প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় সেনেগাল উপকূলের কাছে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী ডাকার এবং উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিখোঁজদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো সব সেনেগালের নাগরিক বলে জানিয়েছেন সেনেগালিজ অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘বোজা ফি’-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফ। নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের পরিচয় শনাক্তকরণ ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ভয়াবহ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তরুণদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানান। মানবপাচারকারী চক্রগুলোকে নির্মূল করার জন্য তিনি জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন।
আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর এই রুটটি অভিবাসীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হয়। স্প্যানিশ অভিবাসী অধিকার গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই রুটে ৬৩৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই রুট দিয়ে ক্যানারি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু ঘটে।
অভিবাসী সংকটের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকেই প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার তিনশতের বেশি মানুষ এই দ্বীপে এসে পৌঁছেছেন। এর আগে, গত শুক্রবার স্পেনগামী ১৪২ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে ভালো আয় করার আশায় সেনেগালের যুবসমাজ জীবনের চরম ঝুঁকি নিয়ে এসব বিপজ্জনক পথ বেছে নিচ্ছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালে প্রতি চারজন তরুণের প্রায় একজনই বেকার ছিলেন, যা দেশের তরুণ জনসংখ্যার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় সেনেগাল সরকার মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন