মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
০৪:০৫ পি.এম
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জুলাই স্মৃতিস্তম্ভ, নারায়ণগঞ্জ || ০৫ আগস্ট, ২০২৬ খ্রি.
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
আজ (৫ই আগস্ট) বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম হলরুমে এ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম,উপজেলা প্রকৌশলী মোঃ যুবায়েত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল হোসেন, উপজেলা সমাজকল্যান কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ফরাজি,গণ অধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আবু সাইদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে জুলাই সংগঠক ও সমন্বয়ক জিহাদ হোসেন,শহীদ ইনতিশার এর পিতা আ.ন.ম এনামুল হক তাদের জুলাই স্মৃতিচারণা তুলে ধরেন।আলোচনা শেষে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের রাজধানী সানায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এই বিস্ফোরণের সাথে সাথে কিছু প্রতিবেদনে সৌদি আরবের যুদ্ধবিমানের তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি আরব বা ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে সংবাদ প্রকাশ করেছে যে, আজ বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানী সানাজুড়ে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন নেট দাবি করেছে, সৌদি যুদ্ধবিমান সানার আকাশে উড়তে দেখা যাওয়ার সাথে সাথে শহরজুড়ে কয়েকটি তীব্র বিস্ফোরণ ঘটে।
এদিকে, কয়েকটি আরব সংবাদমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দর ও শিল্পাঞ্চলেও আজ বুধবার ভোরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইরাক নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেবেল আলি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : মরক্কো থেকে গত সপ্তাহে কয়েক হাজার অনিয়মিত অভিবাসীর স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবেশের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে পৌঁছেছে। মঙ্গলবার স্পেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে মৃতের সংখ্যা ৭৫ বলা হয়েছিল।
গত ৩০ জুলাই থেকে ভূমধ্যসাগরে স্থাপিত সীমান্ত প্রতিবন্ধক ঘুরে সাঁতরে সেগুলো সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন বহু অভিবাসী। এ সময় অনেকেই সাগরে ডুবে মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে স্পেন ও তার ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের মধ্যে কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মরদেহ শনাক্তের দায়িত্বে থাকা স্পেনের একটি আইনি সংস্থা এক বিবৃতিতে জানায়, সেউতার কর্তৃপক্ষ সাগর থেকে মোট ৭৯টি মরদেহ উদ্ধার করেছে। তবে এর মধ্যে দুটি মরদেহ গত ২৯ জুলাই এবং ৩০ জুলাইয়ের প্রথম প্রহরে উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ অভিবাসীদের ঢল শুরুর আগে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭।
বিবৃতিতে বলা হয়, ফরেনসিক বিশেষজ্ঞরা ৭৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। আঙুলের ছাপের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা আগে থেকেই স্পেনে নিবন্ধিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাকি মরদেহগুলো শনাক্ত করতে আঙুলের ছাপের তথ্য সম্ভাব্য শনাক্তকরণের জন্য মরক্কোতে পাঠাতে হবে।’
এর আগে মঙ্গলবারই সেউতায় স্পেন সরকারের প্রতিনিধি কার্যালয় মৃতের সংখ্যা ৭২ থেকে বাড়িয়ে ৭৫ জনের কথা জানিয়েছিল।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, সীমান্তের মরক্কো অংশে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই পানিতে ডুবে মারা গেছেন।
স্পেনের দাবি, সেউতায় পৌঁছানো ৭২ হাজার অভিবাসীর মধ্যে ৭০ হাজার ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছেন।
সেউতায় অবস্থানরত এএফপির প্রতিনিধিরা দেখেছেন, যারা এখনও সেখানে রয়েছেন, তারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকছেন। আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধারও তীব্র সংকটে রয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপি। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। এখন আন্দোলনের সুফল দেখে অনেক গুপ্ত দল নানা মুখরোচক কথা বলছে।
বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, "বর্তমান সরকার জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল প্রকার সুযোগ-সুবিধার পাশাপাশি জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষে এসব ভবনে শহীদ ও আহত পরিবারগুলোকে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।"
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকটে ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান অপরিসীম। তিনি সরকারের নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ ও জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
বিদ্যুৎ সংকট ও দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হবে। বিদ্যুৎ খাতে বিগত সরকার কোনো টেকসই কাজই করেনি, যার খেসারত আজ জনগণকে দিতে হচ্ছে।
পিরোজপুরের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে পিরোজপুর জেলাকে সারাদেশে দুর্নীতির শীর্ষে নিয়ে যাওয়া হয়েছিল। যারা এই অনিয়ম ও দুর্নীতি করেছে, এই দায় সম্পূর্ণ তাদের। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এ সময় স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাণ্ডারিয়াসহ এই এলাকার সকল ক্ষতিগ্রস্ত ও ভাঙা রাস্তাঘাটের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে। একই সাথে এই অঞ্চলকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে আমরা আপামর জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ওসি জগলুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোঃ জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদল যুগ্ম আহবায়ক রণি মোল্লা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভাণ্ডারিয়া উপজেলার জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক চেক তুলে দেওয়া হয়।
এর আগে জুলাই বিপ্লবের বীর শহীদ এমদাদুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি মরহুমের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে তিনি শহীদ এমদাদুল হকের কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ