০৫:২৬ পি.এম
সরকার বিশেষ নকশার ‘ওয়াই-টাইপ’ (Y-Type) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তিনটি মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
‘ওয়াই-টাইপ’ (Y-Type) সেতু মূলত ইংরেজি `Y' আকৃতির একটি বহুমুখী অবকাঠামোকে নির্দেশ করে, যা তিনটি পৃথক অঞ্চলকে একটি সংযোগবিন্দুতে যুক্ত করে সরাসরি যাতায়াতের সুবিধা প্রদান করে।
দ্বিতীয় পদ্মা সেতুর পরিকল্পনা মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে গড়ে তোলার। এ সেতুকে ইংরেজি ‘ওয়াই’ (Y) অক্ষরের আদলে বা ত্রিমুখী জংশন হিসেবে নির্মাণের জন্য স্থানীয়ভাবে জোরালো দাবি ও প্রস্তাব রয়েছে, যা উত্তরবঙ্গের পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করবে। এছাড়াও, প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সুসমন্বয় রেখেই এ মেগা প্রকল্পের বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে আড়াই হাজার মামলা দায়ের
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ— এই তিন জেলার সীমান্ত এবং নদী অববাহিকাকে ঘিরে তিনটি সম্ভাব্য পয়েন্ট ও পুরো জোনজুড়ে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। দ্বিতীয় সেতুটি বিদ্যমান প্রথম পদ্মা সেতু থেকে আপস্ট্রিমে (উজানের দিকে) প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরে রাজবাড়ী-পাবনা পয়েন্ট, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুটকে বিবেচনায় নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে প্রাপ্ত ফলের ভিত্তিতে উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের পর দ্বিতীয় পদ্মা সেতুর ভৌগোলিক অবস্থান নির্ধারণে বর্তমানে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলা সংলগ্ন তিনটি নির্দিষ্ট রুট বা পয়েন্টকে প্রাথমিক বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরামর্শক দল এই পুরো জোনজুড়ে ভূ-প্রাকৃতিক ও হাইড্রোগ্রাফিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার।
তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা এবং ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য তৈরির জন্য সভাটি হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও এটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখেই ব্যারাজের পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন: নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত
পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোন প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, কিংবা একটি অন্যটির পরিপূরক হিসেবে কাজ করতে পারবে কিনা, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হয়, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ চলবে। একই সঙ্গে ওয়াই-টাইপ দ্বিতীয় সেতুও নির্মাণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন