মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৪ পি.এম
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন। শুনানির সময় বেলা আড়াইটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে নেওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য, বদলি-পদোন্নতিতে অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) চূড়ান্ত হওয়ার আগেই উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও বিভাগীয় তদন্তের জোর দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রের মূল দিকসমূহ:
আবেদনকারী মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রকৌশলী মো. কায়কোবাদ চট্টগ্রাম জোন ও ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন।
অভিযোগের প্রধান দিকগুলো হলো:
* টেন্ডার ও কমিশন সিন্ডিকেট:ইলেকট্রো-মেকানিক্যাল (ই-এম) বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন তৈরি, দরপত্র নিয়ন্ত্রণ এবং ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন আদায়ের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
* অবৈধ সম্পদ ও বেনামি বিনিয়োগ: চাকরি জীবনে প্রাপ্ত বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ঢাকা (বিশেষত মোহাম্মদপুর এলাকা), সাভার ও ধামরাইসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট, বহুতল ভবন এবং জমির মালিকানা অর্জনের তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
* বদলি ও পদায়ন বাণিজ্য: দপ্তরের অভ্যন্তরে প্রভাব খাটিয়ে পছন্দের প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ জোনে পদায়ন এবং বদলি বাণিজ্যের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টিও অভিযোগপত্রে তুলে ধরা হয়।
প্রকৌশল খাতের স্বচ্ছতা ও টিআইবির পর্যবেক্ষণ:
সরকারি ক্রয় ও অবকাঠামো খাতে স্বচ্ছতা নিয়ে কাজ করা দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন সময়ে সরকারি প্রকৌশল ও নির্মাণ সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। টিআইবির বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও দাপ্তরিক প্রাক্কলন ফাঁস, যোগসাজশমূলক দরপত্র (সিন্ডিকেট) এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধির মতো অনিয়মের কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটছে। প্রকৌশল খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ না করা এবং প্রকল্প তদারকিতে জবাবদিহির অভাবের সুযোগেই এ ধরনের অনিয়মের অভিযোগ ওঠে।
দুদকের এখতিয়ার ও আইনি প্রক্রিয়া:
অভিযোগপত্রটি দাখিলের পর দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী এর আইনি গুরুত্ব রয়েছে।
আইন ও বিধিমালা অনুযায়ী:
* যাচাই-বাছাই ও অনুসন্ধান: দুদকের যাচাই-বাছাই কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করতে পারে।
* সম্পদ বিবরণী ও ক্রোক: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ও ২৭ ধারার অধীনে কমিশন সন্দেহভাজন ব্যক্তির সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করতে পারে এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ মিললে আদালতের অনুমতিসাপেক্ষে তা ক্রোক বা অবরুদ্ধ (ফ্রিজ) করার আইনি বিধান রয়েছে।
* প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা: সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, কোনো কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অসদাচরণ বা দুর্নীতির অভিযোগ উঠলে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে বা পরেও বিভাগীয় মামলা রুজু ও পেনশন-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখার সুযোগ প্রশাসনের হাতে রয়েছে।
অভিযুক্তের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ:
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়কোবাদের ব্যক্তিগত বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযোগকারী মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া আশা প্রকাশ করেছেন, জনস্বার্থে এবং সরকারি প্রকৌশল খাতের ভাবমূর্তি রক্ষায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুদক দ্রুত অভিযোগগুলো আমলে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রেস ব্রিফিং : ২৪- ১১- ২০২৬
ময়মনসিংহ ডিবি পুলিশের বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে আ ট ক চক্রের ৭ সদস্য ।
চক্রের সদস্যদের ময়মনসিংহ সানকিপারা সেন বাড়ি থেকে আটক করা
হয় । পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে আরোও বলেন চক্রের অন্যান্য সদস্যদের আ*টক প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় নকলের ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মধ্যে শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পদত্যাগ করেছেন। তিনি নকল প্রতিরোধে যথাযথ প্রস্তুতি গ্রহণে ব্যর্থতার জন্য দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
গত রবিবার, প্রেসিডেন্ট লি জে-মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এই ঘটনার ফলে দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থায় পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় গত সপ্তাহে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। প্রায় নয় ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি ভালো বেতনের চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রেও পরীক্ষাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। চলতি বছর এই পরীক্ষা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এর কয়েক দিন আগে, জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনা প্রকাশ পায়। ১৫ নভেম্বর, এক পরীক্ষার্থী স্বীকার করেন যে, সর্বোচ্চ নম্বর পাওয়ার উদ্দেশ্যে তিনি ছোট ক্যামেরা এবং স্মার্টফোন ব্যবহার করে নকল করেছিলেন। ওই ঘটনার পর সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
তবে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। ৭২ বছর বয়সী চোই কিও-জিন জবাবে বলেন, ‘আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই।’ শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে সমালোচনা আরও তীব্র হয়।
গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে চোই জানান, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক দিনের তথ্য সংগ্রহের পর কার্যক্রম বন্ধ রয়েছে। ওই দিন ১২৭ জন কৃষকের তথ্য নেওয়া হয়েছিল। পরে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু করেন, কাজ অসমাপ্ত রেখে। এদিকে, তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে স্থানীয় পর্যায়ে আপত্তি ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে তথ্য দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।
জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, জকিগঞ্জ সদর ইউনিয়নে কৃষিকার্ডের তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুলতানপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও সেখানে বাধার সম্মুখীন হয়ে কাজ অসমাপ্ত রাখতে হয়েছে। বর্তমানে বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ চলছে।
জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র জানান, সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেখানে কাজ বন্ধ রয়েছে। বারহাল ইউনিয়নের কাজ শেষ হলে সুলতানপুরে আবার তথ্য সংগ্রহ শুরু করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত করে পরবর্তী সময়ে সেখানে কার্যক্রম শুরু করা হবে।
বিএনপি নেতা ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আহমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, তথ্য সংগ্রহের কাজে হস্তক্ষেপ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি দাবি করেন, এ কারণে সুলতানপুরে কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। তিনি ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদের মাধ্যমে ওয়ার্ডের ছয়টি স্থানে মসজিদের মাইকে প্রচার করে কৃষকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়।
তথ্য সংগ্রহের জন্য মজলী গ্রামের সেলিম আহমদ ও মুজাম্মিল আলীর বাড়ি, সিরাজপাড়া গ্রামের হাজী নজিব আলী (ফুরুক) মেম্বারের বাড়ি, সকড়া গ্রামের কমর উদ্দিনের বাড়ি, মাঝবন্দ গ্রামের এখলাছুর রহমানের বাড়ি এবং ব্রাহ্মণগ্রামের একটি দোকান নির্ধারণ করা হয়।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এসব স্থানে উপস্থিত হন। তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সকাল থেকে অপেক্ষা করেও নির্ধারিত কয়েকটি স্থানে তাঁরা তথ্য সংগ্রহকারীদের পাননি। দুপুর পর্যন্ত অপেক্ষা করে অনেকে বাড়ি ফিরে যান। এক-দুটি স্থানে তথ্য সংগ্রহ করা হলেও সেদিন মোট ১২৭ জনের তথ্য নেওয়া হয়েছে বলে স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে। এরপর আর তথ্য সংগ্রহ না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
তথ্য দিতে না পেরে ফিরে আসা এক নারী বলেন, “আমার স্বামী দিনমজুর। কৃষিকার্ডের তথ্য নেওয়া হবে শুনে তিনি সেদিন কাজে যাননি। আমিও তাঁর সঙ্গে ছিলাম। সকালে নাশতা করে বের হয়ে সারাদিন অপেক্ষা করেছি। পরে বিকেলে তথ্য দিতে না পেরে বাড়ি ফিরেছি।”
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ তাঁকে ফোন করে ছয়টি স্থান নির্ধারণ ও মাইকিং করতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্থান নির্ধারণ করে প্রচার করা হয়। কিন্তু সেদিন অনেক মানুষ উপস্থিত হলেও তথ্য সংগ্রহের কাজ যথাযথভাবে না হওয়ায় তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন হাসান আহমদ। তিনি বলেন, জনবহুল ৯ নম্বর ওয়ার্ডে মাত্র কয়েকটি বাড়ি ও একটি দোকান নির্ধারণ করে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ভুল তথ্য সংগ্রহ এবং কৃষকদের ভোগান্তি কমাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে কৃষি কর্মকর্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
হাসান আহমদের ভাষ্য, একই বাড়িতে একাধিক পৃথক পরিবার থাকলে নির্ধারিত স্থানে সবার উপস্থিত হওয়া কঠিন। বিশেষ করে নারী কৃষক ও নমিনিদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা থাকলে সুবিধা হবে। তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে ভুল বার্তা ছড়ানোর অভিযোগ করেন হাসান আহমদ। তবে দেলোয়ার হোসেন লস্কর বলেন, এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। তথ্য সংগ্রহের দিন জরুরি কাজে অন্যত্র ছিলেন। এ বিষয়ে কৃষি অফিসের কোনো কর্মকর্তার সাথে কোনো কথা হয়নি। শুধুমাত্র শামীম মেম্বার সাহেব তাকে বিষয়টি অবগত করেছেন।
অন্যদিকে, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসান আহমদ তাঁর ইউনিয়নে কৃষি শুমারি করার জন্য বলে আসছিলেন। তথ্য সংগ্রহ করতে গেলে তাঁকে বাবুর বাজারের মডার্ন মেডিকেল সার্ভিসের কার্যালয়ে নিয়ে বিভিন্ন নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজনের প্রশ্ন, কৃষি অফিসের দুই কর্মকর্তার বাড়ি ৯ নম্বর ওয়ার্ডে হওয়ায় অন্য ওয়ার্ডের আগে সেখানে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছিল কি না। তবে এ বিষয়ে কৃষি অফিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, ফসল, মৎস্য বা প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত যেকোনো বাংলাদেশি নাগরিক কৃষিকার্ড পাওয়ার যোগ্য। জমির মালিক না হলেও ইজারা বা বর্গা নিয়ে চাষাবাদ করেন, এমন ব্যক্তিরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরকার স্বীকৃত কৃষি কার্যক্রমে যুক্ত ব্যক্তিরাও এর আওতায় আসবেন।
প্রচারপত্রে কৃষিকার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং জমির মালিকানা অথবা চাষাবাদের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য বা দলিলের কথা উল্লেখ করা হয়েছে। নারী কৃষকেরাও স্বতন্ত্রভাবে কৃষিকার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁরা অগ্রাধিকার পাবেন।
জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাঁচ শতকের কম জমির মালিক ভূমিহীন, ৫ থেকে ৪৯ শতক পর্যন্ত প্রান্তিক, ৫০ থেকে ২৪৯ শতক পর্যন্ত ক্ষুদ্র, ২৫০ থেকে ৭৪৯ শতক পর্যন্ত মাঝারি এবং ৭৫০ শতক বা তার বেশি জমির মালিক বড় কৃষক হিসেবে শ্রেণিভুক্ত হবেন।
প্রচারপত্র অনুযায়ী, কৃষিকার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিবিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, মুঠোফোনে আবহাওয়া ও বাজারের তথ্য এবং ফসলের চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া প্রতিটি কৃষককে ১৪ ডিজিটের একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার কথাও প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে বিতর্কের মধ্যে স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সুলতানপুর ইউনিয়নে দ্রুত কার্যক্রম পুনরায় শুরু হবে এবং কোনো প্রকৃত কৃষক তথ্য সংগ্রহের বাইরে থাকবেন না। এ জন্য তথ্য সংগ্রহের স্থান ও সময়সূচি আগাম প্রচার এবং নির্ধারিত স্থানে যেতে না পারা কৃষকদের তথ্য দেওয়ার বিকল্প সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ