ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব


গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকটকে এই দায়িত্ব প্রদান করেছেন। তবে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হবে।

গত শনিবার প্রেসিডেন্ট হারজোগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে, গত সপ্তাহের নির্বাচনে কোনো পক্ষই ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে সরকার গঠনের প্রথম সুযোগ আইজেনকটকে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

নতুন সরকার গঠনের জন্য আইজেনকটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো হতে পারে। সাবেক সেনাপ্রধান আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, "এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময় এসেছে। জনগণের আস্থার প্রতি সম্মান রেখে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।"

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি ও তার মিত্র দলগুলো পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকটের মধ্যপন্থি ইয়াশার পার্টি এবং তার সঙ্গে থাকা অন্য তিনটি বিরোধী দল মিলে পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দুটি জোটÑজয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট।

নির্বাচনে আরব দলগুলোর এ ফলাফল তাদের সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। তাদের সমর্থন পেলে আইজেনকটের পক্ষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব। তবে, আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন বা তাদের সমর্থন নেওয়ার বিষয়ে আইজেনকটের জোটের ভেতরে মতভেদ রয়েছে।

নির্বাচনের পর প্রেসিডেন্ট হারজোগের সঙ্গে আলোচনায় নেসেটের ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেয়। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে মত দেন ৪৬ জন আইনপ্রণেতা। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইসরাইলের আইন অনুযায়ী, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই সরকার গঠনের দায়িত্ব দিতে হবেÑ এমন বাধ্যবাধকতা নেই। কোন নেতা জোট গঠনের মাধ্যমে সরকার গঠনে বেশি সক্ষম, তা বিবেচনা করে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন: দেবিদ্বার বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বহিষ্কার

নতুন সরকার গঠনে আইজেনকটের সামনে কয়েকটি পথ খোলা রয়েছে। আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন, আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতা অথবা নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনÑ এসব সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে, প্রতিটি পথেই রয়েছে রাজনৈতিক জটিলতা।

অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষেও সরকার গঠনের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে, তার জোটের ৫৩টি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে আটটি কম। ফলে, সরকার গঠন করতে হলে তাকে বিরোধী শিবিরের কোনো দলের সমর্থন আদায় করতে হবে।

ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের নজির রয়েছে। ২০২০ সালে পরপর তিনটি নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা কাটাতে নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ভিত্তিতে সরকার গঠনের চুক্তি করেছিলেন।

নির্বাচনের পর থেকেই নতুন নির্বাচন এড়ানো এবং স্থিতিশীল সরকার গঠনের ওপর জোর দিয়ে আসছেন প্রেসিডেন্ট হারজোগ। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে রাজনৈতিক অচলাবস্থার কারণে ইসরাইলে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নতুন সরকার গঠনে ব্যর্থতা দেশটিকে আবারও একই ধরনের পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। সূত্র : রয়টার্স, এপি।

আরও পড়ুন: ছাত্রদল রাজপথে পাহারা দিচ্ছে, শিবির বা সুবিধাবাদীরা মাঠে নেই: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ এম


দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেছেন যে, দেশে রাজনৈতিক সংকট এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “দেশকে অস্থিতিশীল করবেন না, সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হলে পতিত ও পলাতক ফ্যাসিবাদ, গুপ্ত সংগঠন এবং স্বাধীনতাবিরোধী চক্র লাভবান হবে।”

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যার পূর্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি উপজেলার চৌমুহনী রেলগেটে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

হারুনুর রশিদ আজাদ আরও বলেন, “আজকে সরকারের বিরুদ্ধে হুমকি দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। কিছু বিপথগামী ছাত্র ও গুপ্ত সংগঠন, যারা দীর্ঘ ১৬-১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে থেকে রাজনীতি করেছে, তারা পর্দার আড়াল থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করছে।”

তিনি উল্লেখ করেন, “ছাত্ররা বলছে, ‘শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছেন, তারেক রহমান কীভাবে লন্ডনে যাবেন, সেটা ঠিক করেন।’ এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকুন। আমরা শুধু আমাদের নেতাকর্মীদের সংযত রাখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তাঁর বক্তব্যে কখনো অশালীনতা প্রকাশ পায়নি। তিনি ঐক্য ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।”

বিপথগামী ছাত্রদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমরা দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা কাম্য নয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে কোনো অপশক্তি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে না পারে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলম। এ ছাড়া বক্তব্য দেন চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সালসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%