ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামের উপসর্গে দেশে আরও ৯ জনের মৃত্যু


হামের উপসর্গে দেশে আরও ৯ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ঘটেছে। ঢাকা ও সিলেট বিভাগে সর্বাধিক তিনজন করে মারা গেছেন। একই সময়ে, পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ৪৩ জন ঢাকা এবং ২৫ জন সিলেটের বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ সকাল আটটা পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক এবং ২৬ হাজার ৩০০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনসহ মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে আ.লীগের স্লোগান সহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বলয়’ মূলত অন্তর্দ্বন্দ্বের গল্প: সামাজিক ও রাজনৈতিক বন্দিত্বের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


‘বলয়’ মূলত অন্তর্দ্বন্দ্বের গল্প: সামাজিক ও রাজনৈতিক বন্দিত্বের চিত্র

মানুষ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বারবার বন্দি হয়ে পড়ে। মুক্তির সন্ধানে বলয় ভাঙার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত কি সত্যিই মুক্তি পাওয়া যায়? থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়’ তিন ভিন্ন পেশার মানুষের আত্মদ্বন্দ্ব ও মুক্তির আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেছে। এটি প্রদর্শিত হয়েছে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।

কর্মজীবনে প্রবেশের পর, ব্যক্তি মানুষ এবং কর্মজীবনের মানুষের মধ্যে দ্বন্দ্বে হারিয়ে যায় তার নিজস্ব সত্তা।

সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বন্দি পেশাগত মানুষ মুক্তির আকাঙ্ক্ষা করে এবং সেই বৃত্ত ভাঙতে চায়। কিন্তু যখন এক বলয় থেকে বেরিয়ে আসে, তখন নতুন বলয়ে জড়িয়ে পড়ে। নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়’ এই ব্যতিক্রমি ভাবনাকে উপজীব্য করে তৈরি হয়েছে।

নাটকের প্রধান তিনটি চরিত্র হলেন রাজনীতিক, বিজ্ঞান চিন্তক এবং ধর্মতাত্ত্বিক। প্রত্যেকেই নিজেদের মেধায় পেশায় পরিপক্ব, কিন্তু কোথাও যেন তাদের মধ্যে একটি আকুলতা এবং মুক্তির বাসনা বিদ্যমান।

নাটকটির নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, "এটি মূলত অন্তর্দ্বন্দ্বের গল্প। জীবনের নানা ঘেরাটোপে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বলয়ে বন্দি।"

সংলাপনির্ভর এই নাটকে সংলাপই প্রকাশের প্রধান শক্তি হিসেবে কাজ করছে। অর্থবহ কথোপকথনে উঠে এসেছে ব্যক্তি, সমাজ, ক্ষমতা ও রাষ্ট্রের নানা অসংগতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


রাজশাহীতে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহী মহানগরী বাংলাদেশের একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে সুপরিচিত। এই নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় দেশব্যাপী প্রশংসা রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তারা।

রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, "সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব।"

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা হলোÑ‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ এই লক্ষ্য সামনে রেখে রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য তারা কাজ করে যাচ্ছেন।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এই পরিচিতি ধরে রাখতে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। তাই প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবন সহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।

তিনি আরো বলেন, তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। তিনি বিশ্বাস করেন, এই পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সবার জন্য উপকারী হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখবেন এবং অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন। কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার মূল লক্ষ্য। তিনি বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে এক সিটি কর্পোরেশনের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা অন্য সিটি কর্পোরেশনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব প্রদানের পরে পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা প্রদান করেন। তারা সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করেছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দিত। সুন্দর আয়োজন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ তারা দেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাজশাহীর এই অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান।

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালা শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রম সহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস প্রতিরোধে মাঠে এমপি ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস প্রতিরোধে মাঠে এমপি ফয়সল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংসদ অধিবেশন শেষ করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে আমি এলাকায় চলে এসেছি। দলের সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও বালু চোরের স্থান বিএনপিতে হবে না।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

পরে সংসদ সদস্য উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

পিরোজপুরের জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গোডাউন এলাকায় রাস্তা পারাপারের সময় আশ্রাফুল হাওলাদার (১২)কে একটি বেপরোয়া গতিতে আসা ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতেলে প্রেরণ করেন সেখানে নেওয়ার পর আশ্রাফুল মৃত্যুবরণ করেন। নিহত আশ্রাফুল উপজেলার ০৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়ীয়া গ্রামের মোঃ রাজীব হাওলাদারের ছেলে এবং সে এফ. করিম আলিম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে সহপাঠী সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%