ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কালিয়াকৈর বাইপাসে যানজটের অবসান, মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা


কালিয়াকৈর বাইপাসে যানজটের অবসান, মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস মোড়, যেখানে যাত্রীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল, সেই স্থানটি এখন আর আগের মতো নেই। দীর্ঘ সময় ধরে আটকে থাকা বাস-ট্রাকের লাইন, অ্যাম্বুলেন্সের আর্তনাদ এবং মানুষের হাহাকার ছিল প্রতিদিনের দৃশ্য। তবে, আজকাল সেই ভয়াবহ যানজটের চিত্র পরিবর্তিত হয়েছে। কালিয়াকৈর বাইপাসের পরিবেশ এখন অনেকটাই বদলে গেছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, শনিবার সকালে (২৪শে অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে আর আগের মতো দীর্ঘ যানজট নেই। কমলা জ্যাকেট পরিহিত কমিউনিটি পুলিশ সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ উপেক্ষা করে সুশৃঙ্খলভাবে গাড়ি পারাপার করছেন।

এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, বাইপাসে যানজটের প্রধান কারণ ছিল ইউ-টার্ন জটিলতা। এখানে আসা গাড়িগুলো ইউ-টার্ন নিতে অক্ষম ছিল, ফলে গাড়িগুলো বারবার সামনে-পেছনে চলে আসার কারণে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকত, যা মানুষের সময় নষ্ট করত।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

এই পরিস্থিতির কারণে কালিয়াকৈর পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্য হলো, যাতে মানুষ যানজটমুক্তভাবে চলাচল করতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, বড় গাড়িগুলো আর নিচ দিয়ে টান দিতে পারবে না। তারা ফ্লাইওভারের নিচ দিয়ে রুট পরিবর্তন করবে। ভেতর থেকে আসা গাড়িগুলো যদি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যায়, তাহলে যানজট হবে না।

দায়িত্বশীলরা আরও জানিয়েছেন, গতকাল শুক্রবার, পুরো ৫ মিনিটের জন্যও এখানে যানজট হয়নি। আজ শনিবারও একই অবস্থা বজায় রয়েছে। এই মনিটরিং অব্যাহত থাকবে। এখানে কোনো চাঁদাবাজি বা দুর্নীতি হবে না, যা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খানের কঠোর নির্দেশে নিশ্চিত করা হয়েছে।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের জনগণ এবং আইন মানতে কম আগ্রহী। রিকশাগুলো উল্টো চলে। একটি গাড়ির সাথে দুর্ঘটনা ঘটলে ৩/৪ জন যাত্রী মারা যায়। গাজীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে হোন্ডা, প্রাইভেট, অটো-রিকশা উল্টো চলতে দেওয়া হবে না।

ধাপে ধাপে সব কিছু শৃঙ্খলায় আসবে। আপাতত বড় গাড়িগুলোকে ফ্লাইওভার ব্যবহারে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, এই যানজটমুক্ত কমিউনিটি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা সদা প্রস্তুত। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আমাদের একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন, যাতে আমরা যানজটমুক্ত কালিয়াকৈর পৌরসভা ও বাসস্ট্যান্ড রাখতে পারি।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

স্থানীয় পথচারী রহিম মিয়া (৫৫) বলেন, "৫ বছর ধরে এখানে কষ্ট করছি। আগে ১ ঘণ্টা লাগতো, এখন ২ মিনিটে পার হয়ে যাচ্ছি।"

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন, যার ব্যানার ফ্লাইওভারের উপর শোভা পাচ্ছে, তিনিও মাঠে থেকে এই কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, "জনগণের ভোগান্তি আর সহ্য করা হবে না। এই বাইপাস হবে কালিয়াকৈরের যানজট মুক্ত।"

গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, জনভোগান্তি কমাতে শ্রমিক ফেডারেশন ও পৌরবাসীর সাথে সমন্বয় করে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ কোটি টাকার সেতুতে মই বেয়ে উঠতে হচ্ছে স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


৯ কোটি টাকার সেতুতে মই বেয়ে উঠতে হচ্ছে স্থানীয়দের

একটি ব্রিজ নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা খরচ করা হয়েছে। ব্রিজটিতে ওঠার জন্য নিচের দিকে মাটি ফেলে উঁচু করা হয়েছে এবং সেখানে মই বসানো হয়েছে। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষকে এই মই বেয়ে ব্রিজ পারাপার হতে হচ্ছে।

গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মাঝপথ কাওরাইদে সুতিয়া নদী পার হওয়ার জন্য এই ব্রিজটি ব্যবহৃত হচ্ছে। এই অভিনব ঘটনার খবর জানার পর জানা যায়, ৯ কোটি টাকার ব্রিজটি এখন স্থানীয়দের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সাধারণ মানুষ এটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন না। ফলে প্রতিদিন মাটি ও মই বেয়ে ব্রিজ পার হতে হচ্ছে।

সুতিয়া নদীর ওপর ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মূল ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়ক থেকে ব্রিজটির উচ্চতা ১৫ ফুট হওয়ায় সামান্য বৃষ্টিতে খাড়া ঢাল পিচ্ছিল হয়ে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। ব্রিজটির মাধ্যমে একাধিক প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা মঞ্জুরুল করিম জানান, "পুরো ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সংযোগ সড়কের জন্য সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে এখান দিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। এটা তো ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। প্রায় সব শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। বৃষ্টি হলে ব্রিজ দিয়ে চলাচল খুব কষ্টকর হয়।"

শিক্ষার্থী নাসরিন বেগম বলেন, "আগে অনেক উঁচু ছিল, রডের মতো কিছু দেওয়া ছিল, সেখান দিয়ে সেতুতে উঠতাম। এখান দিয়ে আমরা চলাচল করতে পারতাম না। এখন মাটি দেওয়া হয়েছে, মই দেওয়া হয়েছে। তবে এ রাস্তার বিকল্প আছে রেলওয়ে সেতু। সেখান দিয়ে চলাচলও তো খুব ঝুঁকিপূর্ণ। তাই ব্রিজটির কাজ শেষ করা হলে আমাদের যাতায়াত অনেক সহজ হতো।"

গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক জানান, "বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পটি অনূর্ধ্ব ১০০ মিটার। এখানে জমি অধিগ্রহণের জন্য কোনো অর্থের সংস্থান ছিল না। তবু সীমাবদ্ধতার বাইরে আমরা ব্রিজটি করে ফেলেছি। অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দ্রুত আসবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ইসরাইলের প্রতিরক্ষায় ৩ বছরে ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র গত তিন বছরে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তার করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

শুক্রবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি তুলে ধরেন। খবরটি মেহেরের মাধ্যমে প্রকাশিত হয়েছে।

আরাগচি তার পোস্টে উল্লেখ করেন, ‘গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে তাদের করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ ইন্টারসেপ্টর (ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্র) ব্যবহার করেছে, তা ইসরাইলের ব্যবহারের চেয়ে বেশি। তিনি জোর দিয়ে বলেন, ‘এটি কোনো প্রতীকী সম্পর্ক নয়; বরং এটি একটি পরজীবী সম্পর্ক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


সিরাজগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’

দেশে প্রথমবারের মতো ‘চর উৎসব’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলার যমুনা নদীতে নৌভ্রমণ, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনযাত্রাকে পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরা এবং বিচ্ছিন্ন জনপদের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শহরের বহু পরিবারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শুক্রবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চরাঞ্চলে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সমবায় ও সামাজিক সংগঠন ‘সমধারা’ আয়োজিত এ উৎসবের ইভেন্ট পার্টনার ছিল সিরাজগঞ্জের পর্যটন উদ্যোগ ‘স্মার্ট ট্যুরিজম’।

বাংলাদেশের পর্যটনে নদীকেন্দ্রিক ভ্রমণের গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যমুনা নদীতে নৌভ্রমণ, নদীর বুকে জেগে ওঠা চর, বিস্তীর্ণ বালুচর এবং চরের মানুষের জীবনযাত্রা পর্যটকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে পারে। এসব সম্ভাবনা তুলে ধরা এবং চরাঞ্চলকে ভিলেজ ট্যুরিজমের আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত করার ভাবনা থেকেই চর উৎসবের আয়োজন করা হয়।

চরের প্রকৃতি, গ্রামীণ জীবনযাত্রা, লোকসংস্কৃতি ও স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো হয় উৎসবের আয়োজন। এতে ছিল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিটুলি, বাউলসংগীত ও ঘুড়ি উৎসব। আকাশে উড়েছে নানা রঙের ঘুড়ি। উৎসবে শিশুদের মধ্যে ঘুড়ি ও খাবার বিতরণ করা হয়। চরের মানুষের অংশগ্রহণে উৎসবের সব আয়োজন সম্পন্ন হয়। সাজসজ্জায় ব্যবহার করা হয় সিরাজগঞ্জের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য গামছা। খাবার পরিবেশন থেকে শুরু করে সাজসজ্জার বিভিন্ন অনুষঙ্গে ছিল গ্রামীণ জনপদের নিজস্বতা ও ঐতিহ্যের ছোঁয়া।

উৎসবে অতিথিদের কলাপাতায় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পিটুলি। বাউলসংগীত, ঘুড়ি ওড়ানো এবং চরের পরিবেশ উপভোগের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন। শহরের পরিবারগুলোর পাশাপাশি শিশুদের কাছে চরের প্রকৃতি, গ্রামীণ সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

সমধারার সভাপতি ও সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি উৎসবে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চরের রয়েছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা। যমুনা নদীতে নৌভ্রমণ এবং চরাঞ্চলের প্রকৃতিকে ঘিরে পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। চর উৎসবের মধ্য দিয়ে আমরা চরের সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতে চেয়েছি। চরের মানুষকে সম্পৃক্ত করে স্থানীয় খাবার, সাজসজ্জা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আয়োজনটি করা হয়েছে, যাতে শহরের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম চরের জীবন ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। আমাদের লক্ষ্য, এ ধরনের উৎসব ও জমায়েতের মাধ্যমে বিচ্ছিন্ন জনপদের মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানো, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং ভিলেজ ট্যুরিজমের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করা।’

সমধারার সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতীক মাহমুদ বলেন, ‘সিরাজগঞ্জে প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজনের মধ্য দিয়ে চরের মানুষের জীবনযাপন, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানকার মানুষের সঙ্গে অতিথিদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চল সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ুক এবং চরের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক।’

স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা মো. আসলাম উদ্দিন বলেন, ‘সিরাজগঞ্জ তথা চরাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে এ আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, দেশের পর্যটনের নতুন ঠিকানা হিসেবে চরাঞ্চলকে পরিচিত করার ক্ষেত্রে চর উৎসব একটি নতুন সংযোজন হবে। সামনের দিনগুলোতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে আমরা ভিলেজ ট্যুরিজমকে এগিয়ে নিতে চাই।’

চর উৎসবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, লেখক ও সংগঠক শ্যামলী খান, কবি শামীমা আফরোজ হ্যাপি, উদ্যোক্তা শামীমা সুলতানা সাথী, সমধারার কোষাধ্যক্ষ বাবলা বাশার, ব্যবসায়ী এনামুল প্রবালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজকদের প্রত্যাশা, চর উৎসবের মতো উদ্যোগের মাধ্যমে যমুনা নদীকেন্দ্রিক নৌভ্রমণ ও চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটনের নতুন গন্তব্য হিসেবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে শহরের মানুষের সঙ্গে চরের বাসিন্দাদের যোগাযোগ বাড়বে, নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে ভিলেজ ট্যুরিজমের বিকাশের পথ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন':ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন

ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওই ইউএনও বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শনে যান সংসদ সদস্য জাহিদুর রহমান। সেখানে বক্তব্যে তিনি বলেন, ‘আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে আবারও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান প্রার্থী হিসেবে থাকবেন। আপনারা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

এমপির দুই মিনিটের বেশি সময়ের ওই বক্তব্যের সময় পাশে বসা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারকে সবার আগে হাততালি দিতে দেখা যায়। পুরো বক্তব্যজুড়েই তাকে করতালি দিয়ে সমর্থন জানাতে দেখা গেছে। একজন সরকারি কর্মকর্তা হয়ে রাজনৈতিক ও নির্বাচনি বক্তব্যে এভাবে প্রকাশ্যে করতালি দেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।
 
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, ‘তাহলে লিখে দেন, এমপির সাথে ইউএনও নির্বাচনি প্রচারণায়। আপনি শোনেন, এভাবে বলেন যে, ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ, ঠিক আছে?’
 
নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ। তাহলে আপনার ওই অংশটুকুই খালি ক্লিপে বের করেন আর লিখে দেন, যাতে করে আমি একটু ভাইরাল হই সারা দেশে। আই ওয়ান্ট টু বি ভাইরাল, ওকে?’
 
ইউএনও আরও বলেন, ‘এগুলোর বাইরে যাওয়ার ক্ষমতা আমার কেন, আমার সেক্রেটারিরই নাই, আমার ডিসি স্যারের নাই, আমার কমিশনার স্যারের নাই। পরিষদের আমি প্রশাসনিক কর্মকর্তা। সব কাজ সংসদ সদস্যকে জিজ্ঞেস করে করতে হবে। চিঠি আছে আমার কাছে, দেখবেন আপনি?’
 
সরকারি কর্মকর্তার এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা কীভাবে একজন এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দিতে পারেন? যেখানে এমপি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, সেখানে ইউএনও অতিউৎসাহী হয়ে সবার আগে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে পড়েছেন ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%