০৭:৪৫ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদপানে অন্তত ১১ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় ১৮০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং এক বিবৃতিতে জানান, ওই মদপানের পর ভুক্তভোগীরা অসুস্থ হয়ে পড়েন।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
আরও পড়ুন: গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী
মুখ্যমন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেন, ‘দুটি হাসপাতালে এ পর্যন্ত ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন এবং গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে।’
তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার কথা ঘোষণা করেছেন।
ভারতে অবৈধ বা ভেজাল মদপানে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে বিক্রি হওয়া এসব সস্তা মদে অনেক সময় অত্যন্ত বিষাক্ত শিল্প-রাসায়নিক ‘মিথানল’ মেশানো থাকে।
এর আগে গত মে মাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে ও পার্শ্ববর্তী পিম্পরি-চিঞ্চওয়াড়ে মিথানল মেশানো অবৈধ মদপানে অন্তত ১৫ জনের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে
এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে গুজরাটের ভাবনগর জেলায় বিষাক্ত মদপানে ১৩ জন মারা যান এবং ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন।
ভারতজুড়ে এ ধরনের অবৈধ মদের ব্যাপক প্রচলন রয়েছে, যেখানে এক বোতল মদ অনেক সময় এক ডলারেরও কম দামে বিক্রি হয়। শরীরে মিথানলের মাত্রা বেশি হলে তা অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন