প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানসিক চাপ, ক্লান্তি কিংবা মন খারাপের মতো পরিস্থিতিতে অনেকেই পছন্দের গান শোনার মাধ্যমে স্বস্তি খোঁজেন। কিছু মানুষ কাজের মাঝে গান শোনেন, আবার কেউ দিন শেষে হেডফোনে প্রিয় সুরে ডুবে যান। গান শোনার ফলে মন ভালো হওয়ার পাশাপাশি মানসিক অস্থিরতা কিছুটা কমে যায়—এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। তবে গান শুধু মন ভালো রাখতে সাহায্য করে না, বরং মানসিক চাপের পর মস্তিষ্ককে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতেও সহায়ক হতে পারে। নতুন একটি গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, মানসিক চাপের পর গান শোনার ফলে শরীর তুলনামূলক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ সময় হৃৎস্পন্দন, ত্বকের বৈদ্যুতিক পরিবাহিতা এবং স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও, গান শোনার সময় মস্তিষ্কের নির্দিষ্ট কিছু স্নায়বিক পথের মধ্যে যোগাযোগ শক্তিশালী হয়।
প্রকৃতির শব্দ, যেমন বৃষ্টির ঝিরঝির আওয়াজ কিংবা পানির কলকলও মনকে শান্ত করতে পারে। তবে সংগীতের প্রভাব কিছুটা ভিন্ন। প্রকৃতির শব্দ শান্ত পরিবেশের অনুভূতি তৈরি করলেও সংগীত মস্তিষ্ককে একটি নির্দিষ্ট ধারার মধ্য দিয়ে নিয়ে যায়। গানে কখনো উত্তেজনা সৃষ্টি হয়, আবার কখনো সুরের ধারাবাহিকতায় সেই উত্তেজনার সমাধানও ঘটে।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক ও গবেষণাটির জ্যেষ্ঠ লেখক ই দ্যু উল্লেখ করেন, মানসিক চাপের পরেও মস্তিষ্ক কিছু সময়ের জন্য অধিক সতর্ক অবস্থায় থাকতে পারে। প্রকৃতির শব্দ মস্তিষ্ককে শান্ত পরিবেশের অনুভূতি দিলেও সংগীত মস্তিষ্ককে একটি নির্দিষ্ট ধারার মধ্য দিয়ে নিয়ে যায়।
গান কিভাবে মানসিক চাপ কমায়
গানের এই প্রভাব কিভাবে কাজ করে, তা জানার জন্য গবেষকরা কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। গবেষণায় মোট ১২০ জন সুস্থ তরুণ অংশগ্রহণ করেন। তাঁদের ওপর মানসিক চাপ তৈরি করার পর গান এবং প্রকৃতির শব্দের প্রভাব পর্যবেক্ষণ করা হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন অঙ্ক সমাধান করতে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের কাজের ফলাফল সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়, যাতে মানসিক চাপ তৈরি হয়। এরপর তাঁদের গান অথবা প্রকৃতির পানির শব্দ শোনানো হয়।
গবেষকরা অংশগ্রহণকারীদের হৃৎস্পন্দন এবং লালায় থাকা কর্টিসলের মাত্রাসহ বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন। এতে দেখা যায়, যাঁরা গান শুনেছিলেন, তাঁরা মানসিক চাপের অবস্থায় থেকে তুলনামূলক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
এরপর অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করতে এফএমআরআই (ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে দেখা যায়, প্রকৃতির শব্দের তুলনায় গান শোনার সময় মস্তিষ্কের কিছু নির্দিষ্ট স্নায়বিক পথের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হয়েছে।
গবেষকদের মতে, মস্তিষ্কের যে অংশগুলো শব্দ প্রক্রিয়াকরণ করে এবং যেসব অংশ মানসিক চাপ ও উত্তেজনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, গান শোনার সময় তাদের মধ্যে যোগাযোগের ধরন বদলে যায়। অর্থাৎ গান শুধু সাময়িকভাবে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে না, বরং মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতেও সহায়তা করে।
নিজের পছন্দের গান কি বেশি কার্যকর?
গবেষণায় নির্দিষ্ট কিছু গান ব্যবহার করা হয়েছিল। তবে ব্যক্তিভেদে গানের পছন্দ ভিন্ন। কারো কাছে ধীরগতির গান প্রশান্তির, আবার কারো কাছে প্রাণবন্ত সুরই মন ভালো করার উপায়। তাই নিজের পছন্দের গান শোনার ক্ষেত্রে এর প্রভাব ভিন্ন হতে পারে।
তবে গান কীভাবে মস্তিষ্ককে শান্ত করে, তা পুরোপুরি বুঝতে আরও গবেষণা প্রয়োজন। এ গবেষণায় অংশগ্রহণ করেছিলেন সুস্থ ও তরুণ ব্যক্তিরা, যাদের মধ্যে স্বল্পমেয়াদি মানসিক চাপ তৈরি করা হয়েছিল। তাই দীর্ঘদিন ধরে মানসিক চাপে থাকা ব্যক্তি কিংবা চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রেও একই প্রভাব দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তাহলে মানসিক চাপের মুহূর্তে পছন্দের গান শোনা সাময়িক স্বস্তির একটি উপায় হতে পারে। তবে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা উদ্বেগের ক্ষেত্রে শুধু গানের ওপর নির্ভর না করে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন