১০:১১ এম
সৌদি আরবের সরকার অবৈধভাবে অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে। দেশটিতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড ও নির্বাসনের মুখোমুখি হতে হবে।
সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ লাখ টাকারও বেশি।
আরও পড়ুন: বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক প্রদর্শনী
জরিমানার পাশাপাশি অপরাধীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হবে এবং এরপর তাকে সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান না করেন, সেটা নিশ্চিত করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা সন্দেহজনক মনে হলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে।
এই তথ্য জানানোর জন্য একটি হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন। দেশের অন্য সব অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ৫.৮৪ কোটি রুপির স্বর্ণ চোরাচালান জব্দ
মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজার রক্ষা করা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ বর্তমানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেই নতুন এই নির্দেশনা জারি করা হলো।
সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন