প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর বিভিন্ন অ্যাপে বিনামূল্যে এআই ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হলে, ব্যবহারকারীরা ৫০ ডলারের নতুন প্যাক কিনে অতিরিক্ত সুবিধা গ্রহণ করতে পারবেন।
এ তথ্য জানায় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন।
নতুন প্যাকটির নাম ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’। এর মূল্য ৪৯ দশমিক ৯৯ ডলার। এককালীন অর্থের বিনিময়ে এটি ক্রয় করা যাবে। ফলে মাসিক বিনামূল্যের এআই ব্যবহারের সীমা শেষ হলে, ব্যবহারকারীরা পরবর্তী মাসের জন্য অপেক্ষা না করে কাজ চালিয়ে যেতে পারবেন।
যেভাবে কাজ করবে নতুন প্যাক
অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওর অ্যাপগুলোতে ছবি তৈরি, প্রেজেন্টেশন তৈরি এবং অন্যান্য এআইভিত্তিক কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যের ব্যবহারসীমা নির্ধারণ করা হয়। এই সীমা শেষ হয়ে গেলে পরবর্তী মাস শুরু না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এআই সুবিধাগুলো ব্যবহার করা সম্ভব হয় না।
নতুন প্যাক ক্রয়ের মাধ্যমে বিনামূল্যের সীমা শেষ হওয়ার পর অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে। অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অব্যবহৃত সুবিধা পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। কেনার তারিখ থেকে ১২ মাস পর্যন্ত এই সুবিধার মেয়াদ থাকবে।
তবে কিছু শর্ত রয়েছে। প্রথমত, বিনামূল্যের মাসিক ব্যবহারের সীমা শেষ হওয়ার পরেই কেবল কেনা প্যাকের সুবিধা কাজে লাগবে। দ্বিতীয়ত, প্যাকটি যে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে কেনা হবে, সেটির সঙ্গেই যুক্ত থাকবে। ফলে ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এটি ভাগ করা যাবে না। এছাড়া, প্যাক কিনতে হলে ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকতে হবে।
কোন কোন অ্যাপে পাওয়া যাবে?
বর্তমানে নতুন প্যাক কেনার সুবিধা শুধুমাত্র লজিক প্রো অ্যাপে চালু হয়েছে। অ্যাপটির মেনুবার থেকে ‘ইন্টেলিজেন্স ফিচারস’ অপশনে গিয়ে ‘শো ইউসেজ’ নির্বাচন করলে ব্যবহারের তথ্য দেখা যাবে।
চলতি মাসের শেষ দিকে নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্ক স্যুটের অ্যাপগুলোতেও এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।
ভবিষ্যতে সিরি এআই, ইমেজ প্লেগ্রাউন্ড এবং ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর এআই সুবিধার ক্ষেত্রেও একই ধরনের অর্থ পরিশোধের ব্যবস্থা চালু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতসহ আট দেশে চালু
অ্যাপলের নতুন এআই ব্যবহারের প্যাক ভারতসহ আটটি দেশে চালু হয়েছে। অন্যান্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং মেক্সিকো।
তবে ব্যবহারকারীদের জন্য একটি বিষয় এখনও অস্পষ্ট। ৪৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে ঠিক কতটুকু অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে, তা অ্যাপল জানায়নি। এআই ব্যবহারের পরিমাণ নির্ভর করে কাজের ধরন এবং জটিলতার ওপর। ফলে প্যাক কেনার আগে ব্যবহারকারীরা ঠিক কতটি ছবি তৈরি করতে পারবেন বা কতগুলো কাজ সম্পন্ন করতে পারবেন, তা নিশ্চিতভাবে বোঝার সুযোগ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন