মন্তব্য করেছেন যে, খেলাধুলা যুবসমাজকে মাদক এবং অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে, যা সুস্থ, সুন্দর এবং ইতিবাচক সমাজ গঠনে অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য এবং খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার খেলাধুলাকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। খেলাধুলার প্রসার এবং তরুণদের মাঠে ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ডাইলের বাজার আলিয়া মাদ্রাসা মাঠে সিয়াম স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, সাবেক সদস্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেরাজুল ইসলাম মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য রেজোয়ান আমান আদনান, ডাইলের বাজার সিয়াম স্পোর্টিং ক্লাবের সভাপতি মালেক হাসান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ডাইলের বাজার সিয়াম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ