ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব


প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ফল উৎসব

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল ফল উৎসবের আয়োজন করেছে, যেখানে ৬২ প্রকার ফলের সমারোহ অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমার দায়িত্ব পালনকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যতগুলো কার্যক্রম দেখেছি, সবগুলোই আমাকে বিমোহিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রচলিত কর্মসূচির পাশাপাশি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগ গ্রহণ করে থাকে, যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে।’

আরও পড়ুন: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি মিরাজ, সম্পাদক ইনান

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যতম ও ব্যতিক্রমী। জুলাই গণ-অভ্যুত্থানসহ সব ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব কাজ করে গেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মুনেম মন্তব্য করেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রদলের ফল বিতরণের উদ্যোগটি ব্যতিক্রমী ও প্রশংসনীয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরি করে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন সৃজনশীল ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত বলে আমি মনে করি।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কাদের প্লাবন বলেন, ‘ছাত্রদলের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। তবে এ ধরনের কর্মসূচি যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকে।’

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৃথিবীর নতুন অস্থায়ী সঙ্গী ‘মিনি মুন’ ২০২৬ কিউকিউ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


পৃথিবীর নতুন অস্থায়ী সঙ্গী ‘মিনি মুন’ ২০২৬ কিউকিউ৮

পৃথিবীর আকাশে বর্তমানে একটি নতুন চাঁদ ঘুরে বেড়াচ্ছে। তবে এটি স্থায়ী উপগ্রহ নয়, বরং একটি ক্ষুদ্র গ্রহাণু। গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে এটি। এই ক্ষুদ্র গ্রহাণুর ব্যাস প্রায় ২ মিটার (৬ ফুট) এবং আগামী ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই সাময়িক উপগ্রহটিকে ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ হিসেবে অভিহিত করা হচ্ছে। গ্রহাণুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ বা তার ভাঙা অংশ কিনা, তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।

সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে এই বস্তুর নামকরণ করেছে ‘২০২৬ কিউকিউ৮’। এই সংস্থাটি সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু এবং অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে।

‘মিনি মুন’ নামটি কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক নাম নয়। এর আগে পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরে বেড়ানো কিছু প্রাকৃতিক বস্তুর ক্ষেত্রেও বিজ্ঞানীরা এই শব্দটি ব্যবহার করেছেন। এর মধ্যে একটি বস্তু প্রায় এক বছর এবং অন্যটি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানিয়েছেন, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক উপগ্রহ থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে এমন একটি বস্তু থাকতে পারে। এগুলো সাধারণত কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো একাধিক বস্তু দেখা যায়।

এ ধরনের বস্তুর তালিকা তুলনামূলকভাবে ছোট হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অধিকাংশ গ্রহাণু আকারে খুব ছোট। অনেক সময় এগুলো পৃথিবী থেকে কিছুটা দূরে থাকে এবং দ্রুত গতিতে চলাচল করে। ফলে বর্তমান পর্যবেক্ষণ প্রযুক্তিতে এগুলো শনাক্ত করা কঠিন।

তবে ২০২৬ কিউকিউ৮ নিয়ে পৃথিবীর জন্য কোনো সংঘর্ষের আশঙ্কা নেই। যদি এটি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তবে আকার ছোট হওয়ায় এটি বায়ুমণ্ডলেই পুড়ে ভেঙে যাবে। পেইনের ভাষায়, এতে বড়জোর আকাশে উজ্জ্বল উল্কাপাত দেখা যাবে এবং সামান্য বিস্ফোরণের মতো শব্দ হতে পারে।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে স্বপ্নীল সজীবের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুরা কেক কাটলো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


জন্মদিনে স্বপ্নীল সজীবের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুরা কেক কাটলো

স্বপ্নীল সজীব, তরুণ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী, শনিবার (২১ নভেম্বর) তার জন্মদিন পালন করেছেন। তবে তিনি অন্যদের মতো হই হুল্লোড় করে দিনটি কাটাননি। বরং, তিনি তার বিশেষ দিনটি সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিশেষ করে তুলেছেন। জন্মদিনের দুপুরে, রাজধানীর কিছু সুবিধা বঞ্চিত শিশুর সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেছেন। এ ছাড়া, দোয়া ও মধ্যাহ্ণভোজের আয়োজনও ছিল।

স্বপ্নীল সজীব রবীন্দ্র সঙ্গীতশিল্পীদের প্রচলিত ধারা ভেঙে নিজস্ব পথ তৈরি করেছেন। রবীন্দ্রসংগীত, লোকগান কিংবা নিজের স্বতন্ত্র গীতিধারা, স্বপ্নীল সজীবের কণ্ঠে শ্রোতারা এক নিমগ্নতা অনুভব করেন। ২০১২ সালে ‘দ্য টেগোর ট্রেজারি’ অ্যালবামের মাধ্যমে তার যাত্রা শুরু হয়।

এরপর, বাংলাদেশ ও ভারতের বুকে একের পর এক রবীন্দ্রসংগীতের সংকলন এবং মৌলিক গানের প্রকাশনা হয়েছে; যেন এক অবারিত সংগীতজগতের বিস্তার। তার ৪টি একক অ্যালবামসহ বেশকিছু দর্শকনন্দিত মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

পুরস্কার ও সম্মান তার জীবনপৃষ্ঠায় এক অক্ষয় সংগীতলিপি হয়ে ধরা দেয়। শৈশবেই তিনি জাতীয় শিশু পুরস্কারের গোল্ড মেডেল অর্জন করেন। এরপর, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে প্রথম অর্জন কিশোর ও সাধারণ বিভাগে লাভ করেন।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সম্মানও অর্জন করেছেন। দুবাইয়ের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড, ভারতের সেরা বাঙ্গালী সম্মাননা, বাবিসাস অ্যাওয়ার্ড, বাইফা অ্যাওয়ার্ড, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, আমেরিকার আনন্দ মেলায় শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী সম্মান, ভারতের টেলি সিনে অ্যাওয়ার্ড, ২০২৪ সালে নিউ ইয়র্ক স্টেট সিনেট ও নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপ কাউন্সিলের বিশেষ স্বীকৃতি, ২০২৬ সালে নিউইয়র্ক মেয়র যোহরান মামদানির কাছ থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছেন এই শিল্পী।

তিনি ভারতের বিখ্যাত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও আমেরিকার ইউনিভার্সিটি অব মিনিসোটাতে অতিথি প্রভাষক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাংলা কবিগান ও গানের জাদুতে তিনি ৪৫টি দেশকে মোহিত করেছেন। স্বপ্নীল সজীব যুগলবন্দীতেও সৃষ্টি করেছেন সোনালি মুহূর্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই সাবেক পুলিশের নেশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


কিশোরীর সঙ্গে যৌন আলাপ করাই সাবেক পুলিশের নেশা

যুক্তরাজ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা ম্যাথিউ হান্টকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। হান্টের বয়স ২৭ বছর এবং তার বিরুদ্ধে যৌন যোগাযোগ ও সরকারি দায়িত্বের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।

লেস্টার ক্রাউন কোর্টে অনুষ্ঠিত শুনানিতে জানানো হয়, ২০২৪ সালে নিখোঁজ এক কিশোরীর সন্ধানে গিয়ে হান্টের সঙ্গে পরিচয় ঘটে। ওই সময় কিশোরীর বয়স ছিল মাত্র ১৪ বছর। পরে তিনি কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তার প্রস্তাব দেন এবং পরিবারের সদস্যদের নিজের ব্যক্তিগত যোগাযোগের নম্বরও দেন।

শুরুতে পুলিশি দায়িত্বের অংশ হিসেবে যোগাযোগ হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্কের দিকে মোড় নেয়। হান্ট কিশোরীকে ম্যাকডোনাল্ডস ও আলটন টাওয়ার্সে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন এবং তাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেন।

আদালতে বলা হয়, কথোপকথনে হান্ট যৌনতা, পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি কিশোরীর যৌন অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা সম্পর্কেও প্রশ্ন করেন।

রায় ঘোষণার সময় বিচারক টিমোথি স্পেন্সার মন্তব্য করেন, কিশোরীটি স্পষ্টতই ঝুঁকিপূর্ণ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে হান্টের এই আচরণ সম্পূর্ণ অনুচিত ছিল।

এর আগে শৃঙ্খলাজনিত শুনানিতে হান্টকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তিনি পদত্যাগ করেন তার আগেই। পরে তাকে পুলিশ কর্মকর্তাদের নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

নর্থহ্যাম্পটনশায়ার পুলিশের তদন্ত কর্মকর্তা ডোনা ফ্লেমিং বলেন, "দায়িত্ব ও জনসাধারণের আস্থার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।" এ ঘটনার তদন্তে সহযোগিতা করায় ভুক্তভোগী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সূত্র: ইয়াহু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মহাসড়ক ঘেঁষে বালুর রমরমা ব্যবসা, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ভৈরবে মহাসড়ক ঘেঁষে বালুর রমরমা ব্যবসা, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

সওজের জায়গা দখল করে বালু মজুত ও বেচাকেনার অভিযোগ; লোড-আনলোডে উড়ছে ধুলা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, বালুর স্তূপের আড়ালে অপরাধীদের লুকিয়ে থাকার অভিযোগও


কিশোরগঞ্জের ভৈরব–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে খোলা জায়গায় বালু স্তূপ করে রাখা এবং সেখান থেকে নিয়মিত বালু লোড-আনলোড করার কারণে উড়ছে ধুলাবালি। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীবাহী যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি বালুর স্তূপের আড়ালে অপরাধীদের লুকিয়ে থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা চালানো হচ্ছে। এসব জায়গায় বালু মজুত করে রাখা হয়। পরে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে বালু ওঠানো-নামানোর সময় তা আশপাশে ছড়িয়ে পড়ে। সামান্য বাতাসেই বালুর সূক্ষ্ম কণা উড়ে মহাসড়কে চলাচলরত যানবাহন ও মানুষের চোখ-মুখে গিয়ে লাগে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

বিশেষ করে বালু লোড-আনলোডের সময় ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়েন বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীরা। বালু উড়ে চালকদের চোখে পড়ায় সামনের দৃশ্য দেখতে সমস্যা হয়। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। পথচারীদেরও ধুলাবালির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

শুধু মহাসড়কে চলাচলকারী মানুষই নন, আশপাশের বসতবাড়িতে বসবাসকারীরাও পড়েছেন ভোগান্তিতে। বাতাসে উড়ে আসা বালু ঘরের বারান্দা, জানালা, উঠান এমনকি ঘরের ভেতরেও জমা হচ্ছে। ফলে প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে বাসিন্দাদের। শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

মহাসড়কে চলাচলকারী চালক বাহার মিয়া ও আরিফ মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তার পাশে বালু রাখার কারণে বাতাস হলেই ধুলাবালি উড়ে গাড়ির সামনে চলে আসে। এতে সামনে দেখতে সমস্যা হয়। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বালু চোখে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টির দ্রুত সমাধান হলে সবার জন্য ভালো হবে।

জামাল নামে এক যাত্রী বলেন, বাস কিংবা অন্য যানবাহনে যাতায়াতের সময় বালু উড়ে এসে চোখে-মুখে লাগে। এতে যাত্রীদের পাশাপাশি চালকেরাও সমস্যায় পড়েন। মহাসড়কের পাশে এভাবে বালুর ব্যবসা চলতে থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে যাতায়াত করবে কীভাবে? সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।

আকবর মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, বালু উড়ে আমাদের বাড়িঘরেও এসে জমা হয়। দরজা-জানালা বন্ধ রাখলেও বাতাসে বালু ঘরের ভেতরে ঢুকে পড়ে। প্রতিদিন ঘর পরিষ্কার করতে হয়। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা বেশি চিন্তায় থাকি। এভাবে আর কত দিন চলতে হবে?

তিনি আরও অভিযোগ করেন, বালুর স্তূপের আড়ালে কিছু ডাকাত, ছিনতাইকারীরা লুকিয়ে থাকে। এতে আশপাশের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মহাসড়কের পাশে বালুর স্তূপ থাকায় আড়াল তৈরি হচ্ছে, যা অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ করে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সোহান বলেন, মহাসড়কে বালুর ব্যবসার কারণে সড়কে চলাচরত জনগণের অনেক সমস্যা হয়। যদি বালুর ব্যবসা করতে হয় তাহলে এখান থেকে সড়িয়ে নিয়ে অন্য জায়গায় ব্যবসা করলে সমস্যা সমাধান হবে। আমরা চাই কর্তৃপক্ষ যেন বিষয়টি সমাধান করে।

স্থানীয়দের মতে, মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার। এর সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন, পরিবেশে ধুলাবালির বিস্তার এবং সড়ক নিরাপত্তার ঝুঁকিও যুক্ত হয়েছে। বালু পরিবহনের জন্য মহাসড়কের পাশে ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখলে সড়কের স্বাভাবিক চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁদের দাবি, বালুর ব্যবসা পরিচালনার জন্য নির্দিষ্ট স্থান থাকতে হবে। বালু খোলা অবস্থায় না রেখে ঢেকে রাখা এবং লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সড়কের পাশে বালুর ব্যবসার বিষয়ে হাবিব ট্রেডার্সের মালিক বলেন, আমি উত্তরপাশে ব্যবসা করি তেমন সমস্যা হয়না। তবে যারা দক্ষিণ পাশে বালু রাখছে সেটার জন্য সমস্যা হয়।
তিনি আরও বলেন,আমরাতো রাস্তায় বালু রাখছি না। আগে রাস্তার দুপাশে গর্ত ছিলো যার কারণে দূর্ঘটনা হতো। আমরা বালু ফেলে ব্যবসার করার ফলে আর গর্তের মধ্যে পড়ে না। যদি রাস্তার কাজে সরকার জায়গা নিয়ে যায় তাহলে দিয়ে দিবো।

এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ), ভৈরবের স্বর্ণা আক্তার বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। যেখানে বালু স্তূপ করে রাখা হয়েছে, সেই জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। বালুর স্তূপের কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং সড়কের পাশে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালনার বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা তদারকি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় মহাসড়কের দুই পাশ থেকে অবৈধভাবে মজুত করা বালু সরানো, সওজের জায়গা দখলমুক্ত করা এবং বালু লোড-আনলোডের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসন দ্রুত সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এতে মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আশপাশের বাসিন্দারাও ধুলাবালির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%