ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

দীর্ঘদিন ধরে লংগদুর পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত মানুষ


দীর্ঘদিন ধরে লংগদুর পরিবার পরিকল্পনা অফিসে অনিয়ম, সেবাবঞ্চিত মানুষ

রাঙামাটির লংগদু উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘদিন ধরে চরম স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। অফিসের প্রধান এবং চিকিৎসকরা নিয়মিতভাবে কর্মস্থলে না আসার কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন- এমন গুরুতর অভিযোগ উঠেছে।

লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেমিন চাকমা এবং মেডিকেল কর্মকর্তা ডা. সুজন দাশ উভয়েই অনুপস্থিত রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়- পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবিন চাকমা মাসের পর মাস অফিসে না এসে নিজ বাসাতেই অবস্থান করছেন এবং নিয়মিত সরকারি বেতন-ভাতা তুলছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রেবিন চাকমা দাবি করেন, তিনি অসুস্থতার কারণে রাঙামাটির নিজ বাসায় অবস্থান করছেন।

আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের

অন্যদিকে ডা. সুজন দাশকে কল করা হলে তিনি জানান, ক্যারিয়ার গঠনের জন্য তিনি ব্যক্তিগত ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন এবং বর্তমানে রাঙামাটিতে আছেন, পরবর্তীতে ঢাকায় যাবেন।

তবে অফিসের স্টাফদের ভাষ্যমতে, সুজন দাশ ঢাকায় ট্রেনিংয়ের জন্য গেছেন। কর্মকর্তাদের এমন নানা অজুহাতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লংগদু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকার কথা থাকলেও বর্তমানে ৩৬ জন কর্মরত আছেন এবং ৩৪টি পদই শূন্য পড়ে আছে। মূল কর্মকর্তাদের এমন অনিয়ম ও উদাসীনতার কারণে মাঠ পর্যায়ের ইউনিয়ন কর্মীরাও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ রয়েছে। এদিকে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তারা নিজ কর্মস্থলে ফেরেননি।

এ বিষয়ে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহাগময় চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে যাদেরকে যেভাবে পেয়েছেন রিপোর্ট করে যান। আমার কাছে কেউ ছুটি নেননি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত

জরুরি স্বাস্থ্যসেবাখাতে এমন অনিয়ম ও কর্মকর্তাদের অনুপস্থিতির ঘটনায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লংগদুর সাধারণ মানুষকে। অতি দ্রুত এসব কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত বেড়ে ৩৪

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় সেনেগাল উপকূলের কাছে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী ডাকার এবং উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিখোঁজদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো সব সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন সেনেগালিজ অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘বোজা ফি’-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফ। নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের পরিচয় শনাক্তকরণ ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই ভয়াবহ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তরুণদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানান। মানবপাচারকারী চক্রগুলোকে নির্মূল করার জন্য তিনি জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।

আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর এই রুটটি অভিবাসীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হয়। স্প্যানিশ অভিবাসী অধিকার গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই রুটে ৬৩৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই রুট দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু ঘটে।

অভিবাসী সংকটের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকেই প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার তিনশতের বেশি মানুষ এই দ্বীপে এসে পৌঁছেছেন। এর আগে, গত শুক্রবার স্পেনগামী ১৪২ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে ভালো আয় করার আশায় সেনেগালের যুবসমাজ জীবনের চরম ঝুঁকি নিয়ে এসব বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালে প্রতি চারজন তরুণের প্রায় একজনই বেকার ছিলেন, যা দেশের তরুণ জনসংখ্যার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় সেনেগাল সরকার মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ৮১টি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে ৮১টি শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৮১টি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য ১১টি পদে আবেদন গ্রহণ করা হবে, যেগুলোর মধ্যে স্থায়ী ও অস্থায়ী পদ রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ তারিখে। আবেদন করার জন্য সময়সীমা এক মাস নির্ধারিত হয়েছে।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল

১. বৈজ্ঞানিক কর্মকর্তা: ৫০টি (স্থায়ী ৪০, অস্থায়ী ১০)।

বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

২. গ্রন্থাগারিক: ১টি (স্থায়ী)।

বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

৩. উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল): ৫টি (স্থায়ী ২, অস্থায়ী ৩)।

বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

৪. ফটোগ্রাফার: ১টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড-১১)।

৫. কম্পিউটার অপারেটর: ৫টি (স্থায়ী ২, অস্থায়ী ৩)।

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

৬. হিসাবরক্ষক: ২টি (অস্থায়ী)।

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

৭. ক্যাশিয়ার: ১টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

৮. মোটরচালক (ভারী): ৩টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

৯. মোটরচালক (হালকা): ২টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

১০. স্পিডবোট চালক: ১টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

১১. অফিস সহায়ক: ১০টি (স্থায়ী)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. বৈজ্ঞানিক কর্মকর্তা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানের অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, যা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে।

২. গ্রন্থাগারিক: গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন।

৩. উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল): পুরকৌশলে অন্তত দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট বিষয়ে চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ফটোগ্রাফার: এইচএসসি পাস এবং ফটোগ্রাফিতে ডিপ্লোমা বাধ্যতামূলক।

৫. কম্পিউটার অপারেটর: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

৬. হিসাবরক্ষক ও ক্যাশিয়ার: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগের এইচএসসির সঙ্গে হিসাবরক্ষণ বা সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. চালক ও অন্যান্য পদ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ট্রেড সনদসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, যা ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে; অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে ফি জমা দিতে হবে:

১ থেকে ৩ নম্বর পদ: ২২৩ টাকা (আবেদন ফি ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা)।

৪ নম্বর পদ: ১৬৮ টাকা (আবেদন ফি ১৫০ টাকা + সার্ভিস চার্জ ১৮ টাকা)।

৫ থেকে ১০ নম্বর পদ: ১১২ টাকা (আবেদন ফি ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা)।

১১ নম্বর পদ: ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা)। (অনগ্রসর শ্রেণির অর্থাৎ ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের ফি বাবদ মোট ৫৬ টাকা জমা দিতে হবে)।

আবেদনের সময়সূচি

আগ্রহী প্রার্থীরা fri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট www.fri.gov.bd-এ যেতে হবে।

অনলাইন আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায় ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচে অনুমতি লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বিদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার খরচে অনুমতি লাগবে না

বিদেশে শিক্ষা খরচ নেওয়ার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার জন্য খরচের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হবে না। সোমবার (৯ নভেম্বর) এই বিষয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার জন্য ডলার নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি আর প্রয়োজন নেই। একইভাবে, পেশাগত কোর্সের খরচের জন্যও ডলার নেওয়ার পূর্বানুমোদন লাগবে না।

এছাড়া, চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করা হয়েছে। অনুমতি ছাড়াই প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ৩০ হাজার ডলার খরচ করতে পারবেন।

পূর্বে এই খরচের সীমা ছিল ১৫ হাজার ডলার। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


বরিশালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ভিন্ন ধর্মাবলম্বী, যা জানা যাচ্ছে

বরিশাল নগরীতে এক নারীর কোলজুড়ে একটি নবজাতক জন্মগ্রহণ করেছে। কিন্তু নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তাদের একজন হিন্দু, অপরজন মুসলিম।

রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আফির মেমোরিয়াল হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালজুড়ে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ওই বেসরকারি হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূর সন্তান জন্ম নেয়। সন্তানের জন্মের সময় সেখানে উপস্থিত ছিলেন সুভাস নামের একজন, যিনি নিজেকে শান্তার স্বামী বলে দাবি করেন। কিন্তু রোববার সকালে হঠাৎ করে হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নবজাতকের জন্মদাতা পিতা হওয়ার দাবি করেন।

এমদাদ দাবি করেন, ২০২১ সালে প্রেম করে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। বিয়ের পর তারা স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। সন্তানের জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে চলে আসেন। এ সময় এমদাদ উপস্থিত সকলকে তার বিয়ে ও দাম্পত্য জীবনের প্রমাণ দেখান।

এদিকে, প্রথম স্বামী সুভাস হাসপাতলে হাজির হওয়ার পরপরই ঘটনাস্থল থেকে চলে যান দ্বিতীয় স্বামী এমদাদ। যার ফলে তার বক্তব্য জানা যায়নি।

শান্তা দাবি করেন, এমদাদের সঙ্গে তার বিয়ে হয়নি এবং নবজাতকের বাবা এমদাদ নন। তবে এমদাদের দেখানো বিয়ের কাবিন ও প্রমাণ সম্পর্কে শান্তা কোনো উত্তর দেননি।

জানা গেছে, এমদাদকে পালিয়ে বিয়ে করার পরও শান্তা নিজ বাড়িতে আসা-যাওয়া করতেন। এর মধ্যে ২০২৪ সালে নিজের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুভাসের সঙ্গে প্রেমে জড়ান শান্তা। তাদের বিয়েও হয়। কিন্তু দ্বিতীয় স্বামী জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। অথচ শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সংসার করতেন। আবার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সংসার করছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%