মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান এবং পুলিশ সুপার জসিম উদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে সফরে আসবেন। সফরকালে তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর কাঁঠালবাগানের একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় সানজিদা (২০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। এর ফলে, মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আগুনের ঘটনায় দগ্ধ সাবা (৩০) এবং তার দেড় বছর বয়সী ছেলে আর এস রহমান মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবার স্বামী আবদুর রহমান (২৯) এবং শামসুন নাহার (৫০)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কাঁঠালবাগানের সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে চুলার গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন দগ্ধ হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ