মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৬ পি.এম
মানসিক চাপ, ক্লান্তি কিংবা মন খারাপের মতো পরিস্থিতিতে অনেকেই পছন্দের গান শোনার মাধ্যমে স্বস্তি খোঁজেন। কিছু মানুষ কাজের মাঝে গান শোনেন, আবার কেউ দিন শেষে হেডফোনে প্রিয় সুরে ডুবে যান। গান শোনার ফলে মন ভালো হওয়ার পাশাপাশি মানসিক অস্থিরতা কিছুটা কমে যায়—এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তবে গান শুধু মন ভালো রাখতে সাহায্য করে না, বরং মানসিক চাপের পর মস্তিষ্ককে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতেও সহায়ক হতে পারে। নতুন একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, মানসিক চাপের পর গান শোনার ফলে শরীর তুলনামূলক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ সময় হৃৎস্পন্দন, ত্বকের বৈদ্যুতিক পরিবাহিতা এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও, গান শোনার সময় মস্তিষ্কের নির্দিষ্ট কিছু স্নায়বিক পথের মধ্যে যোগাযোগ শক্তিশালী হয়।
প্রকৃতির শব্দ, যেমন বৃষ্টির ঝিরঝির আওয়াজ কিংবা পানির কলকলও মনকে শান্ত করতে পারে। তবে সংগীতের প্রভাব কিছুটা ভিন্ন। প্রকৃতির শব্দ শান্ত পরিবেশের অনুভূতি তৈরি করলেও সংগীত মস্তিষ্ককে একটি নির্দিষ্ট ধারার মধ্য দিয়ে নিয়ে যায়। গানে কখনো উত্তেজনা সৃষ্টি হয়, আবার কখনো সুরের ধারাবাহিকতায় সেই উত্তেজনার সমাধানও ঘটে।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক ও গবেষণাটির জ্যেষ্ঠ লেখক ই দ্যু উল্লেখ করেন, মানসিক চাপের পরেও মস্তিষ্ক কিছু সময়ের জন্য অধিক সতর্ক অবস্থায় থাকতে পারে। প্রকৃতির শব্দ মস্তিষ্ককে শান্ত পরিবেশের অনুভূতি দিলেও সংগীত মস্তিষ্ককে একটি নির্দিষ্ট ধারার মধ্য দিয়ে নিয়ে যায়।
গান কিভাবে মানসিক চাপ কমায়
গানের এই প্রভাব কিভাবে কাজ করে, তা জানার জন্য গবেষকরা কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। গবেষণায় মোট ১২০ জন সুস্থ তরুণ অংশগ্রহণ করেন। তাঁদের ওপর মানসিক চাপ তৈরি করার পর গান এবং প্রকৃতির শব্দের প্রভাব পর্যবেক্ষণ করা হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন অঙ্ক সমাধান করতে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের কাজের ফলাফল সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়, যাতে মানসিক চাপ তৈরি হয়। এরপর তাঁদের গান অথবা প্রকৃতির পানির শব্দ শোনানো হয়।
গবেষকরা অংশগ্রহণকারীদের হৃৎস্পন্দন এবং লালায় থাকা কর্টিসলের মাত্রাসহ বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, যাঁরা গান শুনেছিলেন, তাঁরা মানসিক চাপের অবস্থায় থেকে তুলনামূলক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
এরপর অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করতে এফএমআরআই (ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে দেখা যায়, প্রকৃতির শব্দের তুলনায় গান শোনার সময় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট স্নায়বিক পথের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে।
গবেষকদের মতে, মস্তিষ্কের যে অংশগুলো শব্দ প্রক্রিয়াকরণ করে এবং যেসব অংশ মানসিক চাপ ও উত্তেজনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, গান শোনার সময় তাদের মধ্যে যোগাযোগের ধরন বদলে যায়। অর্থাৎ গান শুধু সাময়িকভাবে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে না, বরং মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতেও সহায়তা করে।
নিজের পছন্দের গান কি বেশি কার্যকর?
গবেষণায় নির্দিষ্ট কিছু গান ব্যবহার করা হয়েছিল। তবে ব্যক্তিভেদে গানের পছন্দ ভিন্ন। কারো কাছে ধীরগতির গান প্রশান্তির, আবার কারো কাছে প্রাণবন্ত সুরই মন ভালো করার উপায়। তাই নিজের পছন্দের গান শোনার ক্ষেত্রে এর প্রভাব ভিন্ন হতে পারে।
তবে গান কীভাবে মস্তিষ্ককে শান্ত করে, তা পুরোপুরি বুঝতে আরও গবেষণা প্রয়োজন। এ গবেষণায় অংশগ্রহণ করেছিলেন সুস্থ ও তরুণ ব্যক্তিরা, যাদের মধ্যে স্বল্পমেয়াদি মানসিক চাপ তৈরি করা হয়েছিল। তাই দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকা ব্যক্তি কিংবা চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রেও একই প্রভাব দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তাহলে মানসিক চাপের মুহূর্তে পছন্দের গান শোনা সাময়িক স্বস্তির একটি উপায় হতে পারে। তবে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা উদ্বেগের ক্ষেত্রে শুধু গানের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাবি করেছে যে, জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ সরাসরি হত্যার শিকার হয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের তথ্য শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এসব কথা জানান। গুমের ঘটনা নিয়ে বাংলাদেশের ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এটি প্রথম যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা।
মঙ্গলবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় সাক্ষ্য দেওয়া সামরিক কর্মকর্তাদের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে জিয়াউল আহসান নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। প্রসিকিউশন শনাক্ত করতে পেরেছে যে, এর মধ্যে ১১৫ জনের বেশি মানুষকে তিনি সরাসরি হত্যা করেছেন। সাক্ষ্যেও এসব হত্যাকাণ্ডের বিবরণ উঠে এসেছে। চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, একক কোনো ব্যক্তির হাতে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে ঘটেনি।
জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, বহু অপকর্মে জড়িত থাকার পরও তিনি বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তিনি মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
মামলায় সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, এসব ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরের কারও পক্ষে এসব ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ফৌজদারি আইনে অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম আরও জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দিতে কমান্ডার সোহেলের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি ও বিভিন্ন অভিযানের এলাকায় নিয়ে যেতেন। পরে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের শেখানো ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মামলাটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবদানের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলাটি শুরু করা, আসামিকে গ্রেপ্তার এবং বিচারকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আগামীকালও মামলার শুনানি অব্যাহত থাকবে। বাকি সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের পর প্রসিকিউশন আইনের ব্যাখ্যা দেবে। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ধাপের শুনানি শেষ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাধীনতাসংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে স্মৃতিকথায় মন্তব্য করার কারণে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রপৌত্র সত্যকী সাভারকার। ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’ বইয়ে সাভারকর সম্পর্কে যে মন্তব্যগুলো করা হয়েছে, সেগুলোকে তিনি ভুল ও মানহানিকর হিসেবে চিহ্নিত করেছেন।
আইনি নোটিশে সোনিয়া গান্ধীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি বইটির সংশ্লিষ্ট অংশ সংশোধনের জন্য বলা হয়েছে। এ জন্য তাকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনে জেলা আদালতে মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
৪৪৩ পৃষ্ঠার বইটিতে সাভারকরকে ‘হিন্দুত্ব’ মতাদর্শের জনক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে তার চিন্তাধারায় হিন্দুদের প্রধান্য দিয়ে ভারতকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধারণা তুলে ধরা হয়েছে। বইটিতে সোনিয়া গান্ধীর মতাদর্শের সঙ্গে ভারতের সংবিধানে উল্লেখিত রাষ্ট্রের সীমানা ও নাগরিক অধিকারের ধারণার বিরোধ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সাভারকরের পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহাটকর অভিযোগ করেছেন, বইটিতে তার পূর্বপুরুষকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মানহানির শামিল। তিনি বলেন, আপাতত মানহানির বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনি ধারায় ব্যবস্থা নেওয়া যায় কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আইনি নোটিশে বিশেষভাবে বইটির এমন বক্তব্যের বিরোধিতা করা হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাভারকর ব্রিটিশদের কাছে ভারতীয় স্বাধীনতাসংগ্রামীদের তথ্য দিতেন বা তাদের বিরুদ্ধে সহযোগিতা করতেন। নোটিশে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তার কারাবাস, ব্রিটিশদের কাছে দাখিল করা আবেদনপত্র এবং রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের ক্ষেত্রে তৎকালীন ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি।
এতে আরো বলা হয়েছে, ব্রিটিশ শাসনামলে সাভারকর দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন কাটিয়েছেন। তার কারাবাস ও আবেদনপত্রের বিষয়গুলো তৎকালীন পরিস্থিতি বিবেচনা না করে মূল্যায়ন করলে তার জীবন ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
সাভারকরের রাজনৈতিক দর্শনকে শুধু হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠার চিন্তা হিসেবে তুলে ধরার বিরোধিতা করেছে তার পরিবার। নোটিশে বলা হয়েছে, সাভারকরের লেখা, বক্তব্য ও রাজনৈতিক চিন্তাধারা যথাযথ ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা উচিত। বইটির সংশ্লিষ্ট দুটি অংশ পাঠকদের তার স্বাধীনতাসংগ্রামে ভূমিকা ও রাজনৈতিক দর্শন সম্পর্কে বিভ্রান্ত করতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।
নিজের দাবির পক্ষে নোটিশে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে সাভারকরকে সম্মান জানাতে ভারত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তার সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশের বিষয়টি রয়েছে।
এ ছাড়া ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর রাষ্ট্রীয় স্মারক’-এর জন্য ইন্দিরা গান্ধী ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ১১ হাজার টাকা অনুদান দিয়েছিলেন বলেও নোটিশে দাবি করা হয়েছে। পাশাপাশি সাভারকরের নেতৃত্বে হায়দরাবাদে পরিচালিত নিরস্ত্র প্রতিরোধ আন্দোলনে অংশ নিয়ে কারাবরণকারীদের ‘স্বাধীনতাসংগ্রামী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এ ছাড়া ১৯৮৩ সালে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের ‘ফিল্মস ডিভিশন’ সাভারকরের জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিল বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান এবং পুলিশ সুপার জসিম উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে সফরে আসবেন। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ