প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্স চালু করা হবে, উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, গবেষণা এবং ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এই কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে দুই প্রতিষ্ঠানের সম্মতিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।
এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এসব প্রশিক্ষণের ফি ও শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ করার পাশাপাশি শ্রমবাজারের প্রবণতা এবং দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা করবে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি, ইন্টার্নশিপ এবং চাকরির ব্যবস্থা করতেও জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্রেইন সিস্টেম লিমিটেড যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সংযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর এই প্রথম বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া ও আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং পরিচালক এস কে তারেক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন