০৭:৪৬ পি.এম
সমাজে অরাজকতা, নাশকতা ও অন্যায়ভাবে মানুষ হত্যাকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে, এসব অপরাধের প্রকৃতি অনুযায়ী যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকিহ মুফতী মুহাম্মদ আব্দুল মালেক। তিনি শুক্রবার জুমার খুতবায় এই বক্তব্য দেন।
জুমার খুতবায় খতিব উল্লেখ করেন, দেশকে জালিমের হাতে ছেড়ে দেওয়া এবং মজলুমকে জালিমের জুলুমের মুখে অসহায় অবস্থায় ফেলে রাখা কখনোই গ্রহণযোগ্য নয়। এটি সরকারের জন্য হারাম ও অপরাধ, পাশাপাশি সমাজের দায়িত্বশীল এবং কোনো মুসলমানের জন্যও এটি গ্রহণযোগ্য নয়।
মুফতী আব্দুল মালেক বলেন, সরকার আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের মূল দায়িত্ব হলো আল্লাহর সৃষ্টির মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি কোনো মাখলুকের ওপর জুলুম হয়, তবে সরকারের উচিত মজলুমের পক্ষে দাঁড়ানো এবং জালিমকে নিয়ন্ত্রণ করা। তিনি আরও বলেন, জমিনে বিশৃঙ্খলা (ফাসাদ) সৃষ্টি করার শাস্তি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন; হক্কানি আলেমরা তা প্রচার করবেন এবং এর বাস্তবায়নের দায়িত্ব সরকারের। জালিম যেই হোক, তার জুলুমের জন্য প্রযোজ্য শাস্তি কার্যকর করা সরকারের কর্তব্য।
আরও পড়ুন: চরমোনাইয়ের মাহফিলের নতুন তারিখ ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ
জালিমের পরিচয় ভুলে তার বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খতিব বলেন, জালিম যে দলের, বংশের বা পরিবারেরই হোক না কেন, তার জুলুম থেকে ফিরে না আসা পর্যন্ত তার পক্ষে অবস্থান নেওয়া উচিত নয়। বরং জালিমকে জুলুম থেকে বিরত রাখাই প্রকৃত সাহায্য। তিনি বলেন, জালিমকে আশ্রয় দেওয়া বা তার পক্ষে কোনো ভূমিকা পালন করা গুনাহের সমান।
এছাড়া, বায়তুল মোকাররমের খতিব সতর্ক করেন যে, কোনো মুসলিম বা অমুসলিমকে অকারণে ভয় দেখানো বা আতঙ্কিত করা ইসলামের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ।
খুতবায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ফকিহ আব্দুল মালেক বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক গণমাধ্যমের কোনো সাংবাদিকের জন্য জালিমের পক্ষে একটি কলাম বা একটি লাইনও লেখা গ্রহণযোগ্য নয়। বরং তাদের নৈতিক ও ইমানি দায়িত্ব হলো জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে কথা বলা।
আরও পড়ুন: শায়খ আহমাদুল্লাহ: প্রেমে ব্যর্থতা বিয়ের প্রতি অনীহা নির্বুদ্ধিতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন