ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সপরিবারে উধাও পিন্টু দাস, তার বিরুদ্ধে প্রতারণা মামলা


সপরিবারে উধাও পিন্টু দাস, তার বিরুদ্ধে প্রতারণা মামলা

 

গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলার দলঘাট দাসপাড়ার নিজ বাড়ি থেকে তাকে সপরিবারে আটক করা হয়। শনিবার (২৯ আগস্ট) প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, পিন্টু দাস চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’-এর মালিক। তিনি ১৯ আগস্ট দিবাগত রাতে শহরের কালীবাড়ি মন্দিরসংলগ্ন ভাড়া বাসা থেকে ঘরের অধিকাংশ মালামাল নিয়ে সপরিবারে পালিয়ে যান। এরপর বিভিন্ন গ্রাহক ও ক্রেতা-বিক্রেতা পুলিশ এবং স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির কাছে তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগ করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘অভিযোগের সূত্র ধরে আমরা পিন্টু দাসকে ধরতে অভিযান শুরু করি। শুক্রবার ভোরে চট্টগ্রামের পটিয়া থেকে তাকে সপরিবারে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল।’ শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পুলিশের ঢাকা ও চাঁদপুরের একাধিক তদন্তকারী দল পিন্টু দাসকে জিজ্ঞাসাবাদ করে। তবে তার কাছ থেকে সাম্প্রদায়িক নাশকতা বা বড় কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি। গ্রাহকদের টাকা ও স্বর্ণ আত্মসাতের বিষয়টি নিশ্চিত হওয়ায় একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আজ (শনিবার) সকালে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মো. মনসুর খানের ছেলে মো. রাসেল খান বাদী হয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আর্থিক প্রয়োজনে তিনি এবং আরও ৫-৬ জন ব্যক্তি বিভিন্ন সময়ে পিন্টু দাসের দোকানে স্বর্ণের চেইন, কানের দুল, লকেটসহ নানা অলংকার বন্ধক রেখে নগদ টাকা ঋণ নিয়েছিলেন। পরে ঋণের মূল টাকা পরিশোধ করে বন্ধকি স্বর্ণালংকার ফেরত চাইলে পিন্টু দাস টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পিন্টু দাসের কাছে বর্তমানে তার প্রায় ৮ লাখ টাকার স্বর্ণালংকার পাওনা আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ, বাড়বে কর্মসংস্থানের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


শাহরাস্তিতে আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ, বাড়বে কর্মসংস্থানের সুযোগ

 

জেলা পরিষদ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী, কালিয়াপাড়া ও হোসেনপুর বাজারে আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সহযোগিতা ও ইচ্ছার ভিত্তিতে এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হবে। শনিবার (২৯ আগস্ট) সারা দিন শাহরাস্তির কালিয়াপাড়া, চিতোষী ও হোসেনপুর বাজার পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম এই তথ্য প্রকাশ করেন।

জেলা পরিষদ প্রশাসক পরিদর্শনকালে মন্তব্য করেন, "জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে জেলার তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। রাজস্ব বৃদ্ধি এবং জনগণের কল্যাণের জন্য জেলার প্রতিটি উপজেলায় আধুনিক মার্কেট নির্মাণ করা হবে।" তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং উন্নয়নমূলক এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।

পরিদর্শনের সময় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া, জেলা পরিষদের প্রকৌশলীগণ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টদের মতে, এই মার্কেটগুলো নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন অনেক গুণ ত্বরান্বিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তামিম (২৪) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বাইক গ্রুপের একটি মিটআপ শেষ করে ঘুরতে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছানোর পর গ্রুপের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পানিতে পড়ে যায়। বাইকের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত তামিমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী এলাকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দা এলাকায় ভুয়া পুলিশ পরিচয় দানকারী ৩ ছিনতাইকারি গ্রেফতার, হ্যান্ডকাফ, স্বর্ণালংকার, মোবাইল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


নওগাঁ মান্দা এলাকায় ভুয়া পুলিশ পরিচয় দানকারী ৩ ছিনতাইকারি গ্রেফতার, হ্যান্ডকাফ, স্বর্ণালংকার, মোবাইল উদ্ধার

অদ্য ২৯/৮/২৬ খ্রিঃ ১১.০০ ঘটিকার দিকে মান্দা থানাধীন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের এক ব্যক্তি বিপুল কুমারের বাড়িতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে আসামিরা। আসামিরা হলেন ১। মোঃ মানিক হোসেন (৩৪), পিতা মফিজ উদ্দন, সাং চাপড়া, ২। মোঃ এনামুল হক, পিতা মৃত তোজাম্জেল হক, সাং দক্ষিণ দাউদপুর, উভয় থানা - বিরামপুর, ৩। মোঃ মাহবুব হাসান মুন্না (৩৯), পিতা মোঃ ইউসুফ খলিফা, সাং মুক্তারপুর, থানা- ফুলবাড়ি, সর্ব জেলা দিনাজপুর। তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিপুলের বাড়িতে প্রবেশ করে।

প্রতারকরা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদী বিপুলের পিতা শুকুমার চন্দ্র এবং চাচা সবুজ কুমারকে হাতকড়া পরিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। তারা বাদীর স্ত্রী, মা ও শাশুড়ীকে ভয় দেখিয়ে বাড়ির প্রতিটি কক্ষ এবং বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বাদী ও স্থানীয় লোকজন তাদের সন্দেহ করে পিছু নিয়ে ধাওয়া করে।

এক পর্যায়ে বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় অদ্য ২৯/০৮/২০২৬ ইং ১১.৪০ ঘটিকার সময়ে বেশ কিছু জনগণ ছিনতাইকারী ভুয়া পুলিশ পরিচয়দানকারীদের আটক করতে সক্ষম হয়। স্থানীয় জনগণ ছিনতাইকারীদের উত্তম-মাধ্যম দেয়। এই সংবাদ পাওয়ার পর পুলিশ সুপার, নওগাঁ মান্দা থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন। পরবর্তীতে মান্দা থানা পুলিশ, বাঘমারা থানা পুলিশের সহায়তায় উক্ত আসামিদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আসামিদের বিরুদ্ধে কঠোর নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


চট্টগ্রামে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে বিক্ষোভ

 

পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ড এলাকার জমি বন্ধক রেখে স্থানীয় জনগণের জন্য পুনরায় ঋণ সুবিধা পাওয়ার প্রক্রিয়া চালুর দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের হ্যাপি মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বনরূপা সেএনজি স্টেশন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মুজিবর রহমান।

সমাবেশের সঞ্চালক ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম। বক্তৃতা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোঃ রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, খাগড়াছড়ি জেলার আহবায়ক আব্দুল মজিদ, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, মহিলা পরিষদের সভাপতি মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দীর্ঘ ছয় বছর ধরে বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজারফান্ড জমি বন্ধক দিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এর ফলে ব্যবসার পরিধি সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, এবং বেকারত্বের হার বাড়ছে। একই সময়ে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, ২০১৭ সালে রাঙ্গামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা দাবি করেন, বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা যতদিন অবসান না হবে, ততদিন পাহাড়ের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হতে থাকবে। তাই পার্বত্য চট্টগ্রামে পূর্বের ন্যায় বাজার ফান্ডের আওতাধীন জমি বন্ধকী কার্যক্রম চালুসহ সৃষ্ট জটিলতা নিরসনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। যদি দ্রুত এই সমস্যা সমাধান না করা হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%