১০:৪৭ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম শুরু হওয়ার পর যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সন্ধ্যা ৭টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় উপস্থিত হন মন্ত্রী। এ সময় তিনি অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং জানতে চান, লাগেজ পেতে কত সময় লাগছে। যাত্রীরা নতুন এই ব্যবস্থার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন: সামান্তা শারমিনের পদাবনতি: পুনর্গঠিত এনসিপিতে কার স্থান কোথায়?
মন্ত্রী বলেন, যাত্রীরা তাঁকে জানিয়েছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে, এই সেবার মান বজায় রাখা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয়। যাত্রীসেবার মানোন্নয়ন ও লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে, সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকার বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। আপাতত যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম ও মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মান বাড়ানো, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে।
পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন