ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থসংস্থান কেলেঙ্কারি: পদত্যাগ করলেন ব্রিটিশ দল ‘রিফর্ম ইউকে’র দুই শীর্ষ কর্মকর্তা


অর্থসংস্থান কেলেঙ্কারি: পদত্যাগ করলেন ব্রিটিশ দল ‘রিফর্ম ইউকে’র দুই শীর্ষ কর্মকর্তা

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল ‘রিফর্ম ইউকে’ নতুন করে আর্থিক অনিয়মের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দলটির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগের খবর প্রকাশিত হয়েছে, যা জালিয়াতির মাধ্যমে প্রচারণার অর্থ সংগ্রহের অভিযোগের পর এসেছে।

পদত্যাগকারী দুই কর্মকর্তা হলেন—রিফর্ম ইউকে-র পলিসি প্রধান জেমস অর এবং দলের নেতা নাইজেল ফারাজের দীর্ঘদিনের সহযোগী ড্যান জুকস।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘চ্যানেল ৪ নিউজ’-এর একটি ছদ্মবেশী অনুসন্ধানী প্রতিবেদনে নির্বাচনী অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ড্যান জুকস বিদেশের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ বা পোলিংয়ের অর্থ সংগ্রহের প্রস্তাব দিচ্ছেন। তিনি এমনকি ব্রিটিশ আইন এড়িয়ে বিদেশ থেকে অনুদান আনার উপায়ও দেখিয়ে দেন।

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

বার্ষিক দলীয় সম্মেলন শুরুর ঠিক আগের দিন এই পদত্যাগের ঘটনা ফারাজের দলকে চরম অস্বস্তিতে ফেলেছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী লিবারেল ডেমোক্র্যাটরা বিষয়টি পুলিশে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে রিফর্ম ইউকে-র প্রধান নাইজেল ফারাজ বলেছেন, "দল হিসেবে আমরা কোনো আইন ভাঙিনি। তবে ফাঁস হওয়া কথোপকথনগুলো দেখতে ভালো দেখায় না। তাই দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।"

এটি উল্লেখযোগ্য যে, নাইজেল ফারাজ ও তার দলের বিরুদ্ধে এর আগে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বিলিয়নেয়ার ক্রিস্টোফার হারবোর্নের কাছ থেকে ৫০ লাখ পাউন্ডের একটি অপ্রকাশিত ব্যক্তিগত উপহার গ্রহণের বিষয়ে তার বিরুদ্ধে সংসদীয় ও অপরাধ সংক্রান্ত তদন্ত চলছে। সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়িতে মিলল জনপ্রিয় গায়কের পচাগলা মরদেহ, কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


বাড়িতে মিলল জনপ্রিয় গায়কের পচাগলা মরদেহ, কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন

লুধিয়ানার বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই শিল্পীকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।কয়েক দিন ধরে বাড়িটি বন্ধ থাকায় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে শুরু করায় বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সহায়তায় বাড়ির দরজা খোলে।ভেতরে একটি বিছানার ওপর বলজিতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েক দিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল।পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে এই গায়কের। জানা গেছে, বলজিৎ বাড়িতে একাই থাকতেন।বেশ কয়েক দিন ধরে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। বাড়ি থেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়।এ ঘটনায় ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত বলজিতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।এদিকে বলজিতের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এই গায়ক। তাঁর ধারণা, ফের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বলজিৎ পড়ে যেতে পারেন। সেই সময় কোনোভাবে আঘাত পাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়ে অভিবাসন শিক্ষার্থীদের ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়ে অভিবাসন শিক্ষার্থীদের ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নথিবিহীন বা বৈধ অভিবাসন মর্যাদা না থাকা শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডা বোর্ড অব গভর্নরসের ভোটে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, যারা ভবিষ্যতে ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রে আইনগতভাবে অবস্থানের প্রমাণ থাকতে হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী, অভিবাসী পরিবার এবং অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নতুন নিষেধাজ্ঞাটি ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। তবে এটি মূলত নতুন ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ বর্তমানে ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত নথিবিহীন শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের কারণে তাদের বর্তমান পড়াশোনা হারাবেন না। কিন্তু ভবিষ্যতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া নথিবিহীন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বন্ধ হয়ে যাবে।

ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার শিক্ষার্থী আলেকজান্ডার ভ্যালেহোস এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন। তিনি জানান, খবরটি শুনে তার হৃদয় ভেঙে গেছে এবং পুরো বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। ভ্যালেহোসকে মাত্র এক বছর বয়সে তার বাবা-মা যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। তিনি আগে পাম বিচ স্টেট কলেজে পড়াশোনা করেছেন এবং আগামী বসন্তে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা থেকে স্নাতক হওয়ার পরিকল্পনা করছেন।

 

নতুন সিদ্ধান্তের ফলে ভ্যালেহোসের নিজের পড়াশোনায় কোনো প্রভাব পড়ছে না। তবে তার চেয়ে কম বয়সী নথিবিহীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। তার আশঙ্কা, যারা এখনো উচ্চশিক্ষায় যাওয়ার বয়সে পৌঁছায়নি, তারা ফ্লোরিডার সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হারাবে। ভ্যালেহোস বলেন, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। কিন্তু একই পরিস্থিতিতে থাকা অন্য শিক্ষার্থীদের কথা ভেবে তার খুব খারাপ লাগছে।

ফ্লোরিডায় সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নথিবিহীন শিক্ষার্থীদের বিষয়ে এটি সাম্প্রতিক সময়ে নেওয়া দ্বিতীয় বড় সিদ্ধান্ত। এর আগে গত জুনে স্টেট বোর্ড অব এডুকেশন ফ্লোরিডা কলেজ ব্যবস্থার আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি নিয়ে নতুন নিয়ম অনুমোদন করে। ওই নিয়ম অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মার্কিন নাগরিক অথবা যুক্তরাষ্ট্রে আইনগতভাবে অবস্থানরত হতে হবে। ফলে ফ্লোরিডার সরকারি উচ্চশিক্ষা ব্যবস্থায় নথিবিহীন শিক্ষার্থীদের সুযোগ আরও সংকুচিত হয়েছে।

বৃহস্পতিবারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ফ্লোরিডার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে থাকা অভিবাসীদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুমোদিত হওয়ায় তিনি সন্তুষ্ট। ডেস্যান্টিসের বক্তব্য, ফ্লোরিডার বাসিন্দা এবং আমেরিকান নাগরিকদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। তার এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন অঙ্গরাজ্যের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর জে কলিন্সও এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি মন্তব্য করেন, ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তাদেরই পড়াশোনার সুযোগ থাকা উচিত যারা যুক্তরাষ্ট্রে আইনগতভাবে অবস্থান করছেন। ফ্লোরিডার করদাতাদের অর্থ এমন ব্যক্তিদের শিক্ষার সুযোগে ব্যয় করা উচিত নয়, যারা আইন ভেঙে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলেও তিনি জানান। তার বক্তব্য অনুযায়ী, ফ্লোরিডা ও আমেরিকার নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই রাজ্য সরকারের দায়িত্ব।

অন্যদিকে, নথিবিহীন শিক্ষার্থী ভ্যালেহোস বলেছেন, তার মতো শিক্ষার্থীরা কোনো বিশেষ সুবিধা বা সরকারি সহায়তা চাইছেন না। তারা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ চান এবং সেই সুযোগ পেলে নিজেদের পরিশ্রমে এগিয়ে যেতে চান। তিনি বলেন, তারা কারও কাছ থেকে দান বা বিনামূল্যের সুবিধা চাইছেন না। শুধু পড়াশোনা করার সুযোগ পেলে পরবর্তী পথ তারা নিজেদের যোগ্যতা ও পরিশ্রম দিয়েই তৈরি করতে চান।

এদিকে, বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের জন্য ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ফ্লোরিডার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়ায় এর বাস্তব প্রয়োগ কীভাবে হবে, তা নিয়ে এখন নজর রয়েছে। বিশেষ করে ভবিষ্যতে নথিবিহীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ কতটা সীমিত হবে, সেটিই আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচম বিদেশে রপ্তানির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশসহ বিশ্বের অনেক মানুষই চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও এ অঞ্চলের ঐতিহ্যের অংশ। এই পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি সবার দায়িত্ব।"

তিনি আরও বলেন, "টাঙ্গাইলের ঐতিহ্য ও অর্জন মানুষের মাঝে তুলে ধরতেই এ আয়োজন। ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে ঐতিহাসিক ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চান তারা। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।"

মিষ্টি উৎসবের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "টাঙ্গাইলের পণ্য মানুষের কাছে তুলে ধরা এবং সারাদেশের মানুষের কাছে স্থানীয় ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।"

তিনি উল্লেখ করেন, "নির্বাচনের আগে গোপালপুরের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, চমচম ও আনারস নিয়ে কথা বলেছিলেন। টাঙ্গাইলের চমচম কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।"

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, "চমচম শিল্পের প্রসার ঘটাতে পারলে একদিকে দেশের রপ্তানি আয় বাড়বে, অন্যদিকে এ শিল্পে মানুষের আগ্রহ ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে প্রান্তিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।"

টাঙ্গাইলের তাঁতশিল্পের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "টাঙ্গাইলের শাড়ির বিদেশে ব্যাপক কদর রয়েছে। এ ঐতিহ্য ধরে রাখতে তাঁতিদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে। প্রান্তিক পর্যায়ে যারা শাড়ি তৈরি করেন, তাদের স্বল্প সুদে আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।"

তিনি আরও জানান, "ইতিমধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তাঁতিদের সঙ্গে কথা বলে একটি তাঁতি সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে তাঁতশিল্পকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনা ও শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরা এবং স্থানীয় পণ্যের প্রসারে প্রথমবারের মতো ৪ থেকে ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’ আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে জেলার ১২ উপজেলা থেকে ২৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ২০টি স্টলে ঐতিহ্যবাহী মিষ্টি এবং তিনটি স্টলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রদর্শন করা হচ্ছে।

এর আগে বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ‘সুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, "টাঙ্গাইলের জিআই পণ্য শুধু টাঙ্গাইলের নয়, এগুলো বাংলাদেশের গর্ব"- এই বার্তা ছড়িয়ে দেওয়াই উৎসবের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকেও এগিয়ে নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার নীতি দেশ বাঁচাও-মানুষ বাঁচাও, সব মানুষ এক: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


খালেদা জিয়ার নীতি দেশ বাঁচাও-মানুষ বাঁচাও, সব মানুষ এক: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশের ফ্যাসিবাদি শক্তি যখন তাসের ঘরের মতো ভেঙ্গে পালিয়ে যায়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, "কোন প্রতিশোধ নয়, কোন প্রতিহিংসা নয়, দেশ বাঁচাও মানুষ বাঁচাও- সব মানুষ এক, তোমরা সবার পাশে থাকো"। এই মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী আরও জানান, সে সময় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী, খৃষ্টান ও বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে একটি স্বাভাবিক ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা চিন্তিত ছিলেন, "আমাদের কী আবার লুটপাটের শিকার হতে হবে? আমরা কী দেশে থাকতে পারবো? উৎসব পালন করতে পারবো?" এসব প্রশ্ন নিয়ে আতঙ্ক ছিল। এ পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাগুরার সাহদোহায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

 

মন্ত্রী উল্লেখ করেন, "গত নির্বাচনে শত ভাগ হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে বিএনপি’র প্রার্থীদের, এটা আমরা কেউ অস্বীকার করি না।" তিনি বলেন, এর ফলে আমাদের দায়বদ্ধতা অসীম। তিনি আরও বলেন, "আমরা দুইটা মসজিদ করলে একটা মন্দির করি। একটা গোরস্থান করলে একটা শ্মশান করি।" তিনি জানান, "আমরা নিয়মিত বরাদ্দ দিয়ে যাচ্ছি। আমাদের কাছে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই।"

এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবতা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।

এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%