০৪:৩২ পি.এম
তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই বিষয়ে মন্তব্য করেন।
ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): ২০০৮ সালের সাধারণ নির্বাচনসহ বিগত সময়ের সকল বিতর্কিত নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ের নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের প্রতিটি নির্বাচনের সঠিক ইনভেস্টিগেশন বা তদন্ত হওয়া প্রয়োজন। নির্বাচনী অনিয়মগুলো দেশের শাসনব্যবস্থা এবং গণতন্ত্রকে চরম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।’
২০১৮ সালের দিনের ভোট রাতে হওয়ার ঘটনার মতো নজিরবিহীন জালিয়াতির বিষয়ে তিনি আলোচনা করেন এবং বলেন, নির্বাচনী অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।
সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি হত্যা মামলা সম্পর্কে ডা. জাহেদ উর রহমান মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে সদিচ্ছার অভাবের কারণে এই মামলার তদন্ত দীর্ঘ হয়েছিল। তবে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কঠোর প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তিনি বলেন, সদ্য ঘটে যাওয়া তনু হত্যার তদন্ত যেমন নতুন করে গতি পেয়েছে, ঠিক তেমনই সাগর এবং রুনি হত্যাসহ পূর্বে ঘটে যাওয়া এবং ঝুলে থাকা সকল ফৌজদারি অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং সঠিক বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছেন।
জুলাই আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের সহায়তা সম্পর্কেও তিনি বলেন, শহীদ এবং আহত সাংবাদিকদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্দোলনে সাংবাদিকদের অসামান্য ত্যাগকে নথিভুক্ত করতে বিশেষ প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলমান রয়েছে।
সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তবে পদত্যাগ করার পর যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দেশের শিল্পখাতে গ্যাস এবং জ্বালানি সংকট বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের ভুল নীতি এবং অলিগার্কদের সুবিধা দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংকট কাটাতে ভোলার গ্যাসের ব্যবহার বাড়ানো এবং সমুদ্রে নতুন গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম ধাপ শুরু হলে পর্যায়ক্রমে সকল স্তরের নির্বাচন সম্পন্ন হতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং ৫ আগস্টের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্ধারিত সময়সূচিতে জুলাই যাদুঘরের উদ্বোধন এবং স্মারক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন