কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:১০ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্তদের দিয়েই চলছে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। এতে দৈনন্দিন পাঠদান কার্যক্রম সচল থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্তত ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন—আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের এম.এম. মুজিবুর রহমান মুজিব, কামারগ্রাম কাঞ্চন একাডেমির মো. কাওছার প্রামাণিক, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের মো. তারিকুল ইসলাম, জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ আতিয়ার রহমান, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মো. দবিরউদ্দিন, বানা মৌলভী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের হাদী সাহেব আলী, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মো. ওহিদুজ্জামান খান, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যাপীঠের মো. খায়রুল আলম এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের শেখ ফাতেমা অনন্যা।
সংশ্লিষ্টদের মতে, ভারপ্রাপ্ত প্রধানরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে নিয়মিত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
এ ছাড়া একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ভারপ্রাপ্ত নেতৃত্ব চলতে থাকলে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থায়ী উন্নয়ন কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভারপ্রাপ্তরা দায়িত্ব পালন করছেন বলেই শিক্ষা কার্যক্রম সচল রয়েছে। তবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। শূন্য পদগুলোতে দ্রুত নিয়মিত প্রধান নিয়োগ করা হলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদে দ্রুত নিয়মিত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে প্রশাসনিক স্থবিরতা দূর করে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এমপি মহোদয়ের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
সন্দ্বীপের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ চালু করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই পরিদর্শন কক্ষের মাধ্যমে সন্দ্বীপের সাধারণ মানুষের সঙ্গে সংসদ সদস্যের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পরিদর্শন কক্ষটি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার এবং চোরাচালান নিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মীর মোহাম্মদ ইসমাইল, যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান ও সদস্য সচিব কামরুল হাসান।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক ফরহাদ, ছাত্রশক্তির নেতা শরীফ হাসান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সম্প্রতি রাস আল খাইমাহ (আরএকে) চেম্বারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকটি গত ২৭ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ, বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং বর্তমান সরকারের বিভিন্ন বিনিয়োগ সংস্কার উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ চলাকালীন বাংলাদেশ সফরের জন্য আরএকে চেম্বারের চেয়ারম্যান এবং তার পুরো দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে আরএকে চেম্বারের চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুয়াইমি বিশেষভাবে বাংলাদেশের বিকাশমান ঔষধ শিল্প এবং পর্যটন ও আতিথেয়তা খাতের প্রশংসা করেন। তিনি জানান, মেনা ও জিসিসি অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানি জুলফার গালফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের ঔষধ খাতে বিনিয়োগের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ডিউ ডিলিজেন্স বা যথাযথ যাচাই-বাছাই করতে পারে।
বিশেষ করে, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে প্রস্তাবিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ চূড়ান্তকরণের আলোচনা বর্তমানে সঠিক পথে এগোচ্ছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে তা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি বড় 'গেম চেঞ্জার' হিসেবে কাজ করবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার উপস্থিত ছিলেন। এছাড়া, আরএকে চেম্বারের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী আল নুয়াইমি, আরএকে চেম্বারের প্রথম ভাইস চেয়ারম্যান ইউসুফ এম. ইসমাইল আলব্লোশি, মহাপরিচালক ড. রাশেদ খালফান আল নুয়াইমি এবং ডেপুটি ম্যানেজার মোহাম্মদ হাসান আল সাবাব আল তেনেইজি প্রমূখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথমবার মাঠে নেমে জয় অর্জন করলেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে পরাজিত করে চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিল শেফিল্ড।
ব্রামাল লেনে অনুষ্ঠিত এই ম্যাচে হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। তবে ঘরের মাঠে খেলার শুরুতেই ধাক্কা খায় শেফিল্ড। ম্যাচের প্রথম মিনিটে জাভিয়ার সিমন্সের গোলে বোল্টন এগিয়ে যায়।
তবে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের জন্য অপেক্ষা করতে হয়নি বেশি সময়। তিন মিনিটের মধ্যে শেফিল্ড সমতায় ফেরে। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই দল ১-১ সমতায় বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় বোল্টন। সফরকারীদের হয়ে স্যাম ডাল্বি দ্বিতীয় গোলটি করেন। কিন্তু এক মিনিট পরই শেফিল্ড আবারও সমতা ফিরিয়ে আনে। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোরলাইন ২-২ হয়ে যায়।
শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে শেফিল্ডকে কাঙ্ক্ষিত জয় এনে দেন রোমেলে ডোনোভান। তার জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পরিসংখ্যান অনুযায়ী, দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেফিল্ড ৫৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও বোল্টনের দখলে ছিল ৪৭ শতাংশ। স্বাগতিকরা মোট ২০টি শট নেয়, যার মধ্যে তিনটি থেকে গোল হয়। অন্যদিকে, বোল্টন ২১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র পাঁচটি, গোল হয়েছে দুটি।
মৌসুমের প্রথম তিন ম্যাচে শেফিল্ড অপরাজিত থাকলেও কোনো জয় পায়নি, তিনটি ম্যাচই শেষ হয়েছিল ড্রয়ে। চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়খরা কাটল দলটির। আর শেফিল্ডে স্থায়ী চুক্তির পর প্রথম ম্যাচেই সেই জয়ের সাক্ষী হলেন হামজা চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ