বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১০ পি.এম
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান ও সামরিক হামলায় নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এই তথ্য ইরানি গণমাধ্যমের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত রাতে দেশের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালায়। এই হামলার ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
প্রাণহানির বিস্তারিত পরিসংখ্যান
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নিহতদের তালিকা নিচে উল্লেখ করা হলো:
খুজেস্তান প্রদেশ: এখানে হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে; প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন।
কুহেস্তাক: বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন।
কেরমানশাহ: ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৪ জন সদস্য নিহত হয়েছেন।
লাভান দ্বীপ: আধা-সামরিক বাহিনী 'বাসিজ'-এর ৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
জাহরোম / ফার্স প্রদেশ: ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে এই হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে এবং অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদন্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রুবেল এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এলিন ও শুভ কুমার পলাতক রয়েছেন। মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মাদক কারবারি জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে আদালত খালাস দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাংবাদিক উৎস রহমানের পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান রংপুরের একটি স্থানীয় দৈনিক যুগের আলো কার্যালয়ে গিয়েছিলেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা নুরজাহান বেগম নুরী রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে আদালত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ ১০ বছর ৯ মাসের বিচারকার্য শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন। মামলার বাদী নুরজাহান বেগম জানান, "এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।" তিনি আরও বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল ও বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ জানান, মামলার মূল অভিযুক্ত জহিরন আক্তার জুঁই ওরফে গেদিকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যা করিয়েছে।
তবে আদালত হত্যাকান্ডের মাস্টার মাইন্ডকেই খালাস দিয়েছে। এ রায়ে আইনজীবীসহ নিহতের পরিবার সংক্ষুব্ধ। তারা জানান, এ মামলার বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। হত্যার পর মূলহোতা পার পেয়ে গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই কোর্সটি আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কোর্সটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। আর মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রমের মতো একটি উদ্যোগে উপস্থিত হতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।"
তিনি আরও বলেন, "মহান আল্লাহ মানুষকে তার বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বাংলাদেশে বিভিন্ন সময়ে বহু আউলিয়া-দরবেশের আগমন ঘটেছে এবং তাদের মাধ্যমে এ দেশে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসার লাভ করেছে।"
উপাচার্য বলেন, "বাংলাদেশের সমাজে সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা ও মূল্যবোধকে এগিয়ে নিতে কোরআন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ সৃষ্টির এ উদ্যোগ প্রশংসনীয়।" তিনি এই কর্মসূচির সফলতা কামনা করেন।
উদ্বোধকের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "শুধু কোরআন তেলাওয়াত করাই নয়, এর ব্যাখ্যা-বিশ্লেষণ ও অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করাও প্রয়োজন।" তিনি সকলকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা প্রদানের লক্ষ্যে এই কোর্স চালু করা হয়েছে। এর মাধ্যমে আগ্রহীরা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়া, তেলাওয়াতের প্রয়োজনীয় নিয়ম-কানুন শেখা এবং কোরআন শিক্ষার সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের বিশ্বনাথে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, উপজেলা লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও পূর্বপাড়া গ্রামের মো. আরশদ আলীর ছেলে মংলা মিয়া (৫৬) এবং অন্যজন হলেন মির্জারগাঁও মাঝপাড়া গ্রামের মো. মিয়ার ছেলে সৈয়দ মিয়া (৪৫)।
বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের সিলেট আদালতে সোর্পোদ করা হয়। এর আগে, গত মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) রাতে নিজ গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় উভয়ের দেহ তল্লাশি করে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দুইজন পেশাদার মাদক কারবারি। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেফতারের পর মংলা মিয়ার কাছ থেকে ১০০ পিস এবং সৈয়দ মিয়ার কাছ থেকে আরও ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ “পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০২ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করা কেবল একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক অঙ্গীকার। মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার, শিক্ষা ও নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকা আমাদের প্রাতিষ্ঠানিক ও নৈতিক দায়িত্ব।
উপাচার্য দেশে ইভটিজিং, অনলাইন সাইবার হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কেবল আইন বা প্রাতিষ্ঠানিক নীতিমালাই যথেষ্ট নয়, বরং মানসিকতার পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলা, যেখানে কোনো নারী, শিক্ষার্থী বা কর্মী ভয়ের মধ্যে থাকবেন না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বেরোবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএন ওমেন বাংলাদেশ এর প্রোগ্রাম এনালিস্ট তশিবা কাশেম, আইন ও শালিস কেন্দ্রের উপদেষ্টা মুবারক মোহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সচেতনতামূলক কর্মশালা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ