১১:৫৫ পি.এম
কুমিল্লার কোটবাড়ির সবুজ ও লালমাটির পাহাড় দ্বারা পরিবেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন-ইউএসটি) তাদের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন করেছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিদেশি অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে 'সিসিএন-ইউএসটি টুয়েলভ ইয়ারস অব এক্সেলেন্স' উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ড. ড্যানিলো এস. আলটেরাডো এবং শ্রীলঙ্কার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর ড. শ্যারোনাথ পুরুষোথেমেন।
আরও পড়ুন: যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রবিবার সকালে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুই শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। তাঁরা উচ্চশিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহত্তর কুমিল্লার প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাচীন শিক্ষা ও সভ্যতার ঐতিহাসিক কেন্দ্র কোটবাড়ির প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০১৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন লাভের পর ২০১৫ সালের মে মাসে একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক সংযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই অনন্য অবস্থান তৈরি করেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্বের প্রায় ৮০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক রয়েছে।
আরও পড়ুন: স্কুল-কলেজের এমপিও নীতিমালায় পরিবর্তনের প্রস্তাব, বাড়বে সুবিধা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন