প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই কোর্সটি আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কোর্সটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। আর মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রমের মতো একটি উদ্যোগে উপস্থিত হতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।"
তিনি আরও বলেন, "মহান আল্লাহ মানুষকে তার বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বাংলাদেশে বিভিন্ন সময়ে বহু আউলিয়া-দরবেশের আগমন ঘটেছে এবং তাদের মাধ্যমে এ দেশে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসার লাভ করেছে।"
উপাচার্য বলেন, "বাংলাদেশের সমাজে সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা ও মূল্যবোধকে এগিয়ে নিতে কোরআন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ সৃষ্টির এ উদ্যোগ প্রশংসনীয়।" তিনি এই কর্মসূচির সফলতা কামনা করেন।
উদ্বোধকের বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, "শুধু কোরআন তেলাওয়াত করাই নয়, এর ব্যাখ্যা-বিশ্লেষণ ও অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করাও প্রয়োজন।" তিনি সকলকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা প্রদানের লক্ষ্যে এই কোর্স চালু করা হয়েছে। এর মাধ্যমে আগ্রহীরা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়া, তেলাওয়াতের প্রয়োজনীয় নিয়ম-কানুন শেখা এবং কোরআন শিক্ষার সুযোগ পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন