প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলে বর্তমানে মাঠজুড়ে ধানের দৃশ্য মনোযোগ আকর্ষণ করছে। ইতোমধ্যে কিছু জায়গায় ধান পেকে নুয়ে পড়েছে, আবার কোথাও কাটা ধান জমিতে ফেলে রাখা হয়েছে। অন্যদিকে, কিছু কৃষক আগেভাগেই ধান কেটে বাড়ির উঠানে রেখেছেন।
এমন পরিস্থিতিতে বৈরী আবহাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কৃষকরা বলছেন, যদি সময়মতো ধান ঘরে তুলতে না পারেন, তাহলে তাদের কষ্টের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, আটঘরিয়ার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে রোপা আমন ধান কাটার কাজ চলছে। কৃষকদের অনেকেই জমির বেশির ভাগ ধান কেটে ফেলেছেন। তবে বৃষ্টির কারণে কাটা ধান শুকানো এবং মাড়াই নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে, জমিতে থাকা পাকা ধান দ্রুত কাটতে না পারলে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ পরিদর্শন করে দেখা গেছে, কিছু জমিতে কাটা ধান স্তূপ করে রাখা হয়েছে। কোথাও ধানের গাছ নুয়ে পড়েছে এবং কিছু কৃষক কষ্ট করে কেটে আনা ধান বাড়ির উঠানে মেলে দিয়েছেন। গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানোর কাজ বাধাগ্রস্ত হয়েছে।
কৃষক জাহাঙ্গীর আলম, রবিউল, আব্দুস সালাম, কবিরসহ অনেকেই জানিয়েছেন, "সারা বছর অনেক কষ্ট করে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান কাটার সময়। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তায় পড়েছি। জমিতে যে ধান আছে, সেগুলো দ্রুত কাটতে হবে। আর কাটা ধান ভিজে গেলে শুকানো ও মাড়াই করতে সমস্যা হবে। আবহাওয়া ভালো না হলে লোকসানের আশঙ্কা রয়েছে।"
আরেক কৃষক ফজলুর রহমান, আবিদ বলেন, "অনেক কষ্ট করে ধান কেটে বাড়ির উঠানে তুলেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে দ্রুত মাড়াই করব। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। জমিতে এখনো কিছু ধান রয়েছে। বৃষ্টি বাড়লে সেগুলোরও ক্ষতি হতে পারে। এ সময় বৃষ্টি কৃষকের জন্য খুবই দুশ্চিন্তার।"
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। ফলে আগের ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে বৃষ্টির কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের।
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক বলেন, "ধান পাকার পর জমিতে বেশি সময় ফেলে রাখা ঠিক নয়। যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। কাটা ধান বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব পানি ঝরিয়ে রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে। জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।"
আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না জানান, চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এখন পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
এদিকে কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হবে। তারা নির্বিঘ্নে পাকা ধান ঘরে তুলতে পারবেন। কারণ এই ধান শুধুমাত্র একটি মৌসুমের ফসল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের সারা বছরের পরিশ্রম, ঋণ পরিশোধ এবং পরিবারের ভরণপোষণের স্বপ্ন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন