১২:৪৯ পি.এম
ভারত থেকে প্রথম চালানে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে সাতক্ষীরায়। ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী এক-দুই দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে বাজারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি ট্রাকের মাধ্যমে কাঁচা মরিচের প্রথম চালান ভোমরা বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানিয়েছেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও, আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্তের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
সাতক্ষীরা শহরের বড়বাজার কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী উল্লেখ করেন, মাত্র ১৫ দিন আগেও জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হয়েছিল। তবে টানা বৃষ্টির কারণে সাতক্ষীরাসহ আশপাশের জেলার মরিচখেত পানিতে তলিয়ে গিয়ে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম ৩০০ টাকারও বেশি ওঠে।
তিনি আরও বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই সাতক্ষীরা বড়বাজারে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশা।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ এসেছে এবং মঙ্গলবার ও বুধবার আরও বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির প্রস্তুতি রয়েছে। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং মূল্য স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন