সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০২ এম
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে আজ দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে দলের জন্য।
দক্ষিণ কোরিয়া কাবাডির ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ২০১৮ এশিয়ান গেমসে তারা রৌপ্য পদক অর্জন করেছিল। আজ বাংলাদেশকে তাদের বিরুদ্ধে কঠিন লড়াই করতে হয়েছে।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া ১৬ পয়েন্ট অর্জন করে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২২ পয়েন্ট লাভ করে, আর কোরিয়া ১৯ পয়েন্ট পায়। ফলে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে।
এই জয়ের পর বাংলাদেশকে আজই মাঠে নামতে হবে। তাদের প্রতিপক্ষ হবে চাইনিজ তাইপে।
পুরুষদের কাবাডিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে তাদেরকে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং স্বাগতিক জাপানের বিরুদ্ধে খেলতে হবে।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সেমিফাইনালে অংশগ্রহণ করবে। চারটি ম্যাচ খেলে শীর্ষ দুই দল শেষ চারে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধার হওয়ার খবরের প্রেক্ষিতে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেতথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল আটটার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে গিয়ে ১০১.৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমে এসেছে।
যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল, কিন্তু সেপ্টেম্বরে তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটায় আরামকো ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে।
জেপি মরগানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে, যেখানে আগস্টে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার খবরের কারণে আপাতত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশের ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করেছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা ইস্যুতে র্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। এ সময় গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘বিপর্যয়কর, অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।
শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতে শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।
তিনি বলেন, ইসরাইলে ৭ অক্টোবরের হামলা এবং নোভা সংগীত উৎসবের ঘটনা ভয়াবহ ছিল। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ব্যাপকতা দেখে তার হৃদয় ভেঙে গেছে। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও উদ্বেগ জানান শিরান। তার ভাষায়, মুক্ত বিশ্বে কোনো অনুষ্ঠানস্থল আগে থেকেই শিল্পীর বক্তব্য বা বিষয়বস্তু অনুমোদন করবে, এমনটা হওয়া উচিত নয়।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের কয়েকজন সহশিল্পী সরে দাঁড়ানোয় শিরানের ফিলাডেলফিয়ার অনুষ্ঠানও প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরে ব্যাকিং ব্যান্ড ছাড়াই তিনি অনুষ্ঠান শুরু করেন।
প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে শিরান বলেন, গত কয়েক দিন ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সপ্তাহগুলোর অন্যতম। গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য সন্তানসহ পরিবারগুলোর কাছেও ক্ষমা চান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া শিগগিরই বড় কোনো পদক্ষেপ নিতে পারে বলে ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ তুস্ক পার্লামেন্টে উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ন্যাটোভুক্ত কোনো অঞ্চলে হামলা চালিয়ে ন্যাটোর আর্টিকেল ৫-এর শক্তি পরীক্ষা করতে পারে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই সতর্কবার্তাকে ‘যৌক্তিক এবং তথ্যভিত্তিক’ বলে অভিহিত করে জরুরি বৈঠকের আহ্বান জানান।
গার্ডিয়ানকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে ইউরোপের তিন গোয়েন্দা প্রধান নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। চেক নিরাপত্তা সংস্থা বিআইএস-এর প্রধান মিহাল কোউদেলকা জানান, সীমান্তবর্তী কোনো ন্যাটো এলাকায় সীমিত অনুপ্রবেশ রাশিয়ার পরিকল্পনার অংশ হতে পারে। তিনি বলেন, ‘এটা সম্ভব। এর মধ্যে সীমিত অনুপ্রবেশ, ফ্ল্যাগড উস্কানি, বা ব্যাপক প্রভাব বিস্তারকারী প্রচারণা থাকতে পারে।’ তিনি আরও জানান, এমন পরিস্থিতি ‘বছরের মধ্যে নয়, মাসের মধ্যেই’ তৈরি হতে পারে, তবে যোগ করেন, ‘এটা যাতে না ঘটে সে জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন।’
বাল্টিক দেশগুলোর কর্মকর্তারা বরং সতর্ক অবস্থানে রয়েছেন। লাটভিয়ার ভিডিডি প্রধান নরমুন্দস মেঝভিয়েতস বলেন, ‘আসন্ন কোনো হামলার লক্ষণ আমরা দেখছি না’! যদিও তিনি মস্কোর কঠোর পদক্ষেপের প্রস্তুতির আলামত স্বীকার করেন। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ইয়োনাতান ভেসেভিওভ সামাজিক মাধ্যমে ছড়ানো আতঙ্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘হামলার আশঙ্কা করার মতো কোনো কারণ থাকলে নিশ্চিত থাকুন, আমরা তা স্পষ্টভাবে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’ এদিকে ইউক্রেন যুদ্ধ পঞ্চম শীতের দিকে এগোচ্ছে, শান্তি প্রচেষ্টায় সফলতার লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করলেও সুইডেনের সামরিক গোয়েন্দা প্রধান টমাস নিলসন বলেন, ‘প্রকৃত আলোচনা নিয়ে মস্কোতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, এমন কোনো লক্ষণ আমি দেখিনি... তারা কেবল আলোচনার নাটক করছে।’
তিন গোয়েন্দা প্রধানই একমত যে ইউরোপে রাশিয়ার নাশকতা অভিযান আরও তীব্র হতে পারে। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলাকে ‘পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো ঘটনা’ বলে বর্ণনা করেন নিলসন।
মেঝভিয়েতস জানান, রাশিয়া এখন রেলপথ, ইউক্রেন সহায়তা ও প্রতিরক্ষা শিল্প-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ঝুঁকছে, যাতে ‘একসঙ্গে দুটো উদ্দেশ্যই পূরণ হয়।’ নিলসনের মতে, মস্কো চায়, ‘ন্যাটো আর্টিকেল ৪ নিয়ে অন্তহীন আলোচনা চালিয়ে যাক, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ না নিক।’ কোউদেলকা বলেন, এই অনিশ্চয়তা গোয়েন্দা সংস্থাগুলোর সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে: ‘প্রতিটি আগুন বা যান্ত্রিক ত্রুটিকেও এখন সম্ভাব্য হামলা হিসেবে তদন্ত করতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদে এনসিপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটির সদস্য সেলিম মিয়া এবং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন-এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী উজ্জল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ দলীয় নেতাকর্মীরা।
এনসিপি নেতা কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি বলেন, আজ (রোববার) থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে অন্য প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। মাদক ও গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামামুক্ত সমাজ গঠনে ভোটাররা এনসিপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমাদের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ