প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাবি করেছে যে, জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ সরাসরি হত্যার শিকার হয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের তথ্য শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এসব কথা জানান। গুমের ঘটনা নিয়ে বাংলাদেশের ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এটি প্রথম যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা।
মঙ্গলবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় সাক্ষ্য দেওয়া সামরিক কর্মকর্তাদের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে জিয়াউল আহসান নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। প্রসিকিউশন শনাক্ত করতে পেরেছে যে, এর মধ্যে ১১৫ জনের বেশি মানুষকে তিনি সরাসরি হত্যা করেছেন। সাক্ষ্যেও এসব হত্যাকাণ্ডের বিবরণ উঠে এসেছে। চিফ প্রসিকিউটর মন্তব্য করেন, একক কোনো ব্যক্তির হাতে এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে ঘটেনি।
জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, বহু অপকর্মে জড়িত থাকার পরও তিনি বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। তিনি মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
মামলায় সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, এসব ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরের কারও পক্ষে এসব ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ফৌজদারি আইনে অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম আরও জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দিতে কমান্ডার সোহেলের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি ও বিভিন্ন অভিযানের এলাকায় নিয়ে যেতেন। পরে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের শেখানো ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মামলাটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবদানের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলাটি শুরু করা, আসামিকে গ্রেপ্তার এবং বিচারকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আগামীকালও মামলার শুনানি অব্যাহত থাকবে। বাকি সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের পর প্রসিকিউশন আইনের ব্যাখ্যা দেবে। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ধাপের শুনানি শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন