০৪:১৮ পি.এম
রাশিয়া ইউক্রেনের একটি মেডিসিন গোডাউনে ড্রোন হামলা করেছে। রবিবার (৫ অক্টোবর) সুমি শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলার ফলে একজনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনার পর দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে, ওই ওষুধের গোডাউনটি কুসুম গ্রুপ নামে একটি ভারতীয় ফার্মা কোম্পানির। তবে কুসুম গ্রুপ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত শনিবার মাঝরাত থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৫০টিরও বেশি ছিল জেটচালিত। সকালে ওই মেডিসিন গোডাউনে একাধিক ড্রোন আছড়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে গোডাউনটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: মোজতবা খামেনি বাবার পথ বেছে নিয়েছেন, সরকার উৎখাতই একমাত্র উপায়: নেতানিয়াহু
দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা জানায়, সুমির ওই ওষুধের কারখানাটি ভারতীয় মালিকানাধীন এবং সেখানে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ তৈরি হতো।
সুমি ছাড়াও কিয়েভ, ডিনিপ্রো, খারকিভ, দোনেৎস্ক এবং জাপোরিঝঝিয়াতেও রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। রুশ বাহিনী মূলত আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।
হামলার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সেবাও ব্যাহত হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নিহতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হবে। জেলেনস্কিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকির কারণে বদর প্রতিরক্ষা চুক্তি
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়ার নতুন বিমান হামলার জবাবে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলিতে হামলা বাড়াবে। তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন