সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৫ এম
ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া শিগগিরই বড় কোনো পদক্ষেপ নিতে পারে বলে ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী দোনাল্দ তুস্ক পার্লামেন্টে উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগামী কয়েক মাসের মধ্যে ড্রোন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ন্যাটোভুক্ত কোনো অঞ্চলে হামলা চালিয়ে ন্যাটোর আর্টিকেল ৫-এর শক্তি পরীক্ষা করতে পারে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই সতর্কবার্তাকে ‘যৌক্তিক এবং তথ্যভিত্তিক’ বলে অভিহিত করে জরুরি বৈঠকের আহ্বান জানান।
গার্ডিয়ানকে দেওয়া একটি পৃথক সাক্ষাৎকারে ইউরোপের তিন গোয়েন্দা প্রধান নিজেদের মূল্যায়ন তুলে ধরেন। চেক নিরাপত্তা সংস্থা বিআইএস-এর প্রধান মিহাল কোউদেলকা জানান, সীমান্তবর্তী কোনো ন্যাটো এলাকায় সীমিত অনুপ্রবেশ রাশিয়ার পরিকল্পনার অংশ হতে পারে। তিনি বলেন, ‘এটা সম্ভব। এর মধ্যে সীমিত অনুপ্রবেশ, ফ্ল্যাগড উস্কানি, বা ব্যাপক প্রভাব বিস্তারকারী প্রচারণা থাকতে পারে।’ তিনি আরও জানান, এমন পরিস্থিতি ‘বছরের মধ্যে নয়, মাসের মধ্যেই’ তৈরি হতে পারে, তবে যোগ করেন, ‘এটা যাতে না ঘটে সে জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন।’
বাল্টিক দেশগুলোর কর্মকর্তারা বরং সতর্ক অবস্থানে রয়েছেন। লাটভিয়ার ভিডিডি প্রধান নরমুন্দস মেঝভিয়েতস বলেন, ‘আসন্ন কোনো হামলার লক্ষণ আমরা দেখছি না’! যদিও তিনি মস্কোর কঠোর পদক্ষেপের প্রস্তুতির আলামত স্বীকার করেন। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ইয়োনাতান ভেসেভিওভ সামাজিক মাধ্যমে ছড়ানো আতঙ্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘হামলার আশঙ্কা করার মতো কোনো কারণ থাকলে নিশ্চিত থাকুন, আমরা তা স্পষ্টভাবে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামলার গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’ এদিকে ইউক্রেন যুদ্ধ পঞ্চম শীতের দিকে এগোচ্ছে, শান্তি প্রচেষ্টায় সফলতার লক্ষণ দেখা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করলেও সুইডেনের সামরিক গোয়েন্দা প্রধান টমাস নিলসন বলেন, ‘প্রকৃত আলোচনা নিয়ে মস্কোতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, এমন কোনো লক্ষণ আমি দেখিনি... তারা কেবল আলোচনার নাটক করছে।’
তিন গোয়েন্দা প্রধানই একমত যে ইউরোপে রাশিয়ার নাশকতা অভিযান আরও তীব্র হতে পারে। জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলাকে ‘পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো ঘটনা’ বলে বর্ণনা করেন নিলসন।
মেঝভিয়েতস জানান, রাশিয়া এখন রেলপথ, ইউক্রেন সহায়তা ও প্রতিরক্ষা শিল্প-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ঝুঁকছে, যাতে ‘একসঙ্গে দুটো উদ্দেশ্যই পূরণ হয়।’ নিলসনের মতে, মস্কো চায়, ‘ন্যাটো আর্টিকেল ৪ নিয়ে অন্তহীন আলোচনা চালিয়ে যাক, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ না নিক।’ কোউদেলকা বলেন, এই অনিশ্চয়তা গোয়েন্দা সংস্থাগুলোর সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে: ‘প্রতিটি আগুন বা যান্ত্রিক ত্রুটিকেও এখন সম্ভাব্য হামলা হিসেবে তদন্ত করতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকায় দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদে এনসিপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলের জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন ও লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জেলা কমিটির সদস্য সেলিম মিয়া এবং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন-এনসিপির নড়াইল জেলা কমিটির আহবায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ইরফানুল বারী উজ্জল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ দলীয় নেতাকর্মীরা।
এনসিপি নেতা কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম ও প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি বলেন, আজ (রোববার) থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে অন্য প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। মাদক ও গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামামুক্ত সমাজ গঠনে ভোটাররা এনসিপির প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমাদের প্রত্যাশা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আকাশসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে দিবাগত সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন-সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের লালটেক এলাকার শেখ জালালের ছেলে শেখ তুহিন (৩২), আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কামুরা এলাকার মহিউদ্দিন এর ছেলে মোঃ আকাশ (৩৯), রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার বাবুল খানের ছেলে রাজু খান (৩৯), ঝালকাঠি জেলার সদর থানার নইআড়ি এলাকার আসমত আলী খানের ছেলে আনোয়ার হোসেন (৫০), সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার শফি মোল্লার ছেলে রুহুল আমিন রাজিব (৩৮), গাইবান্ধা জেলার সাঘাটা থানার বেড়াগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম (২৪), মাদারীপুর জেলার শিবচর থানার চরচন্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আলী (৩৬) এবং মানিকগঞ্জ জেলার সদর থানার শিবালী পাড়া এলাকার আজাদ মোল্লার ছেলে মুরাদ হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তারা সাভার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের কাছে এ সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ড, ঝটিকা মিছিল কিংবা নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না। সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছে আরো কিছু ব্যক্তির তথ্য পাওয়া গেছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন পে-স্কেল অনুযায়ী, শুধুমাত্র কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিবর্তন করা হয়নি, বরং অবসরভোগীদের পেনশনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য পেনশনের বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে।
নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত বিবেচিত হবে। পেনশনের হার নির্ধারণের জন্য সর্বশেষ আহরিত মূল বেতনের ওপর ভিত্তি করা হবে।
যদি চাকরি পাঁচ বছর হয়, তাহলে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। এরপর চাকরিকালের সাথে সাথে পেনশনের হার বৃদ্ধি পাবে। ১০ বছর চাকরির ক্ষেত্রে হার হবে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ। এছাড়া ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ ও ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন প্রদান করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালে পেনশনের হার হবে ৯০ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশন এবং অবসরকালীন সুবিধার নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকায় ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে। তবে সর্বোচ্চ নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, যাদের পেনশন কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি হবে। অন্যদিকে, যারা বেশি পেনশন পান, তাদের ক্ষেত্রে শতাংশের হার কম হলেও নির্ধারিত সীমার মধ্যে তাদের নিট পেনশন বৃদ্ধি পাবে।
অর্থ বিভাগের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ অবসরভোগীদের জন্য এই বিধানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আদেশটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন কাঠামোয় ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া নিট পেনশনকে ভিত্তি ধরে বৃদ্ধির হিসাব করা হবে। এই হিসাব অনুযায়ী, ৯ হাজার টাকা নিট পেনশন পাওয়া কেউ নতুন কাঠামোয় ১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। আবার ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে যাদের নিট পেনশন এই সীমার বেশি, তাদের বিদ্যমান নিট পেনশন ১ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের কেরালায় প্রবল বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির ফলে হড়পা বান ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে। এছাড়া, আরও দুজন নিখোঁজ রয়েছে। মালাপ্পুরম, ইদুক্কি ও কোট্টায়াম জেলায় এসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মালাপ্পুরমের নীলাম্বুরের নিকটবর্তী কোট্টাপুঝা নদীতে আকস্মিকভাবে পানির উচ্চতা বৃদ্ধি পায়। প্রবল স্রোতের কারণে নদীতে অবস্থানরত কয়েকজন ভেসে যায়। স্থানীয় বাসিন্দারা একজনকে উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে উদ্ধারকারী দল কয়েকজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, ওই এলাকায় বৃষ্টি না হলেও উজানের বনাঞ্চলে ভারি বৃষ্টির কারণে নদীর পানি কয়েক মিনিটের মধ্যে বেড়ে গিয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করেছে।
ইদুক্কির ভাট্টাভাদার কোট্টাকম্বুরে ভূমিধসে একই পরিবারের দুই সদস্য, বালাকৃষ্ণন ও চিন্নুর, নিহত হয়েছেন। বৃষ্টির সময় কৃষিজমির একটি ছাউনিতে আশ্রয় নেওয়ার পর পাহাড়ের মাটি ধসে ছাউনিটির ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নারীও আহত হন।
কোট্টায়ামের টিকয় এলাকার ভেলাথুস্সেরিতেও ভূমিধসে তামিলনাড়ুর সঙ্গীতা অরুল লাল (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। বন্ধুর সঙ্গে ভ্যাগামন থেকে ফেরার পথে ভূমিধসের মাটি ও পাথরের আঘাতে তিনি আটকা পড়েন। তার সঙ্গে থাকা ব্যক্তি আহত হন।
পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসনকে প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ইদুক্কি ও কোট্টায়ামের জেলা প্রশাসনের সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ বৈঠক করেছে। ওই দুই জেলায় মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং প্রয়োজন হলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নীলাম্বুরের আমরাম্বালাম এলাকায় বিশেষ দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি দল পাঠানো হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কেরালায় আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২১ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকা, নদী ও জলাশয়ের নিকট সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে নিচের দিকে থাকা নদীগুলোতে আকস্মিক পানির চাপ বৃদ্ধি পেতে পারে। ফলে স্থানীয়ভাবে বৃষ্টি না হলেও হড়পা বানের ঝুঁকি বিদ্যমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে সোমবার সকাল থেকে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ