মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১২:৫৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, নাসিরনগরের ধরমন্ডল ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের দুটি দলের মধ্যে একটি প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছিল। খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৩-০ পয়েন্টের ব্যবধানে শিমুলঘর দলকে পরাজিত করে।
অভিযোগ রয়েছে, খেলা শেষ হওয়ার পর শিমুলঘর দলের কয়েকজন খেলোয়াড় বিজয়ী দলের দুই খেলোয়াড়কে ঘিরে ধরে আটকানোর চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই দলের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়লে মাঠজুড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
এই সংঘর্ষের ঘটনায় খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে। ঘটনার পর উভয় দলের খেলোয়াড়রা এলাকা ছেড়ে চলে যান।” তিনি আরও যোগ করেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভবিষ্যতের বাজার স্থিতিশীলতা বজায় রাখার জন্য বৃহৎ সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। তারা ঘোষণা করেছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন করবে।
রবিবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে জোটের শীর্ষ সাত সদস্য— সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান— বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই নতুন চুক্তিতে একমত হয়।
২০২৩ সালের এপ্রিল ও নভেম্বরে স্বেচ্ছায় তেল উৎপাদন কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি থেকে ধীরে ধীরে সরে আসার লক্ষ্যে নেয়া হয়েছে এই পদক্ষেপ।
সঙ্গে, ২০২৪ সালের জানুয়ারি থেকে যেসব দেশ নির্ধারিত সীমার চেয়ে বেশি তেল উৎপাদন করেছে, তাদের ক্ষতিপূরণও দ্রুততর হবে এই সমন্বয়ের মাধ্যমে। বাজার পরিস্থিতির পর্যালোচনার জন্য আগামী ৬ সেপ্টেম্বর সদস্য দেশগুলো আবার বৈঠকে বসবে।
অন্যদিকে, ওপেক প্লাসের জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটির (জেএমএমসি) ৬৭তম বৈঠকেও বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা আন্তর্জাতিক নৌপথটি সুরক্ষিত রাখার ওপর গুরুত্বারোপ করেছে যাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।
কমিটি সতর্ক করেছে, জ্বালানি স্থাপনায় যে কোনো প্রকার হামলা বা নৌপথে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে তেলের সরবরাহ কমে যেতে পারে, যা চরম অস্থিতিশীলতা তৈরি করবে।
এই ছাড়া, ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা মেরামতের বিষয়টি বেশ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হতে পারে।
বৈঠকে গত মে ও জুন মাসের উৎপাদন তথ্য পর্যালোচনা করে জেএমএমসি সদস্য দেশগুলোর নীতি পালন করার জন্য তাদের প্রশংসা করেছে।
২০২৪ সালের ডিসেম্বর ও ফেব্রুয়ারি মাসের চুক্তি অনুযায়ী, তারা আগামীতে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকবে।
প্রয়োজনে যেকোনো সময় জরুরি বৈঠক আয়োজনের ক্ষমতাও নিজেদের হাতে রেখেছে জেএমএমসি। পরবর্তী ৬৮তম বৈঠক আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আসামি মামুনকে সিএমএম ১১ নম্বর আদালতে নিয়মিত হাজিরার জন্য আনা হয়। শুনানি শেষে তাকে আবার হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটি দেন। পরে ডিএমপি প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবলের সঙ্গে হাজতখানায় প্রবেশের আগে নিয়মিত তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দায়িত্বপ্রাপ্ত হাজত ইনচার্জের সন্দেহ হলে পাউরুটিটি পরীক্ষা করা হয়। অদূরেই পাউরুটির ভেতরে কাগজে মোড়ানো তিনটি ছোট গাঁজার পুরিয়া এবং তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল গণমাধ্যমকে বলেন, আমি দায়িত্বে থাকা কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। আসামিকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তার স্বজনরা খাবার দেওয়ার জন্য জোরাজুরি করছিল। কনস্টেবল প্রথমে রাজি না হলেও মানবিক বিবেচনায় একটি পাউরুটি নিতে দেন। রুটিন তল্লাশিতে প্রথমে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারণ তখন কারও ধারণা ছিল না যে পাউরুটির ভেতরে মাদক লুকিয়ে রাখা হতে পারে। পরে আবার পরীক্ষা করে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। সেটি খুঁটিয়ে দেখার পর ভেতর থেকে গাঁজার কয়েকটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। এরপর সংশ্লিষ্টদের খোঁজ করা হলেও যারা খাবারটি দিয়েছিল, তারা ইতোমধ্যে চলে যায়।
এদিকে ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটেজ দেখে কে খাবারটি দিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। প্রয়োজনে হাজতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন অপর্না রায় দাস এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বাবু মিল্টন বৈদ্য। ছবি: কোলাজ।
আজ রোববার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্বের বিদ্যমান সকল কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আছেন অপর্না রায় দাস, সিনিয়র সহ-সভাপতি রমেশ দত্ত, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বাবু মিল্টন বৈদ্য এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি সমসাময়িক প্রায় সকলের সঙ্গেই জুটি বেঁধেছেন। অন্যদিকে, মালাইকা চৌধুরী তার ক্যারিয়ার সবে শুরু করেছেন। তিনি বড় বোন মেহজাবীন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। এবার, তিনি প্রথমবারের মতো অভিনয় করলেন তৌসিফের সঙ্গে। নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। এটি বানিয়েছেন মাসরিকুল আলম। নাটকটি ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে এবং এটি আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। নাটকটিতে তৌসিফ ও মালাইকার সঙ্গে রয়েছেন কেয়া পায়েল। নাটকটি নিয়ে নির্মাতা মাসরিকুল বলেন, এটা এমন কিছু মানুষের গল্প, যারা গভীরভাবে একে অপরকে ভালোবাসলেও, সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত হেরে যায়। সম্পর্কের জটিলতা এবং তার প্রভাব নিয়ে গল্পটির মূল আখ্যান তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্কের পর মানুষের ভিতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে অনেক দিন বেঁচে থাকবে।’ নাটকটি শিগগিরই আসবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ