ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর


কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর

পিরোজপুরের কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত প্রসপেক্টাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের বন্দনার অভিযোগে অধ্যক্ষসহ তিন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টায় তাদের পুলিশের জিম্মায় দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে কলেজ থেকে প্রসপেক্টাস বই বিতরণ করা হয়। বইটির চতুর্থ পাতায় বিগত সরকারের সময়ের একটি লেখায় শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা’ ও তাঁর বদৌলতে কাউখালী মহাবিদ্যালয়টি সরকারীকরণ হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া মহাবিদ্যালয়ের শপথবাক্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তুলবো’ মর্মে উল্লেখ থাকায় সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে।
বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে শত শত শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন এবং অধ্যক্ষসহ প্রকাশনার দায়িত্বে থাকা শিক্ষকদের অবরুদ্ধ করেন। খবর পেয়ে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাঃ জহিরুল ইসলাম এবং কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার সন্ধ্যায় কলেজে পৌঁছে তদন্ত শুরু করেন। এ সময় কলেজের বাইরে শিক্ষার্থীরা প্রকাশিত ওই বইয়ে আগুন ধরিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও স্লোগান দেয়।
বিক্ষোভকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রকাশনার দায়িত্বে থাকা শিক্ষকরা আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
পরবর্তীতে স্থানীয় সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্থতায় এবং প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে অবরুদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, বই প্রকাশনা দায়িত্বে থাকা ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাঃ মনিরুল ইসলাম ও প্রভাষক রিপন কুমার দাসকে পুলিশের জিম্মায় সোপর্দ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তারা ফ্যাসিবাদের দোসর এবং গুপ্ত রাজনীতির সাথে যুক্ত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল জানান, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং এই কলেজে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করছি।
এ বিষয়ে কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এই প্রকাশনার বিষয়ে আমি কিছু জানি না, আমি একটি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি এটি করেছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাঃ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

ইস্তাম্বুল, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যাত্রা করার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন।

সাক্ষাৎকালে, বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে, যা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেন। পরে তিনি তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


বাংলাদেশ-চীন সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বাংলাদেশ-চীন সম্পর্ককে আরো জোরদার ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে ‘বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণসংযোগ কেন্দ্র’র উদ্যোগে আয়োজিত ‘চীনের জাতীয় দিবস’ উদযাপন ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যাশা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, "চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিতেন।" তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী ইয়াও ওয়েনের বিদায়ে দুঃখ প্রকাশ করে বলেন, "গত প্রায় চার বছর বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহতভাবে সহযোগিতা করেছেন।" তার অবদান বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, "বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সামনে আরও এগিয়ে নিতে আমরা আগ্রহী।" প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামের বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক অগ্রগতি: তো লাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ভিয়েতনামের বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক অগ্রগতি: তো লাম

ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। তিনি উল্লেখ করেছেন, শিগগিরই দুই দেশের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। মঙ্গলবার ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক শেষে তো লাম এই মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বৈঠকে তো লাম দুই দেশের মধ্যে যেসব বাণিজ্য বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসব বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার তদন্তসংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ভিয়েতনাম সরকারের বিবৃতিতে বলা হয়েছে, একটি বাণিজ্যচুক্তি হলে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের জন্য একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে উঠবে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরো সুসংগঠিত করার সুযোগ সৃষ্টি হবে।

আরো পড়ুন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

ভিয়েতনাম একটি রপ্তানিনির্ভর দেশ হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে বড় রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভিয়েতনামের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে তো লাম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য উদ্বৃত্ত কমানোর জন্য তার দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং দেশটি থেকে আরও বেশি পণ্য ক্রয়ের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের বক্তব্যও ভিয়েতনাম সরকার তুলে ধরেছে। গ্রিয়ারের মতে, দুই দেশের আলোচনাকারীরা চুক্তি নিয়ে উল্লেখযোগ্যভাবে কাজ করেছেন। আলোচনায় বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে এবং এখন তা চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউ ও ফিলিপাইনের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ইইউ ও ফিলিপাইনের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ফিলিপাইনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে একটি সম্মতি অর্জিত হয়েছে। মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তার আলোচনা হয়েছে। ওই আলোচনায় উভয় পক্ষ একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইইউ এবং ফিলিপাইনের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা বেশ কয়েক দফায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের মে মাসে ষষ্ঠ দফার আলোচনা সম্পন্ন হয়। ওই দফায় পণ্যবাজারে প্রবেশের সুযোগ, সরকারি ক্রয় এবং বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইইউ এবং ফিলিপিন্সের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও উল্লেখযোগ্য। ২০২৫ সালে উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৭ দশমিক ৬ বিলিয়ন ইউরো। অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে উভয় পক্ষ একটি বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে আসছিল।

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি : তো লাম

নতুন চুক্তির ফলে ফিলিপাইনের সঙ্গে ইইউর বাণিজ্য সম্পর্ক আরও সহজতর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বর্তমানে ফিলিপাইন ইইউর দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা উপভোগ করছে। নতুন চুক্তির মাধ্যমে দেশটি সেই সুবিধার পরিবর্তে আরও বিস্তৃত মুক্ত বাণিজ্য কাঠামোর আওতায় আসবে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষের সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ইউরোপীয় এবং ফিলিপাইনের বিনিয়োগকারীদের একে অপরের বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার প্রচেষ্টা থাকবে। এছাড়া পণ্য ও বাণিজ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনার সুযোগও সৃষ্টি হবে। এর ফলে উভয় পক্ষের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মুক্ত বাণিজ্য চুক্তিটি কার্যকর হলে পণ্য ও সেবার বাণিজ্যে বিভিন্ন বাধা কমানোর পাশাপাশি ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করার পথ তৈরি হবে। তবে চুক্তিটি কার্যকর করতে পরবর্তী ধাপে এর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%