০৭:৪৩ পি.এম
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশালের ঐতিহ্যবাহী ভাজা ইলিশ ও শচীন ঘোষের রসমালাইয়ের স্বাদে আপ্লুত হয়েছেন।
তিনি সোমবার (১০ আগস্ট) সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে দেশীয় আতিথেয়তার অভিজ্ঞতা নেন। কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজটি বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে পরিণত হয়। এর আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।
দুপুরের আয়োজনে অতিথিকে বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে স্বাগত জানানো হয়। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ হিসেবে ইলিশসহ নানা ধরনের মাছ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চির পরিচিত দেশীয় খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
জানতে পারা যায়, খাবারের টেবিলে একদিকে ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। নানা পদের এই আয়োজনের মাধ্যমে বিদেশি অতিথির সামনে বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ তুলে ধরা হয়।
মধ্যাহ্নভোজের শেষ পর্বেও স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া ছিল। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।
বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ- সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন