ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বালানি রূপান্তরে দক্ষ জনশক্তি গড়তে জার্মান উন্নয়ন সহযোগিতা ও বিপিএমআইয়ের যৌথ উদ্যোগ


জ্বালানি রূপান্তরে দক্ষ জনশক্তি গড়তে জার্মান উন্নয়ন সহযোগিতা ও বিপিএমআইয়ের যৌথ উদ্যোগ

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে যৌথ উদ্যোগ নিয়েছে জার্মান উন্নয়ন সহযোগিতা এবং বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)।

এর অংশ হিসেবে ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল এনার্জি সলিউশনস’ (স্কিলস৪এসই) প্রকল্পের আওতায় সৌর ও বায়ুশক্তিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত চার মাসে ৭৭ জন পেশাজীবী এ প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের মধ্যে ৬৪ জন সোলার ফটোভোলটাইক এবং ১৩ জন বায়ুবিদ্যুৎ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) পক্ষ থেকে জিআইজেড বাস্তবায়িত এ প্রকল্পটির লক্ষ্য হচ্ছে টেকসই জ্বালানি রূপান্তরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৌশল পেশাজীবীদের দক্ষতা বাড়ানো।

আরও পড়ুন: সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

এই উদ্যোগের অগ্রগতি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা নিয়ে আজ ঢাকায় ‘জাস্ট এনার্জি ট্রানজিশন: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ডেভেলপিং এ স্কিলড ওয়ার্কফোর্স ফর দ্য পাওয়ার সেক্টর’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকার, ইউটিলিটি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সোলার ফটোভোলটাইক, বায়ুবিদ্যুৎ, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং হাইব্রিড নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মতো খাতে দক্ষ জনশক্তির বাড়তে থাকা চাহিদা নিয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের কাউন্সেলর ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপমান বলেন, ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য শুধু নীতি, বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োজন নয়, আধুনিক জ্বালানি অবকাঠামো পরিকল্পনা ও পরিচালনায় সক্ষম দক্ষ জনশক্তিও অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিপিএমআইয়ের সঙ্গে জার্মান উন্নয়ন সহযোগিতার এ উদ্যোগ জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জনশক্তির চাহিদা পূরণে একটি ভালো উদাহরণ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন: রিজভী: গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচার করছেন

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন বিপিএমআইয়ের পাঠ্যক্রমকে শিল্প খাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষতা উন্নয়নের একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থান জোরদারে সুপারিশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক्टোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’

আজ বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্যে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

বিমান মন্ত্রী মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

টার্মিনালটি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। এর ফলে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিল্লাতকে অভিনন্দন জানান।

এসময় এটিজেএফবি’র সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বাকৃবি উপাচার্যের অভিনন্দন

ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। এ সময়, মহামান্য রাষ্ট্রপতির মেয়াদকালের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আজ সোমবার বিকেলে বাকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণেই তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়েছেন, যা অত্যন্ত যুগোপযোগী ও গৌরবময়।

তার আপসহীন পথচলা ও দীর্ঘ সংগ্রামের রাজনৈতিক জীবন নতুন প্রজন্মর জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়।

মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলে বাকৃবি পরিবার দৃঢ়ভাবে আশা প্রকাশ করে।

বার্তায় বাকৃবির অবদানের কথা তুলে ধরে উপাচার্য আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের ৬১ হাজার ৬৯৯ জন গ্র্যাজুয়েট দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। রাষ্ট্রপতির সুদৃঢ় ও অভিভাবকসুলভ দিক-নির্দেশনায় ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমাদের অগ্নিসংযোগ করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


আমাদের অগ্নিসংযোগ করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা

নুসরাত হত্যা মামলার রায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নুসরাতের মা শিরিন আক্তার। ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে সন্তোষ জ্ঞাপন করেছেন তার মা শিরিন আক্তার। তবে, তিনি বিভিন্ন ধরনের হুমকি ও অপপ্রচার নিয়ে অভিযোগ তোলেন এবং তার পরিবারের নিরাপত্তা দাবি করেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় শিরিন আক্তার বলেন, “নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল। কিন্তু আজকের রায়ের মাধ্যমে এটি আবারও হত্যাকাণ্ড প্রমাণিত হয়েছে। ‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।’”

তিনি আরও জানান, “আমাদের বাড়িঘরে আগুন দিয়ে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে আমাদের পরিবারের নিরাপত্তা চাই।”

নিরাপত্তায় নিয়োজিত ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, রায়কে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আসামিরা হলেন: সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।

এছাড়া চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়ার সিদ্ধান্ত আদালত নিয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নূর উদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন। খালাস প্রাপ্ত ১০ আসামির মধ্যে সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদরাসার গভর্নিং বডির তৎকালীন সহ-সভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল অন্যতম।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা রায়ের ঘোষণা দেন। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে এই রায় ঘোষণা করা হয়। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা পুরো রায় পড়ে শোনান। রায় ঘোষণার সময় আদালতকক্ষে আসামি ও ভুক্তভোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২০ আগস্ট নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও অন্যান্য বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করেন। এরপর মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রেক্ষিতে ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তৎকালীন বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়। এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ডেথ রেফারেন্সের জন্য মামলাটির রায়সহ নথিপত্র ২০১৯ এর ২৯ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায়। পরে এটি ১৪০/১৯ ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে অগ্রাধিকারের ভিত্তিতে ডেথ রেফারেন্সের পেপারবুক প্রস্তুত করা হয়। আসামিরাও আলাদাভাবে আপিল ও জেল আপিল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিল ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিল ইরাক

ইরান ও সৌদি আরবের মধ্যে আস্থার সংকট কাটানোর জন্য আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্দেশ্যে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক।

দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী রবিবার এই প্রস্তাব প্রকাশিত হয়।

ইরাকি প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি জানিয়েছেন, বাগদাদ ইতোমধ্যে তেহরান এবং রিয়াদের কাছে এই প্রস্তাব তুলে ধরেছে। তবে, প্রস্তাবিত পরিষদের কাঠামো, দায়িত্ব ও কার্যপ্রণালি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি। ইরান বা সৌদি আরবের পক্ষ থেকেও প্রস্তাবটি সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরাকিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাজি মন্তব্য করেন, “দুই দেশের মধ্যে সমস্যা মূলত আস্থার সংকট।”

তিনি আরও উল্লেখ করেন, এই আস্থার ঘাটতির মোকাবিলা করার জন্য নিরাপত্তা সহযোগিতার একটি কাঠামো গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে ইরাকের এই উদ্যোগ মাথায় এসেছে। সাম্প্রতিক সময়ে ইরান, সৌদি আরব ও তাদের সহযোগীদের মধ্যে বিভিন্ন নিরাপত্তা এবং সামরিক ইস্যু নিয়ে উদ্বেগের মাত্রা বেড়ে গেছে।

এদিকে, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আঞ্চলিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। তারা উত্তেজনা নিয়ন্ত্রণ এবং বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন।

ইরানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘকালীন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীদের নিয়ে অবিশ্বাস এখনও পুরোপুরি বিবেচিত হয়নি।

বাগদাদের নতুন প্রস্তাবের পিছনে সৌদি আরবের বিরুদ্ধে হামলার অভিযোগও একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গত ২৭ জুলাই সৌদি আরব জানিয়েছিল, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপিত বেশ কিছু ড্রোন তারা শনাক্ত ও ধ্বংস করেছে। রিয়াদ দাবি করে, এসব ড্রোন সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদে তেল স্থাপনার দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ এ হামলাগুলোর জন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়া’ গোষ্ঠীদের দায়ী করে এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করার কথাও জানায়।

অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি একই দিনে দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ দেন। সৌদি আরবের দেওয়া তথ্যে বলা হয়েছে, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কি না, তা নিরীক্ষণের জন্য বলা হয়েছে।

ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনায় কাসিম আল-আরাজি বক্তব্য রাখেন। তিনি জানান, দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে নিয়ে আসা ‘সম্পূর্ণভাবে ইরাকের নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত’।

তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ ও শান্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ইরাকি রাষ্ট্রের।

বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি দীর্ঘকাল ধরে দেশটির নিরাপত্তা ও রাজনীতির একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব গোষ্ঠীর কিছু অংশ হলো পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) কাঠামোর মধ্যে, কিন্তু অন্যান্য কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ওই কাঠামোর বাইরে সক্রিয়।

গত ৩ জুন ইরাকি সেনাবাহিনী ঘোষণা করেছে অস্ত্র নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠনের। দীর্ঘসময়ের নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কমিটিকে গুরুত্বপূর্ণ কাজ করা হবে।

ইরাকের মধ্যস্থতার নতুন উদ্যোগও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর আগে এই দেশটি ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতা করেছে। এবার এই দুই দেশের জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ওই মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে।

বাগদাদের প্রস্তাব বাস্তবে রূপ গ্রহণ করলে তেহরান এবং রিয়াদের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত সরাসরি যোগাযোগের একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার অভিযোগ এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা করা যেতে পারে।

তবে, ইরান বা সৌদি আরব প্রস্তাবটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই কারণে উদ্যোগটি কতদূর এগোবে, তা এখনই বলা সম্ভব নয়। সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%