০৭:২৬ পি.এম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আহমদ ওয়াহিদি নতুন একটি ভূগর্ভস্থ দ্বৈত-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা ‘মিসাইল সিটি’ পরিদর্শন করেছেন এবং শত্রুদের জন্য ‘অপমানজনক ও শোচনীয় পরাজয়ের’ হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে জানা গেছে, পরিদর্শনের সময় তিনি শত্রুদের জন্য একটি কঠোর বার্তা প্রদান করেন। জেনারেল ওয়াহিদি বলেন, "শত্রুদের জন্য যা ঘটছে তা কেবল শুরু মাত্র; সামনে তাদের আরও অপমান ও শোচনীয় পরাজয় প্রত্যক্ষ করতে হবে এবং মিথ্যার ওপর সত্যের বিজয় ঘটবে।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। তিনি জানান, স্থাপনাটির সামরিক সক্ষমতা ও সর্বশেষ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কে কমান্ডার-ইন-চিফকে অবহিত করা হয়।
আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী
জেনারেল মাজিদ মুসাভি আরও জানান, গত সংঘাতের পর থেকে ইরানের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি মন্তব্য করেন, "যেকোনো হুমকি মোকাবিলায় আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই রয়েছে।"
উল্লেখ্য, এই ভূগর্ভস্থ স্থাপনায় আধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে, যা ইরানের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতাকে আরও জোরদার করেছে। সূত্র: তাসনিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন