প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে যুবসমাজ ও নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শোক র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে এমএন লারমার অস্থায়ী স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আয়োজিত স্মরণসভায় তাঁর জীবন, রাজনৈতিক আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান নিয়ে আলোচনা করা হয়।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমার সঞ্চালনায় এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা সভাপতিত্বে,
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা ও খাগড়াছড়ি জেলা কমিটির শোভা কুমার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে সুভাষ কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজ ও নারীদের ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পার্বত্য অঞ্চলে মানুষের অধিকার, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে চুক্তির যথাযথ বাস্তবায়ন জরুরি। এ দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক সমির চাকমা বলেন, এমএন লারমা শুধু জুম্ম জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার নেতা নন, তিনি সমগ্র জুম্ম জাতির গর্ব ও অহংকার। অধিকার, আত্মপরিচয় ও সংস্কৃতি রক্ষায় তাঁর চিন্তাধারা ও সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও অবদান তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজার মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তিবাহিনীর বিভেদপন্থীদের হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন তিনি। কাপ্তাই বাঁধের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়ায় ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই নেতা।
স্মরণসভায় ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের দীঘিনালা থানা কমিটির সভাপতি রিপন চাকমা, বিভিন্ন এলাকার হেডম্যান-কার্বারি এবং জেএসএসের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন