ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস


সংসদে ২০২৫-২৬ অর্থবছরের ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬ সালের ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা প্রদান এবং ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট আজ পাস হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস-বৃদ্ধি পেয়েছেন বলে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।

সম্পূরক বাজটে ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা। অন্যদিকে, ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা কমানো হয়েছে।

আরও পড়ুন: হারুনুর রশীদ আজাদ: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করেন।

আজ নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

বিল পাসের আগে বিধান অনুযায়ী ২৫টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উত্থাপন করেন, যার পর পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ২০ জন সদস্যের আনীত ৩০৪টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের আনীত মঞ্জুরি দাবির ওপর আনীত ছাটাই প্রস্তাবের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২), মো. কামরুল হাসান (ময়মনসিংহ-৬), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), জিএম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), মো. আব্দুল আলীম (বাগেরহাট-৪), মো. মুজিবুর রহমান (রাজশাহী-১), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), মো. আমির হামজা (কুষ্টিয়া-৩), মো. আব্দুল বারী সরদার (রাজশাহী-৪), মো. মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১), মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২), শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২), এনসিপি দলীয় সদস্য আখতার হোসেন (রংপুর-৪), খেলাফত মজলিশের সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং স্বতন্ত্র সদস্য বেগম রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

কিন্তু কণ্ঠভোটে সকল ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়।

সম্পূরক বাজটে সর্বোচ্চ ২৮ হাজার ৬৫৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা রয়েছে অর্থ বিভাগ খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় রয়েছে ১২ হাজার ৪০৭ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা পরিকল্পনা বিভাগ খাতে। তৃতীয় সর্বোচ্চ ব্যয় ৪ হাজার ৯২৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে। আর চতুর্থ সর্বোচ্চ ব্যয় পানি সম্পদ মন্ত্রণালয় খাতে ২ হাজার ১৭৭ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ব্যয় ১ হাজার ৮০৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় খাতে রয়েছে।

এছাড়া জাতীয় সংসদ খাতে ১৬ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট খাতে ১৯ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ১ হাজার ৬৯০ কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ২২০ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ১ হাজার ৩৮৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে ৭২২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে ৩০ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ১১২ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ খাতে ১৫ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার টাকা, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে ২১ কোটি ৯৭ লাখ ৪২ হাজার টাকা, বাণিজ্য মন্ত্রণালয় খাতে ৩০১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে ৫৯ কোটি ৯৭ লাখ ৯২ হাজার টাকা, আইন ও বিচার বিভাগ খাতে ৮৪ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা, জননিরাপত্তা বিভাগ খাতে ১৭১ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খাতে ২৯৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ৭৫ কোটি ৬১ লাখ ৯৫ হাজার টাকা, বস্ত্র ও পাট মন্ত্রণালয় খাতে ৪৫ লাখ ৪৫ হাজার টাকা, ভূমি মন্ত্রণালয় খাতে ৯৭ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা, খাদ্য মন্ত্রণালয় খাতে ৬৮৩ কোটি ৯১ লাখ ৩ হাজার টাকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাতে ১২২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকা এবং দুর্নীতি দমন কমিশন খাতে ১১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংক্ষিপ্তাকারে সমাপনী বক্তৃতা শেষে সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

আরও পড়ুন: ছাত্রদল রাজপথে পাহারা দিচ্ছে, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এই সাক্ষাৎটি আজ সোমবার সচিবালয়ে ত্রাণমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রাণমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, তারা বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা করছে। এছাড়াও, তিনি দুর্যোগের নতুন নতুন ধরন ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং মন্ত্রনালয়ের সচিব মো. সাইদুর রহমান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

গত তিন বছরের বেশি সময় জুড়ে দেশের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে চলতি বছরের মে মাস পর্যন্ত, সড়ক দুর্ঘটনার শিকার ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবারকে এই অনুদান দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে, সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে, আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম এ তথ্য জানান।

সংসদে, মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি এই আর্থিক সহায়তার আওতায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারগুলো। মোট ৩ হাজার ৮৮১ জন নিহত ব্যক্তির পরিবারের জন্য এই অনুদান দেওয়া হয়েছে। এর পাশাপাশি, সড়ক দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত অপর ৩৭৪ জন ব্যক্তি সরকারের এই কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে।

এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, 'হয়ত আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে।'

২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। তিনি বলেন, 'এখন সার্চ কমিটি গঠন করা হবে।'

তিনি আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে, যেখানে সার্চ কমিটি গঠনের বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান ব্যবস্থা একটি অন্তর্বর্তী পদক্ষেপ মাত্র। প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন যে, বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা বাধ্যতামূলক করতে সরকার অদূর ভবিষ্যতে 'বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭' সংশোধনের উদ্যোগ নিয়েছে।

এ ব্যাপারে জাতীয় সংসদে আজ কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে, ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইনের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের 'বিশেষ পরিস্থিতি'র সুযোগ নিয়ে বাল্যবিবাহ দেওয়ার আইনি ফাঁকফোকরগুলো বন্ধ করা হবে। এই সংশোধনীর মূল বৈশিষ্ট্য হবে, বিবাহ নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার করা। মূলত জালিয়াতির মাধ্যমে জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর প্রবণতা বন্ধ করতেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন যে, ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই অনেক বিবাহ সম্পন্ন হওয়ায় মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। সুতরাং, বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%