০১:৪৬ পি.এম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে অংশগ্রহণে ছেলেরা এগিয়ে থাকলেও পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এই বোর্ডের পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
আজ সোমবার (১০) জুলাই প্রকাশিত এসএসসির ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিন সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ বোর্ডে মোট অংশগ্রহণকারী ছিলেন ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ৮৭৭ জন।
মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ১৫১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬০ হাজার ২৭৪ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩৭২ জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।
পাসের হার ছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭৯ জন এবং ছেলে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬২১ জন।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা।
এ চারটি জেলার মোট ১ হাজার ৩৪৪ জন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, এ বছর পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। সেখানে পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। ৫৭ দশমিক ৮০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা। তৃতীয় স্থানে থাকা জামালপুর জেলার পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং চতুর্থ স্থানে থাকা শেরপুর জেলায় পাস করেছে ৫৫ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফল থেকে আরো জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ। মানবিকে এ হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৪৮ দশমিক ৯৯ শতাংশ।
আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক
প্রকাশিত ফলাফল থেকে আরো জানা যায়, চলতি বছর ময়মনসিংহ বোর্ডে ১০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক বলেন, বিগত বছরগুলোতে পড়াশোনা খুব কম করেও ভালো ফলাফল করত শিক্ষার্থীরা। এই কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনাবিমুখ হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে এ বছরের ফলাফলে। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আগামীতে সর্বোচ্চ কাজ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন