০৭:৪৬ পি.এম
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে জোরারগঞ্জ থানা-পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অস্ত্র নিয়ে দুই ব্যক্তি যাত্রা করছেন। এই তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল পাঁচটার দিকে নয়টিলা মাজার গেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ।
বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জাপানি তৈরি একটি ৭.৬২ মি.মি. পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম মন্তব্য করেন, অস্ত্রের চালানচক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন