ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ওসমানী হাসপাতালে

ওয়ার্ড বয়-ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ


ওয়ার্ড বয়-ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডিউটিরত বেসরকারি নার্সিং কলেজের একাধিক ছাত্রীকে ইভটিজিং এবং অশোভন আচরণের অভিযোগের প্রেক্ষাপটে ওয়ার্ড বয় (আউটসোর্সিং স্টাফ) এবং ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতালের সামনে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা।

জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের আউটডোর ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেসিং রুমে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন সুরমা নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ (২১), আল-আমিন নার্সিং কলেজের ছাত্র রবিউল আউয়াল শুভ (২৩) এবং ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থী প্রীতম রঞ্জন দাস (২৩)। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ইন্টার্ন ডিউটিতে থাকা বেসরকারি নার্সিং কলেজের দুই শিক্ষার্থীর সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং স্টাফ জামাল ও অঞ্জন সরকার দীর্ঘদিন ধরে অশোভন আচরণ এবং ইভটিজিং করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি ইন্টার্ন অ্যাসোসিয়েশনের নেতাদের জানালে বুধবার কয়েকজন শিক্ষার্থী নার্সিং স্টাফ মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলতে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে, ওয়ার্ড বয় জামাল উত্তেজিত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মাইনর ওটির কাচ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে তিনজন ইন্টার্ন নার্সিং শিক্ষার্থী আহত হন।

 

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, জামাল ও অঞ্জন সরকার দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত এবং অশালীন মন্তব্য করে আসছিলেন। বিষয়টি এর আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ একই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তারা হামলার শিকার হন। প্রতিবাদের অংশ হিসেবে বৃহস্পতিবার ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন এবং হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মোহাম্মদ বদরুল আমিন বলেন, "ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। বর্তমানে হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:০৪ এম


ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং ডেল্টা অর্থনীতি শক্তিশালী করার জন্য ব্লু কার্বন ফাইন্যান্স অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার, ব্যাংকক, থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) এবং ল্যান্ডস্কেপ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত জলবায়ু কার্যক্রম ত্বরান্বিতকরণ: ব্লু কার্বন অর্থায়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক আন্তর্জাতিক সেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ব্লু কার্বন ইকোসিস্টেমকে জলবায়ু সম্পদ, কমিউনিটি সম্পদ এবং উন্নয়ন সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।

এ বিষয়ে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া, জলবায়ু অভিবাসনের বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে অভ্যন্তরীণভাবে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে।

এ বাস্তবতায়, বাংলাদেশে ম্যানগ্রোভ বন ও উপকূলীয় জলাভূমি শুধুমাত্র পরিবেশগত সম্পদ নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় জলবায়ু অবকাঠামো।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অত্যন্ত সজাগ রয়েছে।

এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ও বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে সংযুক্ত।

বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ এ অঞ্চলের দেশগুলো ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় ক্ষয়ক্ষতির মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

সুতরাং, ব্লু কার্বন ম্যাপিং, কার্বন পরিমাপের অভিন্ন পদ্ধতি এবং আঞ্চলিক কার্বন মার্কেট গড়ে তুলতে সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ ক্ষেত্রে এসকাপ সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সেশনে পাকিস্তানের পরিবেশমন্ত্রী শেজরা মানসাব আলী খান খারাল, মালদ্বীপের পরিবেশমন্ত্রী আলী শরীফ, এসকাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং বিভিন্ন দেশের পরিবেশমন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেজছাত্র রুমন হত্যায় অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:০৯ এম


কলেজছাত্র রুমন হত্যায় অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

গাইবান্ধা জেলার সরদ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাহমিদ রুমন মিয়া (১৯) নামের কলেজছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্ত রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। অপরদিকে, নাসিরুল আহসান আকিব, রেজাউল করিম ছানার ছেলে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে একই গ্রামের ছানা মিয়ার সঙ্গে রুমনদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছানা মিয়া ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে ফারদিন রুহিতের ওপর হামলা চালান। এসময় বড় ভাইকে রক্ষা করতে রুমন মিয়া এগিয়ে এলে তাকে উপর্যুপ রিছুরিকাঘাত করা হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজছাত্র রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় মামলা হলে আসামিরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প, র‌্যাব-১৩ এবং সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানাধীন বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এএইচএম রেজাউল করিম ছানাকে গ্রেফতার করা হয়। এছাড়া আসামি নাসিরুল আহসান আকিবকে শ্রীপুর মডেল থানাধীন মাওনা বাজার রোড খোদাবক্স সুপার মার্কেটের এলাকা থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ এম


সুন্দরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি দরিদ্র, অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের মধ্যে ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমানের হাত দিয়ে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার শান্তিরাম, ধোপাডাঙ্গা, রামজীবন ও দহবন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে সহায়তার চেকগুলো তুলে দেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নদীভাঙন, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর রামজীবন, ধোপাডাঙ্গা, শান্তিরাম, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের ১৮৬টি পরিবারের মধ্যে মোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণকালে সংসদ সদস্য অধ্যাপক মো. মজেদুর রহমান বলেন, ‘সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে। কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে সরকার নিরন্তর সহায়তা করে চলেছে। এর পাশাপাশি, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের সক্ষম মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত।’

এদিকে, একই কর্মসূচির আওতায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত উপজেলার দহবন্দ ইউনিয়নের ২৬১টি পরিবার এবং শান্তিরাম ইউনিয়নের ১৬৩টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে সরকারি জিআর চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সরকার হাসেমুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: ইরানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ এম


হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: ইরানের সতর্কবার্তা

ইরানের সামরিক সদর দফতর সতর্ক করে দিয়েছে যে, সকল বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরান-নির্ধারিত সামুদ্রিক রুট গ্রহণ করতে বাধ্য।

বৃহস্পতিবার (২ জুলাই) আল জাজিরার খবরে এই তথ্য প্রকাশিত হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর এক পূর্ব ঘোষণায় বলছে, ‘হরমুজ প্রণালীতে মার্কিন মداخلতার জন্য সশস্ত্র বাহিনী একটি সিদ্ধান্তমূলক এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদান করবে।’

‘হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, বরং ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের এলাকা।’ সেই বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়।

এদিকে, ফারস নিউজ এজেন্সি ঐ বিবৃতি উদ্ধৃত করে জানায়, ‘এই গুরুত্বপূর্ণ জলপথের স্থিতিশীলতার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%